Category: আন্তর্জাতিক

  • ইলিশ খেতে পাচ্ছে না ভারত, বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ

    ইলিশ খেতে পাচ্ছে না ভারত, বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ

    www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪: সুস্বাদু মাছ ইলিশের মৌসুম চলছে। বিগত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ ‘উপহার’ যাওয়াটা ছিল অনেকটাই নিশ্চিত। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থার বদল হয়েছে।

    বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বন্ধ। এমন অবস্থায় ভারতের বাজারে এই মাছটির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আবার অবৈধপথে ভারতে যাওয়া কিছু মাছ আবার বিক্রি হচ্ছে চড়া দামে।

    এছাড়া শুধু ইলিশ নয়, বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দামও বেড়েছে ভারতের বাজারে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় ‘বেস্ট সেলার’ পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। তবে এই মাছটি সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর-পূর্ব অংশের মানুষের কাছেও হট ফেভারিট।

    এনডিটিভি বলছে, বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ। এছাড়া দুর্গা পূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায়। যদিও ইলিশ মাছটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায়, তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয়।

    কলকাতার এক মাছ ব্যবসায়ী বলছেন, ‘বাংলাদেশি ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটেছে, তাই দাম বাড়বে। আমরা ইতোমধ্যেই এক কেজি ইলিশ ১৮০০ রুপিতে বিক্রি করছি, যা অবৈধভাবে আসছে।’

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিখ্যাত ইলিশ কূটনীতির অংশ হিসাবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতে বার্ষিক ইলিশ রপ্তানির সুবিধা দিতেন। ২০১২ সাল থেকে অন্যান্য দেশে রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিতো হাসিনার সরকার।

    এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গের পরে ইলিশ সরবরাহের এই সংকটে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে ত্রিপুরা। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি পদ্মার ইলিশের অন্যতম প্রধান ক্রেতা এবং সেখানে সুস্বাদু এই খাবারের সরবরাহ বন্ধ হয়ে গেছে।

    আগরতলার মাছ বিক্রেতারা জানিয়েছেন, ‘সরবরাহ কমে গেছে তাই আমাদের দাম বাড়াতে হবে।’

    তিনি বলেন, ‘আজ, আমি প্রতি কেজি ইলিশ ১৬০০ রুপিতে কিনেছি। আগে এটি ১৫০০ রুপি, এমনকি ১৪০০ রুপিতেও বিক্রি হতো… শুধু ইলিশ নয়, বাংলাদেশ থেকে আসা অন্যান্য মাছের দামও বেড়েছে।’

     

    বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের জেরে এই মাসের শুরুতে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে।

    কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এখনও স্থিতিশীল না হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

    ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় ​​সাহাই গত সপ্তাহে বলেছিলেন: ‘বাংলাদেশে রাজনৈতিক সংকটের কারণে প্রায় ৩০০ মিলিয়ন ডলার মূল্যের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা অনুমান করছি। আমরা প্রতিদিন বাংলাদেশে প্রায় ৩০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করি।’

  • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবে মালয়েশিয়া

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবে মালয়েশিয়া

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৪ আগস্ট, ২০২৪: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থনের প্রস্তাব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

    মঙ্গলবার (১৩ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক ফোনকলে এ প্রস্তাব দেন তিনি।

    বুধবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

    প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। তিনি ড. ইউনূসকে বাংলাদেশ-মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন।

    ফোনে কথা বলার বিষয়ে আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘আমি তাকে (ড. ইউনূস) আশ্বস্ত করেছি যে, মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন এবং পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত।’

    তিনি আরও বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, ড. ইউনূস সংখ্যালঘুসহ সব বাংলাদেশির অধিকার রক্ষার আশ্বাস দিয়েছেন।’

    ড. ইউনূসকে ‘পুরনো বন্ধু’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তিনি আমাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।’

    উল্লেখ্য, ছাত্র-জনতার বিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন। তিনি ক্ষুদ্রঋণের প্রবর্তক এবং একমাত্র বাংলাদেশি নোবেল বিজয়ী।

  • ইসরায়েলি হামলায় গাজায় দেড়শ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় দেড়শ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ আগস্ট, ২০২৪: বিশ্বের শান্তিকামী রাষ্ট্রগুলোর সব ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা হচ্ছে গাজা ও ইসরায়েল ক্ষেত্রে। আবারও গাজায় ইসরায়েলি হামরা ঘটনা ঘটেছে। এতে আরও প্রায় দেড়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৩৯ হাজার ৯০০ জনে পৌঁছেছে।

    এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৮৯৭ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

    মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় আরও অন্তত ৯২ হাজার ১৫২ জন ব্যক্তিও আহত হয়েছেন।

    মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১৪২ জন নিহত এবং আরও ১৫০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

    ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

    এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

  • শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না

    শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ আগস্ট, ২০২৪: বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে। রাজনৈতিক এই পটপরিবর্তনের ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে গুঞ্জন উঠে।

    তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

    এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ ‘কেবলই মিথ্যা’ বলেও আখ্যায়িত করেছে দেশটি। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে। একইসঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে ‘কেবলই মিথ্যা’ বলেও অভিহিত করেছে হোয়াইট হাউস।

    বাংলাদেশে সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা।’

    রয়টার্স বলছে, গত রবিবার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা (যুক্তরাষ্ট্র) বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। পত্রিকাটি বলেছে, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন।

    হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অবশ্য গত রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, তিনি (হাসিনা) কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি।

    হোয়াইট হাউস সোমবার আরও বলেছে, ‘আমরা বিশ্বাস করি— বাংলাদেশি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই।’

  • মধ্যস্থতাকারীদের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে হামাস

    মধ্যস্থতাকারীদের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে হামাস

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ আগস্ট, ২০২৪: আগের প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতির একটি পরিকল্পনা উপস্থাপন করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।  গাজার জন্য নতুন করে যুদ্ধবিরতি চুক্তি খোঁজার চেষ্টা চায়না তারা।

    যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের প্রস্তাবিত আলোচনার দিন কয়েক আগে এমন আহ্বান এলো হামাসের পক্ষ থেকে। এক প্রতিবেদনে এই খবর আল জাজিরার।

    টেলিগ্রামে এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ৩১ মের যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর ভিত্তি করে তারা একটি পরিকল্পনা চায়। বাইডেনের প্রস্তাবের কাঠামো অনুযায়ী ৬ মে কাতার ও মিসর যুদ্ধবিরতি চুক্তির একটি প্রস্তাব উপস্থাপন করেছিল।

    ৬ মের প্রস্তাবটি হামাস এর আগে মেনে নিয়েছিল। তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করে। ওই প্রস্তাব গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির পাশাপাশি ইসরায়েলি কারাগারে বন্দি অনির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিদের মুক্তির নিশ্চয়তা দেয়।

    রবিবার হামাসের ওই বিবৃতিতে বলা হয়, নতুন প্রস্তাবের পরিবর্তে মধ্যস্থতাকারীদের উচিত ইসরায়েলকে ৬ মের প্রস্তাব মেনে নিতে বাধ্য করা। নতুন প্রস্তাব দখলদারদের আগ্রাসনকে আড়াল করবে এবং আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যেতে আরও সময় দেবে।

    জর্দানের রাজধানী আম্মান থেকে আল জাজিরার সাংবাদিক হামদাহ সালহুত বলেন, ইসরায়েলি মিডিয়াগুলো বলছে, হামাসের এ বিবৃতি যুদ্ধবিরতি আলোচনার পুরোপুরি প্রত্যাখ্যান।

    তিনি বলেন, তবে হামাসের বিবৃতিতে তা বলা হয়নি। গোষ্ঠীটি কেবলমাত্র মধ্যস্থতাকারীদের মূল প্রস্তাবটি আলোচনায় রাখার আহ্বান জানাচ্ছে, যাতে তারা রাজি হয়েছিল।

  • যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে ৬২ জন নিহত

    যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে ৬২ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ আগস্ট, ২০২৪: ব্রাজিলের সাও পাওলো রাজ্যে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।
    গতকাল শুক্রবার (৯ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।
    জানা যায়, জোড়া ইঞ্জিনের টারবোপ্রোপ প্লেনটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার কাসকাভেল শহর থেকে সাও পাওলো রাজ্যের প্রধান বিমানবন্দরের দিকে আসছিল। কিন্তু ভিনহেদো শহরে আসতেই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে খাড়াভাবে পাক-খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বিমানের ভেতর ৫৮ জন যাত্রী এবং বাকি চার জন ক্রু সদস্য সবার ঘটনাস্থলে মৃত্যু বরণ করে।
    কর্তৃপক্ষ জানায়, বিমানটি একটি আবাসিক এলাকায় ভূপাতিত হয়। তবে এলাকায় থাকা কোনো ব্যক্তিই এর ফলে আহত হননি। শুধু একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ঘরের বাসিন্দাদের ওপর কোনো আঁচ পড়েনি। যদিও এলাকাটিতে নিমিষেই ছড়িয়ে পড়ে আগুনের ধোঁয়া। যে কারণে সঙ্গে সঙ্গেই জানানো হয় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় হাসপাতালকে।
    ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর‍্যাডার ২৪ এর মতে, বিমানটি তৈরি হয়েছিল ২০১০ সালে এবং কাসকাভেল ছেড়ে যায় স্থানীয় সময় সকাল ১১টা ৫৬ মিনিটে। উড্ডয়নের দেড় ঘণ্টা পর বিমানটি থেকে সবশেষ সিগন্যাল পাওয়া যায়।

  • মারা গেছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

    মারা গেছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ আগস্ট, ২০২৪: পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

    তার ছেলে সুচেতন ভট্টাচার্যস্থানীয় জানান, আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৮ টা ২০ মিনিট নাগাদ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক বুদ্ধদেব ভট্টাচার্য ।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব।

    ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। বেশ কয়েক দিন তাকে ভেন্টিলেশন (ইনভেনসিভ) সাপোর্টে রাখেন চিকিৎসকেরা।

    বুদ্ধদেব নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ফুসফুস এবং শ্বাসনালিতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে প্রথম কয়েক দিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব। তবে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দেন। ১২ দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে। বাড়িতে ফিরিয়েও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে।

    দীর্ঘ দিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় (সিওপিডি) ভুগছিলেন বুদ্ধদেব। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দিই ছিলেন। আগেও একাধিক বার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে।

    অবশেষে বৃহস্পতিবার সকাল ৮.২০ মিনিটে কলকাতার বালিগঞ্জের পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

    ১৯৪৪ সালে উত্তর কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্য জন্মগ্রহণ করেন।

  • ইসরায়েলি বর্বর হামলায় গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি বর্বর হামলায় গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ আগস্ট, ২০২৪: ইসরায়েলি বর্বর হামলায় অবরুদ্ধ গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯ হাজার ৬৭০ ছাড়িয়ে গেছে।

    এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও সাড়ে ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

    জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৬৭৭ জনে পৌঁছেছে বলে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯১ হাজার ৬৪৫ জন ব্যক্তিও আহত হয়েছেন।

    মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৪ জন নিহত এবং আরও ১১০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

    ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

    মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

    এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

  • হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে

    হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৫ আগস্ট, ২০২৪: হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে । লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির দাবি এতে হামলায় কয়েক জন ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে।

    ইসরায়েলি সামরিক বাহিনীর ৯১ তম ডিভিশনের ব্যারাকে এই আক্রমণ চালানো হয়েছে। হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। তবে তারা এটিকে রকেট হামলা বলে উল্লেখ করছে তাছাড়া সেনা হতাহতের বিষয়ে বলছে দুই সেনা ‘মোটামুটি আহত’হয়েছে।

    ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে আসা রকেটগুলোকে আটকে দিয়েছে, অগ্নিনির্বাপক কর্মীরা ওই এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভানোর জন্য কাজ করছে।

    ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি লেবাননে অবস্থানরত ইতালীয়দের ‘যত তাড়াতাড়ি সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে ইতালিতে ফিরে আসার’ এবং ‘বিদ্যমান পরিস্থিতির কারণে’ দেশের দক্ষিণে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন।

    তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে থাকা তুর্কি নাগরিকদের ‘সতর্কতা অবলম্বন করতে এবং একেবারে প্রয়োজন না হলে নাবাতিহ, দক্ষিণ লেবানন, বেকা এবং বালবেক-হারমেল অঞ্চলে ভ্রমণ না করতে’ পরামর্শ দিয়েছে।

    গত বছরের ৭ অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত লেবাননে কমপক্ষে ৫৪২ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া নিহতদের মধ্যে ১১৪ জন বেসামরিক নাগরিকও রয়েছেন।

  • যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ

    যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৪ আগস্ট, ২০২৪: গত প্রায় ১০ মাস ধরে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের আগ্রাসন। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে বাজছে নতুন আরেক সর্বাত্মক যুদ্ধের দামামা।

    ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর এক সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লোবনন ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র।

    নাগরিকদের উদ্দেশ্যে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, টিকিট পাওয়া মাত্র তারা যেন লেবানন ছেড়ে যান। আজ রবিবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    গত বুধবার (৩১ জুলাই) তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করে ‘কঠোর’ প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এই হত্যার প্রতিশাধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশদেন ইরানে সর্বোচ্চ নেতা।

    হানিয়াকে হত্যার কয়েক ঘণ্টা আগে বৈরুতে ইসরায়েল হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করা হয়। ফলে লেবানন-ভিত্তিক ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও এই অবস্থায় যেকোনও প্রতিশোধের জন্য বড় ভূমিকা পালন করতে পারে।

    এরই মধ্যে হিজবুল্লাহ গত শনিবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তর ইসরায়েলের বেইট হিলেল শহরে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোকে করে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বলেছে লেবাননে যারা থাকতে চান তাদের উচিত ‘ভালো পরিকল্পনা প্রস্তুত করা’ এবং ‘বর্ধিত সময়ের জন্য কোথাও আশ্রয়’ নেওয়ার জন্য প্রস্তুত থাকা।

    মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, তারা ইরান এবং তার প্রক্সিদের সম্ভাব্য আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে এই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করছে।

    যুক্তরাজ্য বলেছে, তারা অতিরিক্ত সামরিক সদস্য, কনস্যুলার স্টাফ পাঠাচ্ছে। তবে যুক্তরাজ্যের নাগরিকদের ‘বাণিজ্যিক ফ্লাইট চলাকালীন’ লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।