
www.HelloBangla.News – জাতীয় – ১৭ ডিসেম্বর, ২০২৪: বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি এখন সবার অবগতির জন্য ঘোষণা করছি- বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। সদস্য সংখ্যাটা এখন আমরা নিরূপণ করিনি। এটি পাঁচজনও হতে পারে বা সাতজনও হতে পারে, নয়জনও হতে পারে। তবে এখানে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা একটু বেশি থাকবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নামগুলো পাওয়ার পর তাদের সঙ্গে আলোচনা করে কতদিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে সেটি জানানো হবে। কমিটির কাজের পরিধি আমরা বসে নির্ধারণ করবো।”
তিনি বলেন, “যে কমিটি গঠন করা হবে, তাতে অবসরপ্রাপ্ত বিচারক থেকে শুরু করে সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তরা থাকবে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন “এটি পাঁচ জন বা তারও বেশি হতে পারে। তবে এখানে সশস্ত্র বাহিনী সদস্য সংখ্যা বেশি থাকবে।”
