Category: শিক্ষা

  • প্রাথমিকের শ্রেণি কার্যক্রম চালুর নির্দেশ

    প্রাথমিকের শ্রেণি কার্যক্রম চালুর নির্দেশ

    www.HelloBangla.News – শিক্ষা  – ১৩ আগস্ট, ২০২৪: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বন্ধ থাকা সব প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণি কার্যক্রম পূর্ণোদ্যমে চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    আজ মঙ্গলবার (১৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক এবং শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

    এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে পূর্ণোদ্যমে শ্রেনি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    শ্রেণি কা বন্দ থাকায় শিশু শিক্ষার্থীরা অনেকটাই নির্জীব হয়ে পড়েছে । তাই দ্রুত এই উদ্যোগ নিতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ।

    শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিশু শিক্ষার্থীরা অনেকটাই নির্জীব হয়ে পড়েছে । তাই দ্রুত এই উদ্যোগ নিতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ।

  • এইচএসসি পরীক্ষা সম্পর্কিত ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি সঠিক নয়

    এইচএসসি পরীক্ষা সম্পর্কিত ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি সঠিক নয়

    www.HelloBangla.News – শিক্ষা – ১২ আগস্ট, ২০২৪: এইচএসসি ও সমমান পরীক্ষা সম্পর্কিত ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    আজ সোমবার (১২ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

    এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি রবিবার (১১ আগস্ট) প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়।

    ‘এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষার সময়সূচি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। ’

    গত ৩০ জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা আবার স্থগিত করা হয়েছে।

  • অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা

    অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা

    www.HelloBangla.News – শিক্ষা – ৭ আগস্ট, ২০২৪: অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। আজ বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এতে সই করেছেন সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাইয়েদ এ. জেড মোরশেদ আলী।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়।

    চলমান পরিস্থিতিতে প্রথমে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

  • এই বাংলাদেশ উদ্ভাবন, সৃষ্টি আর সৃজনশীলতার ক্ষেত্র হোক: শিক্ষামন্ত্রী

    এই বাংলাদেশ উদ্ভাবন, সৃষ্টি আর সৃজনশীলতার ক্ষেত্র হোক: শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – শিক্ষা – ৪ আগস্ট, ২০২৪: এই বাংলাদেশ উদ্ভাবন, সৃষ্টি আর সৃজনশীলতার ক্ষেত্র হোক, বলে ভিরিফায়েড ফেসবুকে লিখেছেন  শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের। পোস্টে তিনি লেখেন, “অরাজকতা, হত্যাযজ্ঞ, ধ্বংস, আর ত্রাসের মাধ্যমে দাবি পূরণ নয়, নৈরাজ্যের জয় হয়। আমরা কেউ নৈরাজ্য চাই না। এই বাংলাদেশ উদ্ভাবন, সৃষ্টি আর সৃজনশীলতার ক্ষেত্র হোক।”

    চট্টগ্রামের চশমা হিলের বাসায় গতকাল শনিবার হামলার ঘটনা ঘটে। এরপর শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে আজ রবিবার (৪ আগস্ট) ভোর ৫টার দিকে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে তিনি একথা লেখেন।

    পোস্টে শিক্ষামন্ত্রী লেখেন, “হত্যা, রাহাজানি, গুপ্ত হত্যার মাধ্যমে, ইস্যুর পেছনে লুকিয়ে থেকে ক্ষমতার স্বপ্ন যারা দেখছেন, অনুরোধ, আপনারা রাজনৈতিক প্রক্রিয়ায় প্রকাশ্যে আসুন।”

    এদিকে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালিয়ে মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়। জানা যায়, চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়।

  • নতুন সূচিতে ১১ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা

    নতুন সূচিতে ১১ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা

    www.HelloBangla.News – শিক্ষা – ১ আগস্ট, ২০২৪: কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে সংহিসতার কারণে গত ১৮ জুলাই সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানিয়েছেন, আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে একথা জানান তিনি।

    তপন কুমার সরকার আরও জানান, আগামী ৪ থেকে ১১ আগস্ট সব পরীক্ষা স্থগিত থাকবে। নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

    গত ১৮, ২১, ২৩, ২৫ ও ২৮ জুলাই এবং ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ৪ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    গত ৩০ জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

  • নিরাপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার আহ্বান ঢাবি প্রশাসনের

    নিরাপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার আহ্বান ঢাবি প্রশাসনের

    www.HelloBangla.News – শিক্ষা – ২৯ জুলাই, ২০২৪: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন এক বিজ্ঞপ্তিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টের ঘটনায় নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে । বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিরপরাধ কেউ হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জানাতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা দেবে।

    আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে প্রশাসনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এ প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে।

    এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে প্রক্টর অফিসকে অবহিত করার নির্দেশনা দেওয়া হলো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিনগত রাত ১২টা থেকে ২১ জুলাই সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

    এদিকে, সরকার কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ায় সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রবিবার (২৮ জুলাই) রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

  • একাদশে ভর্তি কার্যক্রম চলবে ১ আগস্ট পর্যন্ত

    একাদশে ভর্তি কার্যক্রম চলবে ১ আগস্ট পর্যন্ত

    www.HelloBangla.News – শিক্ষা – ২৮ জুলাই, ২০২৪: আজ রবিবার (২৮ জুলাই) থেকে আবারও শুরু হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলন ঘিরে পরিস্থিতির বিচারে ১৮ জুলাই থেকে উক্ত ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। আগামী ১ আগস্ট পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। ক্লাশ শুরু হবে ৬ আগস্ট।

    আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

    জানা গেছে, ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের স্ব স্ব কলেজে ভর্তি কাজ শেষ করতে হবে। আগামী ৬ আগস্ট নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

    ভর্তি নীতিমালা অনুযায়ী, গত ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। তবে ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় একাদশে ভর্তিও বন্ধ রয়েছে।

    চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাস করেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। ফল পুনঃনিরীক্ষণে আরও প্রায় এক হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেন। তবে সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৫ লাখের মতো। সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণিতে ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকার কথা।

    ভর্তি নীতিমালা অনুযায়ী, গত ২৬ মে সকাল ১০টায় একাদশে শ্রেণিতে ভর্তিতে অনলাইনে আবেদন শুরুর কথা ছিল। তবে সার্ভারে ত্রুটির কারণে একদিন পর আবেদন প্রক্রিয়া শুরু হয়। প্রথম ধাপে ১৩ জুন পর্যন্ত আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা।

    গত ২৩ জুন রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এরপর ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপে এবং ৯-১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হয়।

  • স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্টের পর

    স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্টের পর

    www.HelloBangla.News – শিক্ষা – ২৫ জুলাই, ২০২৪: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংস কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।

    আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ‘স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে। ’

    চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি অনুযায়ী পরবর্তী পরীক্ষা আগামী ২৮ জুলাই যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    তবে বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আর কোনো পরীক্ষা স্থগিত হতে পারে কিনা জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোনো সিদ্ধান্ত নিলে জানানো হবে। ’

    গত ৩০ জুন থেকে সিলেট বোর্ড ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা ৯ জুলাই শুরু করা হয়।

  • শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না: শিক্ষামন্ত্রী

    শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না: শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – শিক্ষা – ২৪ জুলাই, ২০২৪: শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, “এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারছি না।”

    আজ বুধবার (২৪ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

    শিক্ষামন্ত্রী বলেন, “চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।”

    প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত রোববার মধ্যরাত থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্রসমাজ। এরপর সোম, মঙ্গল ও বুধবার টানা তিনদিন সারা দেশে ছাত্র আন্দোলন জোরালো হয়ে ওঠে। আন্দোলন দমাতে পুলিশ মাঠে নামে। সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়। ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটে।

    উদ্ভূত পরিস্থিতিতে গত ১৬ জুলাই সারা দেশে স্কুল-কলেজ-মাদরাসা-পলিটেকনিকসহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিক্যাল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।

    এ ছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক স্কুলও।

  • ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    www.HelloBangla.News – শিক্ষা – ১৭ জুলাই, ২০২৪: প্রশাসনিক সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে । আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিকেল ২৪(এল) ধারার ক্ষমতাবলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

    আজ বুধবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৭ জুলাই, ২০২৪ বুধবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের আহত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় বিস্তারিত আলোচনার পর নিম্নোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়:

    ১. উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিকেল ২৪(এল) ধারার ক্ষমতাবলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

    ২. আজ ১৭ জুলাই ২০২৪ সন্ধ্যা ৬টার মধ্যে সব আবাসিক হল/হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের হল/হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। পরবর্তীতে হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

    ৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলো।

    ৪। বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হলো।

    এর আগে, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

    অন্যদিকে, মঙ্গলবার রাত ১১টায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয় ইউজিসি। কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হলো।

    এছাড়া, রাত সাড়ে ১০টা ২০ মিনিটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তায় বিষয়টি বিবেচনায় অনির্দিষ্টকালের সব ক্লাস-পরীক্ষা বন্ধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।