লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজ পবিত্র হজ পালিত 

Hello Bangla News | লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজ পবিত্র হজ পালিত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ময়দানে অবস্থান করবেন বিশ্বের
Hello Bangla News | লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজ পবিত্র হজ পালিত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ময়দানে অবস্থান করবেন বিশ্বের

www.HelloBangla.News অন্যান্য ৫ জুন, ২০২৫: আজ (বৃহস্পতিবার, ৫ জুন) পবিত্র হজ। ভোর থেকে দলে দলে হজযাত্রীরা মিনা থেকে আরাফাতের ময়দানে হাজির হচ্ছেন।

আরাফাতের ময়দান মুখর হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে।

সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ময়দানে অবস্থান করবেন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আসা লাখ লাখ মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা।

হাজার হাজার হাজি ফজরের আগেই আরাফার ময়দান, জাবালে রহমত পাহাড় ও তার আশপাশের সমতল ভূমিতে একত্রিত হতে শুরু করেন। এটি সেই ঐতিহাসিক স্থান যেখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) তার বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন।

অনেকেই গরম এড়াতে রঙিন ছাতা নিয়ে ভোরেই পৌঁছে গেছেন আরাফায়, দিনভর সেখানে কোরআন তিলাওয়াত ও দোয়ায় ব্যস্ত থাকবেন তারা। সূর্যাস্তের পর তারা আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশে রওনা হবেন।

মিনা ও আরাফার ময়দানের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি এলাকা মুজদালিফা। শয়তানকে প্রতীকি পাথর নিক্ষেপের রীতি অনুসরণের জন্য এখান থেকে তারা পাথর সংগ্রহ করবেন।

 

হজের খুতবায় মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ বলেছেন, মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা উচিত। মসজিদে নামিরায় হজের খুতবা প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঈমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ঈমানদারের বৈশিষ্ট্য। তিনি বলেন, শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা।

শায়খ সালেহ বিন হুমাইদ বলেন, আল্লাহ তায়ালা ইসলামকে মানবজাতির জন্য দ্বীন হিসেবে পছন্দ করেছেন। যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো, তাহলে আল্লাহ তোমাকে তাঁর বন্ধু বানিয়ে নেবেন।

তিনি আরও বলেন, সৎকর্ম পাপসমূহকে মুছে দেয়। তাই আমাদের উচিত যতটা সম্ভব নেক কাজের চেষ্টা করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহর এবাদত এমনভাবে করো যেন তুমি তাঁকে দেখছ।

মসজিদুল হারামের সাবেক ইমাম বলেন, ইসলাম ধর্মের তিনটি স্তর রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ স্তর হলো ‘ইহসান’। পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার, নম্রতা প্রদর্শন এবং প্রতিশ্রুতি পূরণ করাও ইসলামেরই অংশ। আর লজ্জাশীলতা বা হায়া হলো ঈমানের একটি শাখা।

শায়খ সালেহ বিন আবদুল্লাহ আরও বলেন, হজের সময় বেশি বেশি আল্লাহর জিকির (স্মরণ) করা উচিত, বেশি বেশি দোয়া করা উচিত এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করা উচিত। আল্লাহ বলেছেন, নেক কাজে একে অপরকে সাহায্য করো এবং মন্দ কাজে বাধা দাও।

পাহাড়ের গায়ে ও পাদদেশে শত শত হাজি সাদা ইহরামে প্রার্থনায় মগ্ন আছেন, কেউ ছবি তুলছেন।

সৌদি কর্তৃপক্ষ চলতি সপ্তাহের শুরুতে হাজিদের দুপুর ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁবুর ভেতরে থাকার নির্দেশনা দিয়েছে। কারণ এই সময় মরুভূমির রোদ সবচেয়ে তীব্র থাকে। আবহাওয়ার তাপমাত্রা ইতোমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

এদিকে হজকে নিরাপদ ও আরামদায়ক করতে ৪০টিরও বেশি সরকারি সংস্থা ও ২.৫ লাখ কর্মী নিয়োজিত করা হয়েছে। ছায়াযুক্ত স্থান ৫০ হাজার বর্গমিটার (১২ একর) বৃদ্ধি করা হয়েছে, ৪০০টিরও বেশি কুলিং ইউনিট স্থাপন করা হয়েছে এবং হাজার হাজার চিকিৎসাকর্মী প্রস্তুত রাখা হয়েছে।

 

পূর্ববর্তী আওয়ামী লীগের দুর্নীতিবাজরা না থাকায় বাজারে গরুর দাম কম: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন