Category: খেলাধুলা

  • অলিম্পিকের শেষ ইভেন্ট নারীদের বাস্কেটবলে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র

    অলিম্পিকের শেষ ইভেন্ট নারীদের বাস্কেটবলে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র

    www.HelloBangla.News – খেলাধুলা – ১২ আগস্ট, ২০২৪: প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্ট ছিল নারীদের বাস্কেটবল। অলিম্পিক বাস্কেটবল মানেই যেন যুক্তরাষ্ট্রের সোনা জয়। ছেলেদের বিভাগে লেব্রন জেমস, স্টেফ কারিরা আগেই সোনা নিশ্চিত করেছেন। কাল ছিল নারীদের ইভেন্ট। আগের ৭ বারের চ্যাম্পিয়নরা ফেবারিট হয়েই নেমেছিল কোর্টে। তবে ফাইনালে ম্যাচে ফ্রান্সের মেয়েরা হেরে গেছে যুক্তরাষ্ট্রের কাছে।

    ম্যাচের একেবারে শেষ সেকেন্ডে ফ্রান্সের গ্যাবি উইলিয়ামস আরেকটি থ্রি–পয়েন্টার মেরে সমতা ফিরিয়েছেন। কিন্তু বল ছোড়ার সময় উইলিয়ামস থ্রি–পয়েন্ট লাইনের একটু ভেতরে ঢুকে যান। খালি চোখেও ৩ পয়েন্ট মনে হলেও, রিপ্লে থেকে জানা যায় ২ পয়েন্ট পাচ্ছে ফ্রান্স। আর ম্যাচ শেষ সেখানেই। রুদ্ধশ্বাস উত্তেজনার পরই সোনা জিতেছে যুক্তরাষ্ট্র, জিতেছে ৬৭–৬৬ পয়েন্টে।

    সেটিই হয়ে গেল যুক্তরাষ্ট্রের এবারের আসরের ৪০ তম সোনা।  সর্বশেষ সোনাটি জিতেই পদক তালিকায় সবার ওপরে উঠে গেল যুক্তরাষ্ট্র। ৪০টি সোনা জিতেছে চীনও। তবে চীনের চেয়ে রুপা জয়ে জয়ে এগিয়ে থাকায় মার্কিন শ্রেষ্ঠত্বেই শেষ হলো প্যারিস অলিম্পিক।

    তবে রুপা ও ব্রোঞ্জ জয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় পদক তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্রের নাম। এ নিয়ে টানা চারটি অলিম্পিক সবার ওপরে থেকে শেষ করল অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ী দেশটি।

    প্যারিসে ৪০ সোনা, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জসহ মোট ১২৬টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। চীন জিতেছে ৪০টি সোনা, ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জসহ ৯১টি পদক। তৃতীয় স্থানে আছে আরেকটি এশিয়ার দেশ। জাপান ২০টি সোনা জিতে তৃতীয় হয়েছে। ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক জিতেছে দলটি। স্বাগতিক ফ্রান্স ১৬ সোনাসহ ৬৪ পদক নিয়ে আছে পাঁচে। ১৮ স্বর্ণ নিয়ে চারে অস্ট্রেলিয়া।

    প্যারিসে পদক জিতেছে ৮৯টি দেশ। এর বাইরে রিফিউজি ও দেশের পরিচয় ছাড়া অ্যাথলেটরাও জিতেছেন পদক। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে পদক জিতেছে পাকিস্তান ও ভারত।

  • পাকিস্তান সফরে টেস্ট দলে ফিরেছেন মুশফিকুর রহিম

    পাকিস্তান সফরে টেস্ট দলে ফিরেছেন মুশফিকুর রহিম

    www.HelloBangla.News – খেলাধুলা – ১১ আগস্ট, ২০২৪: পাকিস্তানের সফরের দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে আছেন সাকিব আল হাসান।
    চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন আছেন এই পেসার।
    শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন।

    বাংলাদেশ টেস্ট দল:
    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
    দলে ফিরেছেন: মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
    বাদ পড়েছেন: শাহাদাত হোসেন।
    এদিকে গত সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব। হাসিনা সরকার পতনের পর তিনি জাতীয় দলে খেলতে পারবেন কিনা, তা নিয়েই উঠেছিল গুঞ্জন। সেই গুঞ্জনের মধ্যেই পাকিস্তান সফরের দলে জায়গা করে নিয়েছেন সাকিব।
    ১৫ সদস্যের দলে বিশেষজ্ঞ ব্যাটার ৭ জন (উইকেটরক্ষক লিটন দাসসহ)। অলরাউন্ডার দুজন-সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। পেস বোলার রয়েছেন চারজন-শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। বিশেষজ্ঞ স্পিনার দুজন-নাঈম হাসান এবং তাইজুল ইসলাম।
    আগামীকাল (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি এবং করাচিতে। সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ আগস্ট থেকে, দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট থেকে।
    বাংলাদেশ দল লাহোরে একত্রিত হবে এবং গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত।

  • শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে: আসিফ মাহমুদ

    শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে: আসিফ মাহমুদ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১১ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে ।
    আজ রবিবার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথমবার অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
    যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট রয়েছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে। সহস্র-হাজার শিক্ষার্থী মারা গেছে, আমরা মনে করি তিনি এর সঙ্গে যুক্ত। আমরা শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি।”
    যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, “আপনারা জানেন জাতীয়ভাবে আমরা একটি কঠিন সময় পার করছি। আইনশৃঙ্খলা রক্ষা আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশ ভেন্যু হওয়ার ক্ষেত্রে হুমকির মুখে আছে। এ বিষয়ে আমরা বিসিবির সঙ্গে আলোচনা করেছি।”
    আসিফ মাহমুদ বলেন, “নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, নিরাপত্তা নিশ্চিত করা। সিকিউরিটি নিশ্চিতে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার আছে। আমি এ বিষয়ে যমুনায় গিয়ে ইউনূস স্যারের সঙ্গে কথা বলব। তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি অবশ্যই আমাদের সহযোগিতা করবেন। স্টেট লেভেল থেকে আমরা নিরাপত্তা নিশ্চিত করব।”
    যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, “যেহেতু বিসিবি একটি স্বায়ত্তশাসিত ফেডারেশন। সিদ্ধান্তটা আমরা দিতে পারবো না। ‌তাদের কাছ থেকে সুপারিশ নিতে পারব, তাদেরকে পরামর্শ দিতে পারব। বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। আমরা বিসিবির পরিচালকদের অনুরোধ করেছি, তারা আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে সমস্যাটি কিভাবে সমাধান করতে পারেন, বিসিবি সভাপতি হিসেবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা, তারা পরবর্তীতে এ বিষয়ের রিপোর্ট করবেন।”
    আসিফ মাহমুদ বলেন, “আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই। ব্যক্তির জায়গা থেকে নয় আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। যাতে যে ব্যক্তি আসুক সিস্টেম ফলো করার মাধ্যমে যে অনিয়ম-দুর্নীতির কথা বলা হচ্ছে, সেগুলো যাতে আর কখনো ফিরে আসতে না পারে।”
    তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ আমাদের সংস্কারের দায়িত্ব দিয়েছে। যতদিন প্রয়োজন, আমরা ততদিন থাকবো দায়িত্ব পালন করার জন্য। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন, তাদের ক্ষমতা ধরে রাখা কিংবা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই।”
    বিভিন্ন স্থানে জোর করে পদত্যাগ করানো হচ্ছে- এ বিষয়ে উপদেষ্টা বলেন, “সবার প্রতি আমাদের সাজেশন থাকবে, আইনগতভাবেই যাতে সেটা করা হয়। আমাদেরকে অবশ্যই প্রসেস ফলো করতে হবে। ‌সেটা করা না হলে একটা কেওয়াজ সিচুয়েশনের দিকে চলে যাবে।”

  • অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন

    অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১০ আগস্ট, ২০২৪: ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। পার্ক দ্য প্রিন্সেসে শুরুতেই গোল পেয়েছিল ফ্রান্স। তবে মধ্যাহ্ন বিরতির আগেই সেই গোল শোধ করে উল্টো ২ গোলের ব্যবধানের লিড নেয় স্পেন। দ্বিতীয়ার্ধে সেই ২ গোল শোধ করে আবার ম্যাচে ফেরে স্বাগতিকরা। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে সের্হিও কামেয়োর জোড়া গোলে ৫-৩ গোলের জয় পেয়েছে স্পেন।
    গতকাল শুক্রবার (১০ আগস্ট) পিএসজির ঘরের মাঠে অলিম্পিকের পুরুষ ফুটবলের ফাইনালে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে সোনা জিতেছে স্পেন।
    ম্যাচের ১১ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন এনজো মিলোত। কিন্তু সেই লিড ধরে রাখার জন্য খুব বেশি সময় পায়নি। উল্টো ১০ মিনিটের ব্যবধানে ৩ গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্পেন। ১৮ মিনিটে গোল শোধ দেওয়ার কাজটা করেন ফেরমিন লোপেস। আলেক্স বায়েনার অ্যাসিস্ট থেকে জাল খুঁজে নেন তিনি। এরপর কাছাকাছি দূরত্ব থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। ২৮ মিনিটে ফ্রি কিকে দুর্দান্ত এক গোল করেন বায়েনা।
    দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ফ্রান্স জেগে ওঠে শেষ মুহূর্তে। ৭৯ মিনিটে ব্যবধান কমান মাগনেস আকলিওচে। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে গোল করতে কোনো ভুল করেননি জেন ফিলিপি মাতেতা।
    ব্যবধান ৩-৩ হওয়ার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ব্যবধান গড়ে দিয়ে স্পেনের নায়ক বনে যান বদলি হিসেবে নামা সের্হিও কামেয়ো। জোড়া গোল করে দলকে সোনা জয়ের স্বাদ এনে দেন তিনি। ১০০ মিনিটে আদ্রিয়ান বের্নাবের থ্রু বল ধরে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ১২০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের বাইরে দারুণ শটে স্কোরশিটে নাম লেখান দ্বিতীয়বারের মতো।
    অলিম্পিক ফুটবলে এটি স্পেনের দ্বিতীয় সোনা। ৩২ বছর আগে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে ঘরের মাঠে পোল্যান্ডকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল তারা।

  • ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা

    ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৮ আগস্ট, ২০২৪: ক্রিকেটে ভারতের আধিপত্য যেন হঠাৎ পতনের দিকে। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে রোহিতরা। ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। অথচ দেশের মাটিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ১১০ রানের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে শ্রীলঙ্কা। এই জয়ে ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল অভিস্কারা।

    কলম্বোতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে ২৬ ওভার ১ বলে ১৩৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ২-০ তে সিরিজ জিতল স্বাগতিকরা।

    ২৪৯ রানের লক্ষ্য তাড়ায় ঝোড়ো শুরু করেন রোহিত শর্মা। তবে অন্যদিকে ধীর গতির ছিলেন শুবমান গিল। পঞ্চম ওভারের তৃতীয় বলে তিনি যখন আউট হন, ভারত তার আগেই তুলে ফেলে ৩৭ রান। এরপর রোহিতও বেশিক্ষণ টিকতে পারেননি।

    দুই ওপেনারের বিদায়ের পর ভারত উইকেট হারিয়েছে নিয়মিত। টপ অর্ডারে কেউ স্কোর বড় করতে পারেননি, মিডল অর্ডারেও দাঁড়াতে পারেননি কেউ। রোহিতের ২০ বলে ৩৫ রানই হয়ে থেকেছে ভারতের ইনিংসে সর্বোচ্চ স্কোর।

    ভারতের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন দুনিত ভেল্লালাগে। ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার ২৭ রানে নেন ৫ উইকেট।

    এর আগে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার শুরুটা হয় বেশ ভালো। নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্ডোর ওপেনিং জুটিতেই আসে ৮৯ রান। ৬৫ বলে ৪৫ রান করে নিশাঙ্কা ফেরার পর কুশল মেন্ডিসের সঙ্গে আভিস্কার জুটিতে আসে আরও ৮২ রান।

    এরপরই শ্রীলঙ্কা ইনিংসে নামে ধস। ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে তারা। যার শুরুটা হয় আভিস্কার উইকেট দিয়ে। অভিষিক্ত রিয়ান পরাগের বলে সেঞ্চুরি থেকে ৪ রান দূরে এলবিডব্লু হন তিনি। একদিকে কুশল মেন্ডিস  (৮২ বলে ৫৯) অবশ্য টিকে ছিলেন, আরেক মেন্ডিস, কামিন্দুর সঙ্গে শ্রীলঙ্কাকে ২৫০-এর কাছে নিয়ে যান।

  • অলিম্পিকে দ্রুততম মানব হলেন নোয়াহ লাইলস

    অলিম্পিকে দ্রুততম মানব হলেন নোয়াহ লাইলস

    www.HelloBangla.News – খেলাধুলা – ৫ আগস্ট, ২০২৪: অলিম্পিকে শুধু নয় বিশ্বে এর আগে এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা হয়নি। সবাই যেন এক সঙ্গে এসে পৌঁছায় ফিনিশিং লাইনে। কেউ বুঝতে পারছিলোনা কে জিতেছে। কিছুক্ষন অপেক্ষার পর প্রযুক্তির মাধ্যমে নির্ধরণ করা হয় মাত্র ৫ মাইক্রোসেকেন্ডের দূরত্বে এগিয়ে থেকে যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন। স্তাদে দে ফ্রান্সের ট্র্যাকে অবিশ্বাস্য, অবর্ণনীয়, অভাবনীয় এই ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাত ২টায়।

    ৯.৭৯ সেকেন্ড টাইমিং নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন লাইলস ও জ্যামাইকার কিশেন থম্পসন। তাই মাইক্রোসেকেন্ডে কে এগিয়ে, তা দেখতে দুজনেই চোখ রাখেন জায়ান্ট স্ক্রিনে। কিছুক্ষণ অপেক্ষা শেষে সবার উপরে ভেসে উঠল লাইলসের নাম। এরপর তাকে আর পায় কে! প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণ জিতে উল্লাসে মাতোয়ারা হয়ে পড়েন তিনি। ক্যারিয়ারসেরা টাইমিং করা এই অ্যাথলেট সময় নিয়েছেন ৯.৭৯.৭৮৪ সেকেন্ড।

    রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ৯.৭৯.৭৮৯ সেকেন্ডে শেষ করা থম্পসনকে। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্রের ফ্রেড কেরলি। অলিম্পিকের গত আসরে স্বর্ণ জেতা ইতালির মার্সেল ইয়াকবস এবার ৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করেন পাঁচে থেকে। আট প্রতিযোগীর সবাই রেস শেষ করেছেন ১০ সেকেন্ডের কম সময়ে। অলিম্পিকের ইতিহাসে এমনটা আগে কখনোই হয়নি।

    রেসের অনেকটা সময় পর্যন্ত থম্পসনই এগিয়ে ছিলেন। কিন্তু শেষ ১০ মিটারে বাজিমাত করে একে একে সবাইকে ছাড়িয়ে যান লাইলস। গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণ জিতে তাক লাগিয়ে দেন। তাই এবার অলিম্পিকে তাকে ঘিরে বেশি নজর ছিল অনেকের। ২৭ বছর বয়সী লাইলসও তাদের হতাশ করেননি। অথচ হিট ও সেমিফাইনালের কোনোটিতেই জিততে পারেননি তিনি।

    ২০০৪ অ্যাথেন্স অলিম্পিকে জাস্টিন গ্যাটলিনের পর প্রথম মার্কিন অ্যাথলেট হিসেবে ১০০ মিটারে সোনা জিতলেন লাইলস।

  • ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী সেন্ট লুসিয়ার জুলিয়েন

    ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী সেন্ট লুসিয়ার জুলিয়েন

    www.HelloBangla.News – খেলাধুলা – ৪ আগস্ট, ২০২৪: ক্রীড়া জগৎ হচ্ছে নিজের দেশকে পরিচিত করার সবচেয়ে বড় ক্ষেত্র। একজন ক্রীড়াবিদের মাধ্যমে একটি দেশ সবার কাছে পরিচিত হয়ে ওঠে। তেমনি ঘটনা ঘটেছে প্যারিস অলিম্পিকে। গতকাল রাতে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক পেয়েছেন সেন্ট লুসিয়ার এক নারী। দ্রুততম সেই মানবীর নাম জুলিয়েন আলফ্রেড। তিনি দেশটির হয়ে প্রথম স্বর্ণ পদক জয় নিজের জন্মভূমিকে সবার কাছে পরিচিত করে তুলেন। প্রায় ২ লাখ জনসংখ্যার দেশ সেন্ট লুসিয়া। এখন তারা গর্ব করে বলতে পারবে- আমাদেরও অলিম্পিক স্বর্ণ আছে।

    অলিম্পিক ইতিহাসে সেন্ট লুসিয়ার এটাই প্রথম পদক, সেটাও সোনায় মোড়ানো। ট্র্যাকে ঝড় তুলে ১০.৭২ সেকেন্ডে রেস শেষ করেন আলফ্রেড। যা জাতীয় রেকর্ডও বটে। ১০.৮৭ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন রুপা ও ১০.৯২ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন স্বদেশি মেলিসা জেফারসন।

    অথচ রেস শুরুর আগে অনেকেই সোনার পদক দেখছিলেন রিচার্ডসনের গলায়। আলফ্রেড এসে এভাবে চমকে দেবেন তা হয়তো কেউ ভাবেননি। অবশ্য সেমিফাইনালে রিচার্ডসনকে হারিয়েই প্রথম হন তিনি। ফাইনালে এসেও নিজের দাপট ধরে রাখেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।

    রেস শেষ হওয়ার পর বাকি সবার মতো আলফ্রেডকেও চেপে বসে অবিশ্বাসের মোহ। সোনা জয়ের পর হয়তো কাস্ত্রিসের লিওন কমপ্রেহেনসিভ স্কুলের সেই লাইব্রেরিয়ানকে ধন্যবাদ দিতে চাইবেন তিনি। ছয়-সাত বছর বয়সে রেসে ছেলেদেরই হারিয়ে দিতেন এই অ্যাথলেট। তার অপার সম্ভাবনা চোখে পড়ে সেই লাইব্রেরিয়ানের। যদিও আলফ্রেডের উঠে আসার পথ অতটা মসৃণ ছিল না। বাবা মারা যাওয়ার পর ১২ বছর বয়সে খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরে তাকে ফেরাতে রাজি করানো হয়।

    সেদিন ফিরেছিলেন বলেই আলফ্রেড আজ অলিম্পিক চ্যাম্পিয়ন!

  • অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩ আগস্ট, ২০২৪: অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। এই দুই দেশ এবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিলো। সেখানে অবশ্য জয় পায় আর্জেন্টিনা। যে কারণে শুক্রবার রাতে প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি ফরাসিদের জন্য ছিল প্রতিশোধের। অন্যদিকে হাজার হাজার শত্রুভাবাপন্ন ফরাসি দর্শকের সামনে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ রক্ষা হলো না আলবিসেলেস্তাদের। প্রতিশোধের আগুনে পুড়তেই হলো আর্জেন্টিনাকে। ১-০ ব্যবধানের জয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে বিদায় করে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দল।

    শুক্রবার রাতে মাতমুট আটলান্টিকে স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় ফ্রান্স। ফরাসিদের হয়ে একমাত্র গোলটি করেন ইয়ান ফিলিপে মাতেতা।

    ম্যাচের পঞ্চম মিনিটেই আর্জেন্টিনাকে ব্যাকফুটে ঠেলে দেয় ফ্রান্স। কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস পেয়ে বক্সের সেন্টার থেকে হেড করে জাল কাঁপান ফিলিপে মাতেতা। ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ঠ ছিল। বাকি সময়ে আরও বেশকটি আক্রমণ করলেও কিছুতেই সমতায় ফিরতে পারেনি আলবিসেলেস্তেরা।

    ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের সম্ভাবনা তৈরি করেছিল আর্জেন্টিনা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি হ্যাভিয়ের মাসচেরানোর দল। অপরদিকে এই অর্ধের দৃঢ়তায় ম্যাচের ৮৪ মিনিটে আরও একটি গোলের দেখাও পেয়েছিল ফ্রান্স। তবে গোলটি ভিএআর চেকে বাতিল করে দেন রেফারি। ফরাসিদের বিপক্ষে ফাউলের সিদ্ধান্ত দেন তিনি।

    শেষমেশ ১-০ ব্যবধানেই খেলা শেষ হয়। ২০০৪ ও ২০০৮ সালের সোনা জয়ী আর্জেন্টিনাকে বিদায় নিতে হয় সেরা আট থেকেই।

    এই হারের হতাশা আর্জেন্টাইনদের ক্ষোভে পরিণত হয়েছিল। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হট্টগোল বাঁধিয়ে বসেন। তাতে খেলোয়াড়দের পাশাপাশি কোচ-কর্মকর্তারাও জড়িয়ে পড়েন। মাঠ ছাড়ার সময় টানেলেও দেখা যায় বিশৃঙ্খলা। পরে অবশ্য ফ্রান্সের খেলোয়াড়রা মাঠে ফিরে এসে দর্শকদের সঙ্গে উদ্‌যাপন সারেন।

  • দুরন্ত ছন্দে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাইলস

    দুরন্ত ছন্দে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাইলস

    www.HelloBangla.News – খেলাধুলা – ২ আগস্ট, ২০২৪: প্যারিস অলিম্পিকে দুরন্ত ছন্দে রয়েছেন যুক্তরাষ্ট্রের নারী অ্যাথলেট সিমোনে বাইলস। অথচ গত টোকিও অলিম্পিকে মানসিক স্বাস্থ্যের কারণে একাধিক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি ।

    আগেই প্যারিসে দলগত ইভেন্টে আমেরিকা যুক্তরাষ্ট্র দলের হয়ে জিমন্যাস্টিকসে সোনা পেয়েছিলেন বাইলস। বৃহস্পতিবার মেয়েদের অল অ্যারাউন্ডের ফাইনালে নেমেছিলেন তিনি। সেখানেও সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের তারকা।

    বাইলসকে এদিন কঠিন লড়াইয়ের মধ্যে ফেলেছিলেন রেবেকা আন্দ্রাদে। প্রথম দিকে বাইলস পিছিয়ে ছিলেন। সেই সময়ে বাইলস ছিলেন তৃতীয় স্থানে। আনইভেন বারে এদিন তার পারফরম্যান্স খারাপ হয়। যার প্রভাব প্রথমে পড়েছিল তার উপরে। এর পর ব্যালান্স বিমে দুরন্ত একটি পারফরম্যান্স উপহার দিয়ে তিনি কামব্যাকের সূচনা করেন। এর পর রুটিন এক্সারসাইজেও ভালো করেছেন বাইলস। অন্যদিকে টোকিয়ো অলিম্পিক গেমসে ও রুপো পেয়েছিলেন আন্দ্রাদে। এবারও রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাকে। এই ইভেন্টে গত অলিম্পিক গেমসে চ্যাম্পিয়ন সুনিসা লি’কে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল।

    এটি বাইলসের অলিম্পিক গেমসের ক্যারিয়ারে ষষ্ঠ সোনার পদক। চলতি প্যারিস অলিম্পিক গেমসের আসরে যুক্তরাষ্ট্রের সপ্তম স্বর্ণ পদক, সব মিলিয়ে ৩৪তম।

    এদিন দুরন্ত পারফরম্যান্স করে সোনা জয় নিশ্চিত করেছেন বাইলস। বাইলস ফাইনালে ৫৯.১৩১ স্কোর করেছেন। প্যারিসে চলতি অলিম্পিক গেমসের আসরে এটি বাইলসের দ্বিতীয় সোনা।

    বাইলসের ক্যারিয়ারের ষষ্ঠ অলিম্পিক সোনা এটি। এছাড়াও তিনি সবমিলিয়ে ৯টি পদক জিতেছেন। এই বিভাগে রুপা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। তিনি ৫৭.৯৩২ স্কোর করেছেন। ব্রোঞ্জ পেয়েছেন বাইলসের স্বদেশি তারকা সুনিসা লি।

  • এক রাতে দুই সোনা জয় করে রেকর্ডবুকে লিওঁ

    এক রাতে দুই সোনা জয় করে রেকর্ডবুকে লিওঁ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১ আগস্ট, ২০২৪: অলিম্পিকেই ইতিহাসে এই ধরণের ঘটনা আগে ঘটেনি। এক রাতে দুই সোনার পদক জয় করে সেই রেকর্ড গড়লেন ফরাসি সাঁতারু লিওঁ মারশাঁ। একটি ইভেন্টে সোনা জয়ের পর সময়ের ১০০ মিনিটের ব্যবধানটা এক রাতেই জয় করলেন নিজের দ্বিতীয় সোনা। ঢুকলেন রেকর্ডবুকে। অলিম্পিকের ইতিহাসে এক রাতে দুই সোনা জয়ের কীর্তি ছিল না আর কারোরই।

