ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চলছে - শিক্ষা - ৯ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চলছে - শিক্ষা - ৯ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – শিক্ষা – ০৯ সেপ্টেম্বর, ২০২৫: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটের সময় শুরু হবার আগে থেকেই কেন্দ্রগুলোর বাইরে দেখা গেছে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। প্রায় ৪০ হাজার ভোটারের সরাসরি ভোটে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদ নির্বাচিত হচ্ছে এবার। পাশাপাশি ১৮টি হলের জন্যও ভোট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রতিটি হলে ১৩ জন করে নেতা নির্বাচিত হবেন, মোট ২৩৪ জন। তবে ডাকসু সংসদ আসলে কী কাজ করে সেটি নিয়ে আগ্রহ অনেকেরই রয়েছে।

স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিচ্ছে ভোটাররা। তবে নির্বাচনের আটটি কেন্দ্রের মধ্যে ভূতত্ত্ব বিভাগে ভোটগ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর।

এসময় ফাঁকা ব্যালট বাক্স এনে গণমাধ্যম ও পোলিং এজেন্টকে দেখান কেন্দ্রটির ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা। দেরি করা সময় পরে পুষিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, এটি কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র। এখানে ভোটার আছে চার হাজার ৪৪৩ জন। এসময় ছাত্রদল ও ছাত্রশিবিরের ভিপি বা সহসভাপতি পদে দাঁড়ানো প্রার্থী আবিদুল ইসলাম খান এবং সাদিক কায়েমকে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখতে দেখা গেছে।

উল্লেখ্য, আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলবে। এবার ভোটারদের মোট সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

এর আগে ২০১৯ সালে সর্বশেষ ভোট অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের স্বাধীনতার পর অষ্টম ভোট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাতে ৩৮ তম ভোট। এবারের ডাকসু নির্বাচনে প্রতি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দেবেন।

 

ভিপি প্রার্থী উমামা ফাতেমা প্রশাসনের নীরব ভূমিকার অভিযোগ করেছেন

স্বতন্ত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ডাকসুর ভোটে অব্যবস্থাপনা এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগ তুলেছেন ।

গণমাধ্যমকে তিনি বলেন, “অব্যবস্থাপনার অভিযোগ আমরা পেয়েছি। আমরা কিন্তু বারবার সতর্ক করেছি যাতে তারা সতর্কতার সাথে এই পদক্ষেপগুলো নেন।”

অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে এক্সেস দেওয়ার অভিযোগ তুলেছেন। এ ধরনের আচরণকে ‘পক্ষপাতদুষ্ট’ উল্লেখ করে তিনি বলেন, “ইমিডিয়েট অ্যাকশন না নিয়ে প্রশাসনের নীরব ভূমিকা দুঃখজনক”।

এরমধ্যে ভোট দিয়েছেন বামপন্থি কয়েকটি সংগঠনের প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু। নির্বাচনে প্রগতির পক্ষের লোকেরা জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বসু জানান, গতবারের ডাকসু নির্বাচনে ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেননি। কিন্তু এবার তেমন কিছু মুখোমুখি হতে হয়নি।

ভোট দেওয়ার অধিকার পাওয়াকে জুলাই অভ্যুত্থানের অর্জন বলেও উল্লেখ করেন তিনি। একইসাথে ভোটারদের সবাইকে নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই আহ্বান জানিয়েছেন জিএস পদের প্রার্থী এস এম ফরহাদও। তিনি বলেন, “শিক্ষার্থীদের অনুরোধ করবো ভোট দিতে। আমরা যে পরিবেশ দেখাবো, বাংলাদেশ সে পথে এগোবে”।

অন্যদিকে এবার ভোটাররা অনেক বেশি সচেতন বলে মন্তব্য করেছেন উমামা ফাতেমা। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটাররা লিস্ট করে এনেছেন বলেও সাংবাদিকদের জানান তিনি।

 

আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা: রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা

স্বতঃস্ফূর্ত পরিবেশে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শামীম রেজা। ভোটের সময় শুরুর অনেক আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে গেছেন এবং ভোর শুরু করার আগে ফাঁকা ব্যালট বাক্স মিডিয়া ও পোলিং এজেন্টকে দেখানো হয়েছে বলেও জানান তিনি।

বেলা সাড়ে ১০টা পর্যন্ত “১৫ শতাংশের মতো ভোট পড়েছে” জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের উৎসাহের কোনো ঘাটতি নেই। সবাই লাইনে আছে। ছোটোখাটো কিছু অভিযোগ-অনুযোগ তো আছেই।”

আচরণবিধির বিষয়ে অধ্যাপক রেজা বলেন, “কেউ কেউ আমাদের বাইরের পরিবেশের কথা বলেছেন, সেটা আমরা অবহিত আছি। আমরা জানাচ্ছি। আর আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কেউ সেটা করছেন না।”

 

ভোটারদের সুবিধার্থে চলবে চক্রাকার শাটল

শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ চক্রাকার শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটারদের সহজ যাতায়াত নিশ্চিত করতে আজ সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাটল সার্ভিস চলবে।

 

ডাকসু নির্বাচনে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজারের বেশি সদস্য মোতায়েন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজারের বেশি সদস্য।

ভোট শুরু হওয়ার আগে থেকেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের সব কয়টি প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। বৈধ আইডি কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে।

তবে তেমন কোন অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে চলছে ডাকসু নির্বাচন।

 

সূত্র: বিবিসি বাংলা

পূর্ববর্তী বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
পরবর্তী ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের চেতনাকে আশাহত করা হয়েছে: আবিদুল