Category: প্রযুক্তি

  • ইন্টারনেট বন্ধ করে শতশত মানুষকে হত্যার সঙ্গে জড়িতদের বিচার হবে: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

    ইন্টারনেট বন্ধ করে শতশত মানুষকে হত্যার সঙ্গে জড়িতদের বিচার হবে: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১২ আগস্ট, ২০২৪: ইন্টারনেট বন্ধ করে শতশত মানুষকে হত্যার সঙ্গে জড়িতদের বিচার হবে, বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, “ইন্টারনেট বন্ধ করে শতশত মানুষকে হত্যা করা হয়েছে। অবশ্যই যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে।”

    আজ সোমবার (১২ আগস্ট) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সংশ্লিষ্টদের সঙ্গে সভা শেষে তিনি এসব কথা বলেন।

    তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, “ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজকে পাওয়া যাবে। এরপর যদি পুনরায় তদন্ত প্রয়োজন হয় তাহলে সেটিও আমরা করব। এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য যেকোনো সংস্থার লোক জড়িত থাকলে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। তথ্য প্রবাহের অবাধ ব্যবহার এবং ইন্টারনেট ব্যবহার করার নিশ্চয়তা মানুষের মানবাধিকারের বিষয়। তারা এটি বন্ধ করে মানবাধিকার লঙ্ঘন করেছেন।”

    অন্তর্বর্তী সরকারের এই নতুন উপদেষ্টা আরও বলেন, “অনেক ক্ষেত্রেই তরুণরা নিজ উদ্যোগে স্টার্ট-আপ তৈরি করছে। একটি দক্ষ জনশক্তি আমাদের আইটি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ। তাদের শক্তির ওপরই ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি নির্ভর করছে। সেজন্য এই সেক্টরে কোনও ধরনের দুর্নীতি বা অবহেলার সুযোগ নেই। দেশ গঠনের বিপ্লবে তারুণ্যকেই নেতৃত্ব দিতে হবে।”

    এর আগে রোববার (১১ আগস্ট) ইন্টারনেটে বন্ধের ঘটনা তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেন নাহিদ ইসলাম।

    তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, “কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনের কারণ বের করতে তদন্ত করা হবে। পাশাপাশি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ ইন্টারনেট ব্যবহার ডিজিটাল অধিকারে পরিণত হয়েছে। এটি একটি মানবাধিকারের বিষয়। বিষয়টিকে বিবেচনায় রেখেই ইন্টারনেট বন্ধ বা সীমিত করতে হবে। যাতে কারও মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে। কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না বলেও মন্তব্য করেন তিনি।”

  • মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও চালু থাকবে ব্রডব্যান্ড সেবা

    মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও চালু থাকবে ব্রডব্যান্ড সেবা

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৪ আগস্ট, ২০২৪: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে আজ রবিবার (৪ আগস্ট) দুপুর থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। তবে মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক।

    আইএসপিএবি জানিয়েছেন, ‘আমাদের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার জন্য এখনো কোনো নির্দেশনা আসেনি। আর তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে। আমাদের দিক থেকে বলতে পারি, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না।’

    বিক্ষোভ ও সহিংসতার মধ্যে বাংলাদেশে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। ২৩ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। ২৮ জুলাই বেলা তিনটা থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট চালু হয়।

  • দুপুর থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ

    দুপুর থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৪ আগস্ট, ২০২৪: দুপুর থেকে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় এ নির্দেশনা আসে।

    আজ রবিবার (৪ আগস্ট) একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

    জানা গেছে, দুপুর ১টার দিকে মোবাইল ফোনে আবার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।

    এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। ৩১ জুলাই বেলা দুইটার পর থেকে তা চালু হয়।

    এদিকে, অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও মুন্সিগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। এছাড়াও ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়েছে।

    এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপিগুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোনো নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

  • চালু হল ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম

    চালু হল ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৩১ জুলাই, ২০২৪: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এর পাঁচদিন পর ব্রডব্যান্ড ও ১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম।

    অবশেষে আজ বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার পর থেকে বাংলাদেশ থেকেও স্বাভাবিক নিয়মে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

    ব্রডব্যান্ড সংযোগ চালুর পর থেকে অবশ্য ভিপিএন ব্যবহার করে একটি বড় সংখ্যক মানুষ ফেসবুক ও বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করতে পেরেছেন।