    এনিয়ে এবারের আসরে তিনটি ইভেন্টে নেমে তিনটিতেই স্বর্ণ জিতলেন এই ফরাসি সাঁতারু। সবগুলোতেই নতুন করে খোদাই করেছেন অলিম্পিক রেকর্ড। শুধু শুধুই তো তাকে নিজের যোগ্য উত্তরসূরি ভাবছেন না ফেলপস। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই অলিম্পিয়ানের মতে, পুলের দীর্ঘদিন দাপট দেখাবেন লিওঁ। ৪৮ বছর পর প্রথম সাঁতারু হিসেবে একরাতে তার ডাবল সোনা জয়ের কীর্তিটি ফেলপসের চোখে ইতিহাসের সেরা।

    মারশাঁ নামলেন, সাঁতরালেন, রেকর্ড গড়লেন, জয় করলেন! ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট পার হলো এভাবেই। টোকিও অলিম্পিকে হাঙ্গেরির ক্রিস্তভ মিলাক রেস শেষ করেছিলেন ১ মিনিট ৫১.২৫ সেকেন্ড। মারশাঁ তারই সামনে এই রেকর্ড ভাঙলেন। ১ মিনিট ৫১.২১ সেকেন্ড সময় নিয়ে শেষ করে জয়ে করেছেন স্বর্ণপদক। মারশাঁর চেয়ে ০.৫৪ সেকেন্ড পেছনে থেকে রুপা জিতেছেন মিলাক। ব্রোঞ্জ পেয়েছেন কানাডার ইলিয়া খারুন।

    প্রথম সোনা জয় হয়ত উদযাপনই করা হয়নি তার। দেড়ঘণ্টা পর হাজির হয়েছেন আবারও। এবারের ইভেন্ট ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক। নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ব্রেস্টস্ট্রোক জিততে মারশাঁ সময় নিয়েছেন ২ মিনিট ৫.৮৫ সেকেন্ড। অস্ট্রেলিয়ার জ্যাক স্টাবলেটি–ক্রুক ২ মিনিট ৬.৭৯ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। ব্রোঞ্জ পেয়েছেন নেদারল্যান্ডসের কাসপার কোরবু।

    অলিম্পিক সাঁতারে একই দিনে দুটি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিততে পারেননি রেকর্ড ২৩ সোনার মালিক ফেলপসও। এবারের অলিম্পিকে তৃতীয় সোনা নিজের ঝুলিতে পুরেছেন মারশাঁ। এর আগে ৪০০ মিটার মিডলেতে ভেঙেছেন মাইকেল ফেলপসের রেকর্ডটা। সাঁতারের জগতে তাকে নতুন রাজাও হয়ত বলা যায় অনায়াসে।

    লিওঁ মারশাঁর এমন উত্থানের গল্পটা অবশ্য একদিনের না। নিজেকে সাঁতারের পুলে জানান দিয়েছেন বেশ কয়েকবছর ধরেই। ২০২২ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ও ৪০০ মিটার মিডলেতে সোনা এবং ২০০ মিটার বাটারফ্লাইয়ে পেয়েছিলেন রুপা। ২০২৩ সালে এসে ২০০ মিটার মিডলে, ৪০০ মিটার মিডলে ও ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে জিতেছেন সোনা। বর্তমানে ৪০০ মিটার মিডলেতে বিশ্ব রেকর্ডের মালিক মারশাঁ।

    মারশাঁর এমন সাফল্যের পেছনে পরিবারকেও অবদান দেয়া যায়। বাড়ির ছোট ছেলে মারশাঁ নিজের ঘরে চতুর্থ সাঁতারু। বাবা জেভিয়ার ১৯৯৬ সালে আটালান্টায় এবং ২০০০ সালে সিডনি অলিম্পিকে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন। জেভিয়ার অবশ্য বড় কিছু করতে পারেননি। ইন্ডিভিজুয়াল মেডলিতে তার সাফল্য ৭ম হওয়া।

    মা সেলিন অংশ নিয়েছিলেন ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে। ৪ ইভেন্টে থেকেও বড় কিছু করা হয়নি তার। ২০০ মিটারে ছিলেন ১৪তম। চাচা ক্রিস্টোফার খেলেছিলেন ১৯৮৮ অলিম্পিকে। তিনি ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ছিলেন ১২তম। মা-বাবা আর চাচার না পারার আক্ষেপ যেন ঘোচালেন লিওঁ মারশাঁ। সেটাও করেছেন নিজের দেশ ফ্রান্সে।