Category: রাজনীতি

  • সারারাত জুড়ে কাদেরকে আটকের গুঞ্জন!

    সারারাত জুড়ে কাদেরকে আটকের গুঞ্জন!

    www.HelloBangla.News – রাজনীতি – ১৪ আগস্ট, ২০২৪: সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে এমন গুঞ্জন চলছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।

    যশোর পুলিশ সুপার মো. মাসুদ আলম একটি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সঙ্গেও অনেকে ওবায়দুল কাদেরের আটকের বিষয়ে যোগাযোগ করছেন। আমিও বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করছি। এখনও এ বিষয়ে নিশ্চিত নই।’

    গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রবল গণআন্দোলনের মধ্যে পর মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে আটকের গুঞ্জন ছড়াল।

    মঙ্গলবার সন্ধ্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ।

    আওয়ামী লীগের টানা তিনবারে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘খেলা হবে’, ‘অন্তরে জ্বালা’ এমন নানান রাজনৈতিক বক্তব্যে আলোচনায়-সমালোচনায় থাকতেন সবসময়।

    কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবিলায় বাংলাদেশ ‘ছাত্রলীগই যথেষ্ট’ বলে গত ১৫ জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়। ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন।

    তবে আন্দোলন দমাতে বিগত সরকারের ‘ওপর মহলের নির্দেশে’ নির্বিচারে গুলি চালায় পুলিশ। সরকারি হিসেবে ১৬, ১৭ ও ১৮ জুলাই তিন দিনে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত দেড় শ ছাত্র-জনতা। গণমাধ্যমের হিসেবে এ সংখ্যা দুই শতাধিক।

    এরপর কারফিউ জারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে সরকার। এরই মাঝে ২ আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়নি। কোনো আন্দোলনকারীর ওপর গুলি চালানোর নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয়নি। এর আগে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়, ‘দেখামাত্র গুলি চালানোর নির্দেশ’ দেওয়া হয়েছে পুলিশকে।

    ২০১৬ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ২০১৬-২০১৯ মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে ২১তম সম্মেলন ও ২০২২ সালে ২২তম সম্মেলনে টানা তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, যা আওয়ামী লীগের ইতিহাসে প্রথম।

    ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। নোয়াখালী-৫ আসন থেকে সেবার নির্বাচিত হয়ে নবম সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি। এরপর একই আসন থেকে আরও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে ১৯৯৬ সালের জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

    ওবায়দুল কাদের ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণআন্দোলন ও ছাত্রদের ১১ দফা আন্দোলনে সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর মুজিব বাহিনীর (বিএলএফ) কোম্পানীগঞ্জ থানা শাখার অধিনায়ক হিসেবে যুদ্ধে অংশ নেন তিনি। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তিনি ৫ বছর কারাবন্দী ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি (১৯৭৭-৮১) নির্বাচিত হন এবং দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

  • শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আ.লীগ নেতা গ্রেফতার

    শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আ.লীগ নেতা গ্রেফতার

    www.HelloBangla.News – রাজনীতি – ১৪ আগস্ট, ২০২৪: শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করা হয়েছে।

    বুধবার (১৪ আগস্ট) ভোরে বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান।

    তিনি জানান, ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম এসে তাকে গ্রেফতার করে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের কারণটি তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি।

    এর আগে, সোমবার (১২ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। তিন মিনিটের ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবীরকে বলেন, আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন।

    মো. জাহাঙ্গীর কবীর শেখ হাসিনাকে বলেন, আপা আপনি (ঘাবড়াবেন না) অর্থাৎ মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।

    শেখ হাসিনা বলেন, আমি ঘাবড়াবো কেন। আমি ভয় পাইনি। আপনারা দেখছেন, আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মীদের মেরেছে। বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন থাকেন।

  • গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি: আমির খসরু

    গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি: আমির খসরু

    www.HelloBangla.News – রাজনীতি  – ১৩ আগস্ট, ২০২৪: গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি, বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। সেই গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছি।”

    আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে এ চিঠি হস্তান্তর করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    আমীর খসরু বলেন, “আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, একটি অবৈধ সরকারের অধীনে যে গণহত্যা হয়েছে। তার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্ত চেয়েছি। ”

    তিনি বলেন, “দেশ-বিদেশের ষড়যন্ত্র ও সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি জাতির সামনে তুলে ধরতে হবে। আগামীতে কেউ যেন এর সাহস না দেখাতে পারে। কেউ যেন নাগরিককে হত্যা করে জোর করে ক্ষমতায় থাকতে না পারে। ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা সেটা যেন কারও মনে না জাগে।”

    জাতিকে কলঙ্কমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলার জন্য অনুরোধ করেছেন বলে জানান তিনি।

    বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

  • শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

    শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

    www.HelloBangla.News – রাজনীতি – ১৩ আগস্ট, ২০২৪: আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে।

    আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন।

    আবেদনে মামলার অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশীদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।

    গত ১৯ জুলাই বিকাল ৪টায় মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকার ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।

    মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমীর হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নীরিহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন।

  • সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

    সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

    www.HelloBangla.News – রাজনীতি – ১২ আগস্ট, ২০২৪: আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ।

    আজ সোমবার (১২ আগস্ট) সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

    নির্দেশনায় আরাফাত-শারমিনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি) তিন কর্ম দিবসের মধ্যে পাঠাতে হবে।

    এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী-কন্যার অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশনা দেয় আর্থিক গোয়েন্দা সংস্থা-বিএফআইইউ।

  • যারা অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদের থেকে মুক্তি পেয়েছে দেশ: বিএনপি মহাসচিব

    যারা অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদের থেকে মুক্তি পেয়েছে দেশ: বিএনপি মহাসচিব

    www.HelloBangla.News – রাজনীতি – ১২ আগস্ট, ২০২৪: যারা অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদের থেকে মুক্তি পেয়েছে দেশ, বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “গণতন্ত্র হত্যাকারী গণবিরোধী, যারা দীর্ঘ ১৫ বছর ক্ষমতা দখল করে এ দেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, তাদের থেকে মুক্তি পেয়েছে দেশ। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে দেশ। দেশের বর্তমান পরিস্থিতিতে কী কী করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেছি ও আমাদের মতামত দিয়েছি। আমরা মনে করি, এ সরকারকে সহায়তা করা প্রতিটি জনগণের দায়িত্ব।”

    আজ সোমবার (১২ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রধান উপদেষ্টা মতবিনিময় করার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

    তিনি বলেন, “আজকে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, সে মহলটি, যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, তারা আবার বিদেশে বসে গণজাগরণের বিজয়কে নস্যাৎ করার পাঁয়তারা করছে। ছাত্র আন্দোলনের বিজয়কে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করছে ।”

    মির্জা ফখরুল বলেন, “এ দলটি (আওয়ামী লীগ) দেশের এতগুলো ছাত্র-জনতা-শিশু হত্যা করার পরও বিভিন্ন রকম কথা বলছে, যা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। আমরা মনে করি, বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে। সরকার রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে কিন্তু কোনো হত্যাকারী দলের সঙ্গে কথা বলবে না। ”

    সোমবার বিকেল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।

    বৈঠকে দলের স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

  • এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্বের ভূমিকা রেখেছে: বিএনপি মহাসচিব

    এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্বের ভূমিকা রেখেছে: বিএনপি মহাসচিব

    www.HelloBangla.News – রাজনীতি – ১২ আগস্ট, ২০২৪: এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্বের ভূমিকা রেখেছে, বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, এই আন্দোলনে ছাত্ররা শুধু সহযোগিতা করেননি, নেতৃত্বের ভূমিকা রেখেছেন। রাজনৈতিক দলগুলো গত ১৫ বছরে ত্যাগ স্বীকার করেছে। অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে। এই আন্দোলনে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্বিত।”

    আজ সোমবার (১২ আগস্ট) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে কবরে জিয়ারত করে এসব কথা বলেন তিনি।

    বিএনপি মহাসচিব বলেন, “সব বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন। জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবেন।”