    এরআগে আজ বুধবার সকালে সামাজিক কয়েকটি যোগাযোগমাধ্যমের (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) মালিক প্রতিষ্ঠান মেটার প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    বৈঠক শেষে পলক জানিয়েছিলন বিকেলের মধ্যে চালু হচ্ছে ফেসবুক-টিকটকসহ সব সামাজিক মাধ্যম। ফলে বিকেল থেকেই বাংলাদেশ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব আগের মতো নিরবচ্ছিন্নভাবে চালানো যাচ্ছে ।

  • টিকটক গুজব রোধে সচেতনতা অবলম্বন করেছে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    টিকটক গুজব রোধে সচেতনতা অবলম্বন করেছে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৩১ জুলাই, ২০২৪: টিকটক গুজব রোধে সচেতনতা অবলম্বন করেছে, বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘টিকটক’ তাদের ব্যাখ্যা দিয়েছে। একইসঙ্গে গুজব ও অপপ্রচার রোধে ফ্যাক্ট চেকিংসহ অন্যান্য সব বিষয়ে সচেতনতা অবলম্বন করে কন্টেন্ট অ্যাপ্রুভের বিষয়ে এরইমধ্যে তারা কাজ শুরু করেছে। বিটিআরসির পক্ষ থেকে আমরা তাদের ব্যাখ্যায় সন্তুষ্টি প্রকাশ করেছি।”

    আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের সঙ্গে বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “সাম্প্রতিক সময়ে ছাত্রদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠীর গুজব ও অপপ্রচারের ফলে একটি অনাকাঙ্ক্ষিত ও সহিংস অবস্থার সৃষ্টি হয়েছিল। যার ফলে আমাদের তরুণ শিক্ষার্থী ও নিরীহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশের সম্পদ নষ্ট হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে তথ্য-উপাত্তসহ গুজব ও অপপ্রচার এবং প্ল্যাটফর্মগুলোর নিজস্ব প্রাইভেসি কমিউনিটি গাইডলাইনসহ আমরা তাদের প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করেছি।”

    তিনি বলেন, “মেটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রাইভেসি ও কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে এবং একইসঙ্গে আমাদের দেশের সাংবিধানিক আইন, সমাজ ও ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক এমন অনেক কনটেন্ট ফেসবুকসহ মেটার অন্যান্য প্ল্যাটফর্মে প্রতিনিয়ত পোস্ট ও বুস্ট করা হচ্ছে। এরইমধ্যে আমরা এই বিষয়ে মেটার বিরুদ্ধে অভিযোগ করেছি। আমাদের অভিযোগের অনুকূলে তারা তাদের ব্যাখ্যা তুলে ধরেছে।”

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আরও বলেন, “মেটার প্রাইভেসি স্ট্যান্ডার্ড বিরোধী, আমাদের আইন পরিপন্থি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নষ্ট করে ও বুলিং করে এই ধরনের কনটেন্টগুলো মেটা কেন টেকডাউন করেনি সেটি জানতে চেয়েছি। নিরপেক্ষ ফ্যাক্ট চেকিং বা তথ্যের সত্যতা যাচাই ব্যতীত কোনো বিষয়ে গুজব ও অপপ্রচারের অন্তর্ভুক্ত কনটেন্ট মেটা কেন অনুমোদন করে?’- এই বিষয়গুলো সম্পর্কে আমরা মেটার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও কেন তাদের একই কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন মেনে চলা হয় না সেটা জানতে চেয়েছি। মেটার পক্ষ থেকে তারা অঙ্গীকার করেছে আগামী দিনে আরও দায়িত্বশীল হবে এবং এই বিষয়গুলোতে তারা বিটিআরসিকে আরও সহযোগিতা করবে।”

  • বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৩০ জুলাই, ২০২৪: বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সভাকক্ষে চলমান সময়ের সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “আমাদের ৩৫টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মাত্র আটটি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলো যথাযথ নিরাপত্তা নিশ্চিত করছে না।”

    তিনি বলেন, “আমরা একটি কো-অর্ডিনেট কমিটি গঠন করবো, যেটি বৈঠক করে ব্যবস্থা নেবে।”

    সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ হয়ে পড়ে। তখন থেকে সব অপারেটরের থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

