www.HelloBangla.News – জাতীয় – ১১ আগস্ট, ২০২৪: নতুন শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের দুই জন উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমার দপ্তর বণ্টন করা হয়েছে।
আজ রবিবার (১১ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
উপদেষ্টা বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সেনাবাহিনী দায়িত্ব নেয়। এরপর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ৮ আগস্ট ড. ইউনূসসহ ১৪ জন শপথ নেন।
Author: Hello Bangla News
-

আজ শপথ নেওয়া দুই জন উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে
-

আন্দোলন-সহিংসতায় ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন: আইজি
www.HelloBangla.News – জাতীয় – ১১ আগস্ট, ২০২৪: পুলিশ মহাপরিদর্শক (আইজি) মো. ময়নুল ইসলাম জানিয়েছেন আন্দোলন-সহিংসতায় ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে পরিদর্শক তিনজন ও দুজন র্যাব সদস্য রয়েছেন ।
আজ রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বলেন, “আমরা ভিআইপি রোডে ইতোমধ্যে ট্রাফিক সদস্যদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। ইতোমধ্যে ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত বেশি করে ফোর্স দিয়ে চালু করেছি।”
তিনি বলেন, “আন্দোলনে সহিংসতায় ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন, এর মধ্যে পরিদর্শক তিনজন ও দুইজন র্যাব সদস্য। আহত অসংখ্য, শুধু রাজারবাগ পুলিশ হাসপাতালেই ৫০৭ জন চিকিৎসা নিয়েছেন।”
মো. ময়নুল ইসলাম জানান, “বেশি আহত এমন আছেন ২৭ জন। এর মধ্যে আইসিইউতে আছেন দুজন। যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে।”
দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সঙ্গে ছিলেন আইজিপি। -

ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা
www.HelloBangla.News – রাজনীতি – ১১ আগস্ট, ২০২৪: ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এ অভিযোগ করেছেন বলে জানানো হয়েছে। আজ রবিবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন এবং তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে অভিযুক্ত করে নিজের নীরবতা ভেঙেছেন।
ভারত সরকার বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে ‘বিদেশিদের হাত থাকার’ সম্ভাবনার নিয়ে কথা বলার কয়েকদিন পরেই এই অভিযোগ সামনে এলো।
দ্য প্রিন্ট বলছে, শনিবার আওয়ামী লীগ সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। বার্তাটি দ্য প্রিন্ট দেখেছে বলে দাবি করেছে। সেখানে হাসিনা বলেছেন, ‘আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম।’
হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখেছে। চলতি বছরের জানুয়ারির নির্বাচনের আগে হাসিনা বলেছিলেন, ‘একজন শেতাঙ্গ মানুষ’ তাকে একটি বিমান ঘাঁটির বিনিময়ে ক্ষমতায় মসৃণ প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছিলেন।
নিজের সর্বশেষ বিবৃতিতে শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ‘ব্যবহৃত’ না হওয়ার জন্য সতর্ক করেছেন।
মূলত ছাত্র-জনতার কয়েক সপ্তাহব্যাপী ব্যাপক বিক্ষোভের পর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। পরে বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়া হয় এবং তার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেন।
হাসিনা বলেন, ‘আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। তারা আপনাদের (ছাত্রদের) লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তা করতে দেইনি।’
তিনি দাবি করেন, ‘হয়তো আজ যদি আমি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত।’
ভারতে থাকাকালীন তিনি আগামী সপ্তাহে মিডিয়াতেও ভাষণ দেবেন বলে মনে করা হচ্ছে। -

পাকিস্তান সফরে টেস্ট দলে ফিরেছেন মুশফিকুর রহিম
www.HelloBangla.News – খেলাধুলা – ১১ আগস্ট, ২০২৪: পাকিস্তানের সফরের দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে আছেন সাকিব আল হাসান।
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন আছেন এই পেসার।
শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন।বাংলাদেশ টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
দলে ফিরেছেন: মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
বাদ পড়েছেন: শাহাদাত হোসেন।
এদিকে গত সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব। হাসিনা সরকার পতনের পর তিনি জাতীয় দলে খেলতে পারবেন কিনা, তা নিয়েই উঠেছিল গুঞ্জন। সেই গুঞ্জনের মধ্যেই পাকিস্তান সফরের দলে জায়গা করে নিয়েছেন সাকিব।
১৫ সদস্যের দলে বিশেষজ্ঞ ব্যাটার ৭ জন (উইকেটরক্ষক লিটন দাসসহ)। অলরাউন্ডার দুজন-সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। পেস বোলার রয়েছেন চারজন-শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। বিশেষজ্ঞ স্পিনার দুজন-নাঈম হাসান এবং তাইজুল ইসলাম।
আগামীকাল (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি এবং করাচিতে। সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ আগস্ট থেকে, দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট থেকে।
বাংলাদেশ দল লাহোরে একত্রিত হবে এবং গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত। -

