Category: বাংলাদেশ

  • স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসর

    স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসর

    www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪: স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। বুধবার (১৪ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরআগে তাকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    তার বিরুদ্ধে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি এবং আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টার অভিযোগ তুলেছে সংগঠনটি।

    মঙ্গলবার (১৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন।

    তিনি বলেন, ৭ জানুয়ারি ডামি ইলেকশন করে ১০ পার্সেন্ট ভোটকে ৪০ পার্সেন্ট বানানোর আওয়ামী ষড়যন্ত্রের মূলহোতা ছিল তখনকার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে কর্মরত।

    তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে দিয়ে তিনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুনরায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে যাচ্ছেন। তাই এই মো. জাহাংগীর আলমকে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।

  • একাত্তর টেলিভিশন থেকে চাকরি হারালেন শাকিল আহমেদ ও ফারজানা রুপা

    একাত্তর টেলিভিশন থেকে চাকরি হারালেন শাকিল আহমেদ ও ফারজানা রুপা

    www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪: একাত্তর টেলিভিশন থেকে অব্যহতি পেয়েছেন হেড অফ নিউজ শাকিল আহমেদ এবং প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রুপা।

    একাত্তর মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে গত ৮ আগস্ট এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

    সেখানে বলা হয়েছে: একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযাী ৮ আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ-হেড অফ নিউজ, ফারজানা রুপা- প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকুরি থেকে অব্যহতি দেয়া হলো।

  • যে কোনো সময় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

    যে কোনো সময় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

    www.HelloBangla.News – রাজনীতি – ১৪ আগস্ট, ২০২৪: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন নিয়ন্ত্রণে। তাই যে কোন সময় তিনি গুলশানের বাসা ফিরোজা’য় ফিরতে পারেন বলে সূত্র জানিয়েছে।

    ৮ জুলাই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমে কিছুদিন তাঁর শারীরিক অবস্থার কখনও অবনতি ও কখনও উন্নতি হয়।

    তাই তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বাসায়ও নিতে পারেননি স্বজনরা। এক পর্যায়ে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নেতিবাচক গুজবও ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে তাঁর চিকিৎসক বোর্ডের তৎপরতা জোরদার করা হয়। এর পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়। তাই এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে সূত্র জানায়।

    ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থারাইটিস ও ডায়াবেটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, পরিপাকতন্ত্র ও চোখের রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এ কারণে ক’দিন পর পর তাঁকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়।

    ২০২১ সালে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে বেশ ক’বার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন খালেদা জিয়া। করোনাক্রান্ত হয়ে ওইবছর ১৫ এপ্রিল এক ঘন্টার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করানো হয়। রিপোর্ট ভাল আসায় ওইদিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি। ২৭ এপ্রিল খালেদা জিয়াকে আবারও এভারকেয়ার হাসপাতালে নিয়ে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট ভাল না আসায় ওইদিনই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। ৫৪ দিন পর খালেদা জিয়াকে হাসপাতাল থেকে গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয় ১৯ জুন।

    ১১৫ দিন পর দ্বিতীয় দফায় ২০২১ সালে ১২ অক্টোবর খালেদা জিয়া আবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তাঁর শরীরের একটি অংশের চামড়া ফোসকার মতো (চাকা) হয়েছিল। এ জন্য ২৫ অক্টোবর এভার কেয়ার হাসপাতালে তাঁর বায়োপসি করা হয়। দ্বিতীয় দফায় ২৭দিন চিকিৎসা নেয়ার পর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেন ওইবছর ৭ নবেম্বর। এরপর ১৩ নবেম্বর আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে ৮১দিন চিকিৎসা নেন তিনি। তখন হাসপাতালে ভর্তির পর থেকেই তিনি সিসিইউতে ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ২০২২ সালের ৯ জানুয়ারি তাঁকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। ৮১ দিন হাসপাতালে থাকার পর ২০২২ সালের ১ ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফিরেন খালেদা জিয়া।