    এরপর পরিস্থিতির আরো অবনতি হলে ১৮ জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। এর পাঁচ দিন পর গত ২৩ জুলাই রাত থেকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা শুরু হয়।

    পাশাপাশি গুগল ক্যাশ সার্ভার ক্লিয়ার করায় ধীরে ধীরে ইন্টারনেটে স্বাভাবিক গতি ফিরছে।

    এরপর টানা ১০ দিন পরে গত রবিবার (২৭ জুলাই) দুপুরে ফিরেছে মোবাইল ইন্টারনেট। তবে ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আগের মতো বন্ধ রয়েছে। এসব যোগাযোগ মাধ্যমকে তলব করে চিঠি দিয়েছে বিটিআরসি।

    তাদের আগামীকাল বুধবারের (৩১ জুলাই) মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সশরীরে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়।

  • আজ বিকেল থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

    আজ বিকেল থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৮ জুলাই, ২০২৪: আজ রবিবার (২৮ জুলাই) বিকেল ৩টা থেকে মোবাইল ফোর-জি ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকালে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

    বৈঠকে মোবাইল অপারেটর ছাড়াও বিকাশ, নগদ, রকেট ও উপায় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “আমাদের বৈঠক শেষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আজ বিকেল ৩ টা থেকে মোবাইল নেটওয়ার্কের ফোর-জি ইন্টারনেট কানেক্টটিভিটি পুনঃস্থাপন করবো। তারজন্য প্রযুক্তি সহয়তা সবসময় দেবো। মোবাইল নেটওয়ার্ক অপারেটরাও যত দ্রুত সম্ভব প্রস্তুতি গ্রহণ করবে।”

    প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “ফোর-জি ইন্টারনেট সেবা চালুর পর আগামী তিন দিনের জন্য সব ব্যবহারকারীকে ৫ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়া হবে।”

    উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের এক পর্যায়ে ১৭ জুলাই বুধবার মধ্যরাত থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরদিন ১৮ জুলাই বৃহস্পতিবার রাত পৌনে ৯টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে সরকার। এর পর ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটক বাংলাদেশে বন্ধ রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেবা এখনো স্বাভাবিক হয়নি।

    এদিকে, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধিদের আগামী ৩১ জুলাই বিটিআরসিতে ডাকা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

  • মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৫ জিবি ডাটা ফ্রি পাবেন

    মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৫ জিবি ডাটা ফ্রি পাবেন

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৮ জুলাই, ২০২৪: মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৫ জিবি ডাটা ফ্রি পাবেন। আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক বৈঠকে বিকাশ, নগদ, রকেট ও উপায় প্রতিনিধিরা উপস্থিত থেকে এই কথা জানিয়েছেন।

    টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “‌যারা মোবাইল ইন্টারনেটের গ্রাহক, তাদের অধিকাংশেরই ডাটা প্যাকেজ কেনা ছিল। আসলে তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ নেই। নেটওয়ার্কটা নিরবচ্ছিন্নভাবে না থাকায় তারা আসলে ইন্টারনেট ব্যবহার করতে পারেননি।”

    প্রতিমন্ত্রী পলক বলেন, “সার্বিক দিক বিবেচনা করে আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা মোবাইল ইন্টারনেট চালুর পর ফোরজি সেবায় যুক্ত হবেন, তখন প্রত্যেক মোবাইল ইন্টারনেট গ্রাহক ৫ জিবি করে বোনাস ডাটা প্যাকেজ পাবেন। এ প্যাকেজের মেয়াদ থাকবে তিন দিন। এ বিষয়ে সব মোবাইল অপারেটরগুলো সম্মত হয়েছেন।”

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় টানা ১০ দিন ধরে বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা। অনেক গ্রাহকের ডাটা প্যাকেজ কেনা থাকলেও এ সময়ের মধ্যে তার মেয়াদ শেষ হয়ে গেছে। গ্রাহকদের এ ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ৫ জিবি করে ডাটা বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে তিন দিন।

    আজ রবিবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    এর আগে তিনি দেশের মোবাইল অপারেটর কোম্পানি, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), অ্যাসোয়িশেন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশের (অ্যামটব) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদসহ নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারাও। এ বৈঠকে মোবাইল ইন্টারনেট গ্রাহকদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