পুলিশ ছাড়া আমাদের সমাজ চলতে পারে না: সাখাওয়াত হোসেন
www.HelloBangla.News – জাতীয় – ১১ আগস্ট, ২০২৪: পুলিশ ছাড়া আমাদের সমাজ চলতে পারে না, বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “পুলিশ সদস্যদের ওপর যে হামলা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। মাথার চামড়া খুলে ফেলা, হাত-পা-মাথা থেতলিয়ে ফেলা, এটা টলারেট করার মতো না। হাজার তরুণ মারা গেছে পুলিশ ও অন্যদের গুলিতে, এটাও দুঃখজনক। পুলিশ ছাড়া আমাদের সমাজ চলতে পারে না। প্রতিদিন সন্ধ্যার পর লুট হওয়ার খবর পাচ্ছি। আমাদের সেনাবাহিনী ও বিজিবি মাঠে আছে কিন্তু এটা তাদের কাজ না। পুলিশের যেটা কাজ, সেটা তারা পারে না।”
আজ রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, “একটা রাষ্ট্র এভাবে চলে না, একজনের ইচ্ছে মতো রাষ্ট্র চালানো যায় না। দেশটা কারো পার্সোনাল প্রপার্টি বা ফ্যামিলি প্রপার্টি না। হাজার হাজার লোক মারার পরেও ক্ষমতায় থাকতে চাওয়ার মানসিকতা। পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মতো। তাদের হাতে গত ১৫-২০ বছর আগে মারণাস্ত্র তুলে দেওয়া হয়েছে। দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এটা ঠিক হয়নি। ভবিষ্যতে রাজনীতি করা অনেক কষ্ট হবে। পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে পারবেন না। পুলিশ কমিশনের মতো পুলিশ চলবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আজ অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যায় ডাকাতি হচ্ছে। কী করবেন পুলিশ নাই, পুলিশ সদস্যরা ডিমোরালাইজড হয়ে গেছে। আপনাকে মনে রাখতে হবে পুলিশকে ব্যবহার করেছে কে? তাদের ধরেন। আমি চেষ্টা করব। হুকুমদাতা যারা ছিল তাদের শাস্তি হবে, কঠোর শাস্তি হবে। দেশে না পারলে বিদেশে হবে। এটা কোনো কথা হলো না, হুকুম দিয়ে ছেলে-পেলে আর জনগণকে মারবেন, এটা হতে পারে না। আবার আসেন, দেখেন জনগণ কী করে। জনগণ ছিড়ে ফেলবে এবার। এটা আমাদের খুঁজে বের করতে হবে কারা পুলিশকে এভাবে ব্যবহার করেছে।”
সাখাওয়াত হোসেন বলেন, “এ বাংলাদেশে রাজনীতি হয়ে গেছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো রাজনীতিবিদ তৈরি করিনি, চাটুকার তৈরি করেছি। মানুষ মরে যাচ্ছে কিন্তু বলা হচ্ছে, না সব ঠিক আছে। এরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না।” -

সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন
www.HelloBangla.News – রাজনীতি – ১১ আগস্ট, ২০২৪: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন । আজ রবিবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ।
দীর্ঘ নয় বছর ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থানের পর আজ দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোনকল পেয়ে তাকে আটক করা হয়। সালাহউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়।
২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর ওই বছরের ৮ মে সালাহউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যের কাছে আবেদন করেন।
আবেদনে তিনি বলেন, ২০১৫ সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল, সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। -

এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের দাম কমানোর আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
www.HelloBangla.News – অর্থনীতি – ১১ আগস্ট, ২০২৪: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ১৩ দপ্তর ও সংস্থাকে আল্টিমেটাম দিয়ে জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে । এ সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এসব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন তারা।
আজ রবিবার (১১ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা এ আল্টিমেটাম দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিসহ সচেতনতামূলক কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা এতদিন নানা ধরনের অন্যায়, অনিয়মের সঙ্গে ছিলাম। এখন আমাদের শপথ করতে হবে আমরা আর দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায়, সিন্ডিকেট, চাঁদাবাজি, দখলদারি করবো না। এটা আমাদের মনে ধারণ করতে হবে। তারপর রাষ্ট্র সংস্কার করতে হবে। তা না হলে আমাদের এত আত্মত্যাগ, এত জীবন, এত কান্না, বিপ্লব বৃথা হয়ে যাবে।এ সময় তিনি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি সুপারিশ করেন। সেগুলো হলো-
১. বিপ্লবী ছাত্র জনতা টিম করে প্রতিটি শহর, জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় বাজার মনিটরিং করাবে। তবে তারা কাউকে জরিমানা করতে পারবে না। আইন নিজের হাতে তোলা যাবে না।
২. প্রতিটি জেলা-উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভার আয়োজন করা।
৩. প্রতিটি বিক্রেতার নিত্যপণ্য ক্রয়ের রশিদ রাখা।
৪. প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানো।
৫. কেউ বাজার, রাস্তা, দোকান দখল করে ব্যবসা করলে তাকে উৎখাত করা।
৬. রাস্তায় চাঁদাবাজি বন্ধ করা। সেটি প্রতিরোধ করা।
৭. প্রতিটি এলাকাভিত্তিক মূল্য তালিকা দেওয়া। যাতে কেউ বেশি দাম নিতে না পারে।
৮. ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল বাড়ানো।
৯. দুর্নীতি-স্বজনপ্রীতি বন্ধ করা।
এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতো প্রতিটি সেবাখাতের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে ও উপ-পরিচালক আতিয়া সুলতানার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিতি ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক (কার্যক্রম ও গবেষণা) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে। -

অনিয়মের কোন সুযোগ রাখা উচিত হবে না: ফরিদা আকতার
www.HelloBangla.News – জাতীয় – ১১ আগস্ট, ২০২৪: অনিয়মের কোন সুযোগ রাখা উচিত হবে না, বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার। তিনি বলেন, “অনিয়মের কোন সুযোগ রাখা উচিত হবে না। আমরা সেটা অবশ্যই দেখব। কিন্তু প্রথম কাজ হলো একদম গ্রাম পর্যায়ে বা মাঠ পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে ভিজিট করব। সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করব। আমি অনেক সুযোগ দেখছি।”
আজ রবিবার ( ১১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কাজে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ একথা বলেন।
দুধ, ডিমের মতো পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা- জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার বলেন, “পারব কিনা সেটা পরের কথা। কিন্তু আমার দায়িত্ব হলো দাম কমানো। এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে। যেমন আমি একটি জায়গায় শুনেছি যে চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়।”
ফারিদা আকতার বলেন, “সরবরাহের ক্ষেত্রে যেখানে উৎপাদন হচ্ছে সেখান থেকে বাজার পর্যন্ত আসতে গিয়ে যে প্রসেস তার মধ্যে অনেক জায়গায় অনেক পয়সা দিতে হয়, যেটা পণ্যের দাম বাড়িয়ে দেয়। আমার মনে হয় সেসব জায়গায় একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারবে না। এটা পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে। এসব বিশেষ খাদ্যের দাম বাড়তে দেয়া যাবে না। আমি আরো আলোচনা করব কোথায় কোথায় সমস্যাটা আছে এবং সেখানে গিয়ে আমরা অবশ্যই দাম কমাতে চাই।”
উপদেষ্টা আরও বলেন, “আমাদের দেশের মাছ, গরু-ছাগলের যে প্রজাতি আছে তা বিশ্বে উল্লেখযোগ্য। কাজেই এই মন্ত্রণালয়ে কাজের যে সুযোগ হয়েছে আমরা সেদিকে খুব মনোযোগ দেবো। এখানে অনেক গবেষণা হচ্ছে। এখান থেকে মানুষের জীবন-জীবিকা, পুষ্টির যোগান, আমিষের ঘাটতি পূরনের অনেক সুযোগ হবে।”
তিনি বলেন, “প্রথম কাজ হচ্ছে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা। আমিষ নিশ্চিত করা। আমি খোঁজ খবর নেবো তারপর কোন বিষয়গুলো অগ্রাধিকার দিতে হবে সেগুলো ঠিক করে কাজ এগিয়ে নেবো।”
ফারিদা আকতার বলেন, “সহিংসতায় যে সকল মৎস ও প্রাণিসম্পদ অধিদপ্তর ভাংচুর করা হয়েছে, সেগুলোর সংস্কার কাজও শুরু করা হবে।” -

শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে: আসিফ মাহমুদ
www.HelloBangla.News – খেলাধুলা – ১১ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে ।
আজ রবিবার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথমবার অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট রয়েছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে। সহস্র-হাজার শিক্ষার্থী মারা গেছে, আমরা মনে করি তিনি এর সঙ্গে যুক্ত। আমরা শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি।”
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, “আপনারা জানেন জাতীয়ভাবে আমরা একটি কঠিন সময় পার করছি। আইনশৃঙ্খলা রক্ষা আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশ ভেন্যু হওয়ার ক্ষেত্রে হুমকির মুখে আছে। এ বিষয়ে আমরা বিসিবির সঙ্গে আলোচনা করেছি।”
আসিফ মাহমুদ বলেন, “নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, নিরাপত্তা নিশ্চিত করা। সিকিউরিটি নিশ্চিতে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার আছে। আমি এ বিষয়ে যমুনায় গিয়ে ইউনূস স্যারের সঙ্গে কথা বলব। তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি অবশ্যই আমাদের সহযোগিতা করবেন। স্টেট লেভেল থেকে আমরা নিরাপত্তা নিশ্চিত করব।”
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, “যেহেতু বিসিবি একটি স্বায়ত্তশাসিত ফেডারেশন। সিদ্ধান্তটা আমরা দিতে পারবো না। তাদের কাছ থেকে সুপারিশ নিতে পারব, তাদেরকে পরামর্শ দিতে পারব। বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। আমরা বিসিবির পরিচালকদের অনুরোধ করেছি, তারা আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে সমস্যাটি কিভাবে সমাধান করতে পারেন, বিসিবি সভাপতি হিসেবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা, তারা পরবর্তীতে এ বিষয়ের রিপোর্ট করবেন।”
আসিফ মাহমুদ বলেন, “আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই। ব্যক্তির জায়গা থেকে নয় আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। যাতে যে ব্যক্তি আসুক সিস্টেম ফলো করার মাধ্যমে যে অনিয়ম-দুর্নীতির কথা বলা হচ্ছে, সেগুলো যাতে আর কখনো ফিরে আসতে না পারে।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ আমাদের সংস্কারের দায়িত্ব দিয়েছে। যতদিন প্রয়োজন, আমরা ততদিন থাকবো দায়িত্ব পালন করার জন্য। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন, তাদের ক্ষমতা ধরে রাখা কিংবা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই।”
বিভিন্ন স্থানে জোর করে পদত্যাগ করানো হচ্ছে- এ বিষয়ে উপদেষ্টা বলেন, “সবার প্রতি আমাদের সাজেশন থাকবে, আইনগতভাবেই যাতে সেটা করা হয়। আমাদেরকে অবশ্যই প্রসেস ফলো করতে হবে। সেটা করা না হলে একটা কেওয়াজ সিচুয়েশনের দিকে চলে যাবে।” -

সাবেক পররাষ্ট্রমন্ত্রীর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
www.HelloBangla.News – রাজনীতি – ১১ আগস্ট, ২০২৪: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংকের সব হিসাব জব্দের নির্দেশ।
আজ রবিবার (১১ আগস্ট) বিএফআইইউয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা ও কন্যা নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ধরনের ব্যাংক হিসাব জব্দ ও টাকা উত্তোলন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন ড. হাছান মাহমুদ ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতে পারবেন না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রবল তোড়ে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর ড. হাছান মাহমুদ ও দেশ ত্যাগের চেষ্টা করেন। এ সময় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।
হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এর আগের সরকারে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।