    ২০২২ সালের ৬ এপ্রিল এভারকেয়ার  হাসপাতালে গিয়ে রেডিওলজিক্যাল পরীক্ষা, ইমেজিং, ব্লাড ও ইউরিন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, হার্টের টেস্টসহ বিভিন্ন পরীক্ষা করান খালেদা জিয়া। এরপর ব্যক্তিগত চিকিৎসকরা চিকিৎসা ব্যবস্থায় সামান্য পরিবর্তন আনেন। ১০ জুন রাত সোয়া ৩টায় বুকের ব্যথা নিয়ে চতুর্থ দফায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি হন খালেদা জিয়া। ১১ জুন এনজিওগ্রামের পর তাঁর হার্টে ৩টি ব্লক ধরা পড়লে  ওইদিনই একটি ব্লকে রিং পরানো হয়। পরদিন দ্রুত এনজিওগ্রাম করে তাঁর হৃদপিন্ডে ৩টি ব্লক পাওয়া যায়। এর মধ্যে একটি ব্লকে রিং পরানো হয়। রিং পরানোর ক’দিন পর তাঁকে কেবিনে নেয়া হয়। কেবিনে রেখেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চালায় মেডিকেল বোর্ড। এভারকেয়ার হাসপাতালে টানা ১৪ দিন চিকিৎসা শেষে ২৪ জুন গুলশানের বাসা ফিরোজা’য় ফিরেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এরপর ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে পরীক্ষা শেষে রাতেই আবার বাসায় ফেরেন তিনি। এর পাঁচ দিন পর ২৭ আগষ্ট আবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর ৩১ আগষ্ট তিনি বাসায় ফিরেন।

    ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিভিন্ন শারীরিক পরীক্ষার পর তিনি গুলশানের বাসায় ফিরে যান খালেদা জিয়া। ২৯ এপ্রিল সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য আবার এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা বোর্ডের পরামর্শে ওইদিন রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পর্যবেক্ষণে ৬ দিন চিকিৎসার পর ৪ মে আবার তিনি গুলশানের বাসায় চলে যান। এরপর আবারও ১৩ জুন তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ৫ দিন চিকিৎসা শেষে ১৭ জুন  বাসায় ফিরেন। ৫৩ দিন পর ৯ আগষ্ট আবারও চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। প্রয়োজনীয় শারীরিক পরক্ষা-নিরীক্ষা শেষে ওইদিনই হাসপাতালে ভর্তি হন।  ৫ মাস ২ দিন পর এ বছর ১১ জানুয়ারি তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেন।

    এ বছর ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। পরীক্ষা-নিরীক্ষার পর সেদিনই তিনি গুলশানের বাসা ফিরোজা’য় ফিরেন। এর পর ১৩ মার্চ এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। একদিন পর ১৪ মার্চ তিনি বাসায় ফিরেন। ৩০ মার্চ দিবাগত রাত ৩টায়  আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে ২ এপ্রিল বাসায় ফিরেন তিনি। এর পর ১ মে সন্ধ্যায় এভারকেয়ংার হাসপাতালে ভর্তি হয়ে ২ মে রাতে তিনি বাসায় ফিরেন।

    ২১ জুন গভীর রাতে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে ১১ দিন চিকিৎসা শেষে ২ জুলাই সন্ধ্যায় বাসায় ফিরেন খালেদা জিয়া। ২৩ জুন তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। সর্বশেষ ৮ জুলাই খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

    উল্লেখ্য, ৬ জুলাই মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। মুক্তি পেলেও তিনি হাসপাতালে থেকেই চিকিৎসা নেন। দীর্ঘ ১০ বছর পর আবারও পুলিশ এসকর্ট দেয়া হয়েছে তাকে। এ ছাড়া তাঁর নিরাপত্তায় রয়েছে ব্যক্তিগত নিরাপত্তাবাহিনী সিএসএফ। এই টিমে বেশ ক’জন সাবেক সেনা কর্মকর্তাও রয়েছেন। সিএসএফ ও পুলিশ এসকর্ট তাঁর বাসায় নিয়মিত দায়িত্ব পালন করলে খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • এনএসআইয়ের মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার

    এনএসআইয়ের মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার

    www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪: জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।

    মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের মহাপরিচালক, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড্যান্ট ডিএসসিএসসি এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

  • জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান

    জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান

    www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪:  মো. আবদুর রহমান খানকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন।

    বুধবার মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেয়া হয়।

  • প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর

    প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর

    www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অপূর্ব জাহাঙ্গীর। যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে এ নিয়োগ কার্যকর হবে।

    মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) ‘জাতীয় বেতনে স্কেল, ২০১৫’ এর চতুর্থ গ্রেড ও সংশ্লিষ্ট সুবিধাধিসহ তিনি উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন।

    অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের প্রেস সচিব হয়েছেন সাংবাদিক শফিকুল আলম। তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

  • ২৮ থেকে ৪২তম বিসিএসের ২৫৯ জনের নিয়োগ

    ২৮ থেকে ৪২তম বিসিএসের ২৫৯ জনের নিয়োগ

    www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪: সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ২৮তম হতে ৪২তম বিসিএস পর্যন্ত ২৫৯ জন প্রার্থীকে ভূতাপেক্ষিকভাবে ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকার।

    বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ  বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

    আগামী ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদান করতে হবে। ক্যাডার নিয়োন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করবেন।

    নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

  • শেখ হাসিনার অভিযোগ হাস্যকর, মন্তব্য যুক্তরাষ্ট্রের

    শেখ হাসিনার অভিযোগ হাস্যকর, মন্তব্য যুক্তরাষ্ট্রের

    www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪: ছাত্র-জনতার রোষানলের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুতের নেপথ্যে যুক্তরাষ্ট্র দায়ী এমন একটি বার্তা ছড়িয়ে পরে সম্প্রতি। যদিও বার্তাটি শেখ হাসিনার নয় বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

    তবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

    গতকাল মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মলনে এ কথা জানান আমেরিকার পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

    সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, ‘এটি হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে আমেরিকা জড়িত ছিল- এমন ধারণা একেবারেই মিথ্যা।‘

    তিনি আরও বলেন, ‘আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিকর তথ্য দেখেছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সঠিক তথ্য জোরদার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

    সব প্রাথমিক বিদ্যালয় খুলছে আজসব প্রাথমিক বিদ্যালয় খুলছে আজ

    এর আগে সোমবার হোয়াইট হাউস জানায়, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। একইসঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে ‘কেবলই মিথ্যা’ বলেও অভিহিত করে হোয়াইট হাউস।

    গত রোববার ভারতের দ্য প্রিন্টসহ ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে শেখ হাসিনার একটি বার্তা প্রকাশ করা হয়। সেখানে বলা হয় তিনি বলেছেন, ‘সেন্টমার্টিন দ্বীপ দিতে রাজি হননি বলেই তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর এর পেছনে রয়েছে আমেরিকা।’

    তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার রাত ১১টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বার্তা দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তাঁর (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি।’

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন’ সন্দেহে বাড়ি ঘেরাও

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন’ সন্দেহে বাড়ি ঘেরাও

    www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪: ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন’ এমন সন্দেহে ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছেন স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয়ের বলে জানা গেছে।

    মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢুকেছেন সেনাবাহিনীর সদস্যরা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের ৩১ নম্বর বাড়িতে তিনি পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করে। এরপর রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখেন সবাই। পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়িতে ঢুকেছেন।

  • এনবিআর চেয়ারম্যান আবু হেনাসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    এনবিআর চেয়ারম্যান আবু হেনাসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    বুধবার (১৪ আগস্ট) এ বিষয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চুক্তি বাতিল হওয়া অন্যরা হলেন- জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, সড়ক, পরিবহন বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য (সচিব) মো. খাইরুল ইসলাম৷

    তারা চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন, তাদের সবার চুক্তি বাতিল করা হয়েছে।