  • রবি-সোমবারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক খুলে দেওয়া হবে: প্রযুক্তি প্রতিমন্ত্রী

    রবি-সোমবারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক খুলে দেওয়া হবে: প্রযুক্তি প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৭ জুলাই, ২০২৪: রবি-সোমবারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক খুলে দেওয়া হবে, বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “আগামীকাল সকাল ৯টায় আমরা এমটবের সঙ্গে বৈঠক করবো। বৈঠকে সন্তুষ্ট হলে রবি-সোমবার মোবাইলের ফোরজি নেটওয়ার্ক খুলে দেওয়া হবে।”

    আজ শনিবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ডাকভবনে সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন উপলক্ষে সারাদেশে এক লাখ গাছের চারা রোপণে ‘শান্তির জন্য বৃক্ষ ট্রি ফর পিস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “আগামীকাল রবিবার (২৮ এপ্রিল) মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করে মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।”

    তিনি বলেছেন, “আমরা ইন্টারনেট শাটডাউন করিনি। ইন্টারনেট বন্ধ হয়েছিল তিনটি ডেটা সেন্টার ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেওয়ার জন্য। এজন্য শুধু টেলিকম খাতে ৫০০ কোটি টাকা এবং সব মিলিয়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছে।”

    প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “১৮ জুলাইয়ের মোবাইল অপারেটরদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মাদপুর, যাত্রাবাড়ী ও গাজীপুরে ৫০ হাজার থেকে এক লাখ নতুন সিম কার্ড ব্যবহার করা হয়েছে।”

    তিনি আরও বলেন, “ঢাকা বিভাগের ১৭টি জায়গায় হামলা হয়েছে। মহাখালীতে তিনটি ডেটা সেন্টারে ১৮টি আইআইজির সিস্টেম রয়েছে। সেখানে থাকা আইএসপির ৭০ শতাংশ সার্ভার থাকে। তাই ইন্টারনেট একা একাই বন্ধ হয়েছে। আমরা বন্ধ করিনি।”

    বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, “টেলিযোগাযোগ খাতে আঘাত আসায় এখনো কিছু ক্যাশ সার্ভার মেরামতের কাজ চলছে। হয়তো দুই চার দিনের মধ্যে টেলিযোগাযোগ পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসবে। দেশে থাকা চার হাজারের ওপর ক্যাশ সার্ভার ঠিক হতে সময় লাগবে। গুগলের সব ক্যাশ সার্ভার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে।”

    আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, “ইন্টারনেট এখন আমাদের মৌলিক অধিকার। কিন্তু দুর্বৃত্তদের হামলায় মহাখালীতে সার্ভার ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। এই সেবা এখন ধীরে ধীরে চালু হচ্ছে। শিগগিরই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আগের অবস্থায় ফিরে আসবে। ৯০ শতাংশ সমস্যা রিস্টোর করা হয়েছে। বাকিটা নির্ভর করছে ট্রান্সমিশনের ওপর।”

    ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি সচিব মো. সামসুল আরেফিন, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান ও বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ।

    এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোসহ অন্যান্য অ্যাপে প্রবেশ করা যাচ্ছে না।

  • আজ শনিবার সকাল থেকেই ইন্টারনেটে ধীরগতি

    আজ শনিবার সকাল থেকেই ইন্টারনেটে ধীরগতি

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৭ জুলাই, ২০২৪: কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ এর সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলমান রয়েছে। যার ফলে কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এই সার্কিটের সঙ্গে যুক্ত গ্রাহকদের আজ শনিবারর সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে কিছুটা ধীরগতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট পাঁচ দিন বন্ধ ছিলো।

    আজ শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড পিএলসি এই তথ্য জানিয়েছে।

    কক্সবাজারে স্থাপিত প্রথম সাবমেরিন ক্যাবল ও কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এবং ছয়টি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে ইন্টারনেট সরবরাহ করা হয়। এরপর আইআইজি এবং আইএসপিগুলোর মাধ্যমে গ্রাহকদের কাছে যায় ইন্টারনেট।

    এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোসহ অন্যান্য অ্যাপে প্রবেশ করা যাচ্ছে না।

    ১৭ জুলাই থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোরজি প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় আংশিকভাবে বিভিন্ন স্পটে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।

    এর পাঁচ দিন পর গত মঙ্গলবার রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়।