    মির্জা ফখরুল বলেন, “প্রতিবিপ্লবের যে আশঙ্কা তার জন্য অত্যন্ত সজাগ থেকে, রাস্তায় থেকে তাদের চক্রান্ত প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করবেন, জনগণের কাছে সেই প্রত্যাশা আমার।”

    বিএনপি মহাসচিবের বলেন, “আমরা সবাই জানি, আরাফাত রহমান কোকোকে অত্যাচার, নির্যাতন করে হত্যা করা হয়েছে। নির্যাতনের কারণে তাকে দেশের বাইরে চলে যেতে হয়েছে।”

    মির্জা ফখরুল বলেন, “তিনি (আরাফাত রহমান কোকো) ছিলেন ক্রীড়াবিদ। অল্প সময়ে তিনি ক্রিকেটে বিপ্লব এনেছিলেন।”

    তিনি বলেন, “আমরা আশা করি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে।”

  • ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা

    ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা

    www.HelloBangla.News – রাজনীতি – ১১ আগস্ট, ২০২৪: ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে।
    দলের নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এ অভিযোগ করেছেন বলে জানানো হয়েছে। আজ রবিবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
    সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন এবং তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে অভিযুক্ত করে নিজের নীরবতা ভেঙেছেন।
    ভারত সরকার বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে ‘বিদেশিদের হাত থাকার’ সম্ভাবনার নিয়ে কথা বলার কয়েকদিন পরেই এই অভিযোগ সামনে এলো।
    দ্য প্রিন্ট বলছে, শনিবার আওয়ামী লীগ সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। বার্তাটি দ্য প্রিন্ট দেখেছে বলে দাবি করেছে। সেখানে হাসিনা বলেছেন, ‘আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম।’
    হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখেছে। চলতি বছরের জানুয়ারির নির্বাচনের আগে হাসিনা বলেছিলেন, ‘একজন শেতাঙ্গ মানুষ’ তাকে একটি বিমান ঘাঁটির বিনিময়ে ক্ষমতায় মসৃণ প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছিলেন।
    নিজের সর্বশেষ বিবৃতিতে শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ‘ব্যবহৃত’ না হওয়ার জন্য সতর্ক করেছেন।
    মূলত ছাত্র-জনতার কয়েক সপ্তাহব্যাপী ব্যাপক বিক্ষোভের পর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। পরে বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়া হয় এবং তার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেন।
    হাসিনা বলেন, ‘আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। তারা আপনাদের (ছাত্রদের) লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তা করতে দেইনি।’
    তিনি দাবি করেন, ‘হয়তো আজ যদি আমি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত।’
    ভারতে থাকাকালীন তিনি আগামী সপ্তাহে মিডিয়াতেও ভাষণ দেবেন বলে মনে করা হচ্ছে।

  • সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন

    সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন

    www.HelloBangla.News – রাজনীতি – ১১ আগস্ট, ২০২৪: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন । আজ রবিবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ।
    দীর্ঘ নয় বছর ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থানের পর আজ দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
    ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
    ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোনকল পেয়ে তাকে আটক করা হয়। সালাহউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়।
    ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর ওই বছরের ৮ মে সালাহউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যের কাছে আবেদন করেন।
    আবেদনে তিনি বলেন, ২০১৫ সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল, সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন।

  • সাবেক পররাষ্ট্রমন্ত্রীর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

    সাবেক পররাষ্ট্রমন্ত্রীর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

    www.HelloBangla.News – রাজনীতি – ১১ আগস্ট, ২০২৪: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংকের সব হিসাব জব্দের নির্দেশ।
    আজ রবিবার (১১ আগস্ট) বিএফআইইউয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
    জানা যায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা ও কন্যা নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ধরনের ব্যাংক হিসাব জব্দ ও টাকা উত্তোলন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন ড. হাছান মাহমুদ ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতে পারবেন না।
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রবল তোড়ে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর ড. হাছান মাহমুদ ও দেশ ত্যাগের চেষ্টা করেন। এ সময় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।
    হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এর আগের সরকারে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।