যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে ৬২ জন নিহত

Hello Bangla News | যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে ৬২ জন নিহত - আ্ন্তর্জাতিক - ১০ আগস্ট ২০২৪ (ফাইল ছবি)
Hello Bangla News | যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে ৬২ জন নিহত - আ্ন্তর্জাতিক - ১০ আগস্ট ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ আগস্ট, ২০২৪: ব্রাজিলের সাও পাওলো রাজ্যে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।
গতকাল শুক্রবার (৯ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, জোড়া ইঞ্জিনের টারবোপ্রোপ প্লেনটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার কাসকাভেল শহর থেকে সাও পাওলো রাজ্যের প্রধান বিমানবন্দরের দিকে আসছিল। কিন্তু ভিনহেদো শহরে আসতেই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে খাড়াভাবে পাক-খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বিমানের ভেতর ৫৮ জন যাত্রী এবং বাকি চার জন ক্রু সদস্য সবার ঘটনাস্থলে মৃত্যু বরণ করে।
কর্তৃপক্ষ জানায়, বিমানটি একটি আবাসিক এলাকায় ভূপাতিত হয়। তবে এলাকায় থাকা কোনো ব্যক্তিই এর ফলে আহত হননি। শুধু একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ঘরের বাসিন্দাদের ওপর কোনো আঁচ পড়েনি। যদিও এলাকাটিতে নিমিষেই ছড়িয়ে পড়ে আগুনের ধোঁয়া। যে কারণে সঙ্গে সঙ্গেই জানানো হয় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় হাসপাতালকে।
ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর‍্যাডার ২৪ এর মতে, বিমানটি তৈরি হয়েছিল ২০১০ সালে এবং কাসকাভেল ছেড়ে যায় স্থানীয় সময় সকাল ১১টা ৫৬ মিনিটে। উড্ডয়নের দেড় ঘণ্টা পর বিমানটি থেকে সবশেষ সিগন্যাল পাওয়া যায়।

পূর্ববর্তী অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন
পরবর্তী আজ সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করছেন প্রধান বিচারপতি