Author: Hello Bangla News

  • আবু সাঈদ বাংলাদেশে যত পরিবার আছে সব পরিবারের সন্তান: ড. ইউনূস

    আবু সাঈদ বাংলাদেশে যত পরিবার আছে সব পরিবারের সন্তান: ড. ইউনূস

    www.HelloBangla.News – জাতীয় – ১০ আগস্ট, ২০২৪: আবু সাঈদ বাংলাদেশে যত পরিবার আছে সব পরিবারের সন্তান, বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আবু সাঈদ এখন ঘরে ঘরে। প্রত্যেক ঘরে আবু সাঈদ এবং বাংলাদেশে যত পরিবার আছে সব পরিবারের সন্তান। বাংলাদেশে জাতি,ধর্ম, নির্বিশেষে সবারই সন্তান।”
    আজ শনিবার (১০ আগস্ট) নিহত আবু সাঈদের বাড়িতে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
    ড. মুহাম্মদ ইউনূস বলেন, “শিক্ষার্থীরা স্কুলে পড়বে আবু সাঈদের কথা। নিজে নিজে বুঝে যাবে আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও বুক পেতে দেব।”
    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, “এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন কোথাও কোনো গোলযোগ যেন না হয়। কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে। কারণ আমরা এই মাটিরই সন্তান। সবাই আবু সাঈদ।”
    ড. ইউনূস বলেন, “এই মাটির সন্তানদের রক্ষা করা জাতি, ধর্ম, নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করতে সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেভাবে দাঁড়িয়েছে আমাদেরও এভাবে দাঁড়াতে হবে।”
    তিনি বলেন, “এই আবু সাঈদের বাংলাদেশে কোন ভেদাভেদ নেই। কাজেই আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন, আবু সাঈদের মা-বাবা, যারা আছেন তাদের রক্ষা করুন। কোনোভাবে গোলযোগ করতে দেবেন না।”
    কোথাও যেন কেউ কোনো গোলযোগ করতে না পারে সে বিষয়েও সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    এর আগে শনিবার সকাল ১১টার দিকে আবু সাঈদের বাড়িতে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে আবু সাঈদের বাড়ির ভেতরে যান। আবু সাঈদের বাড়ির আঙিনায় দীর্ঘ সময় বসেন এবং তার বাবা-মা, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের সান্ত্বনা দেন।
    আবু সাঈদের বাবা-মাকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে জাতীয় পতাকা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
    এ সময় ড. ইউনূসের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আখতার হোসেন, সারজিস আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
    আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে গ্রামের মকবুল হোসেনের ছেলে। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
    ১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে গুলির মুখে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা নিরস্ত্র আবু সাঈদ।

  • সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়: আসিফ নজরুল

    সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়: আসিফ নজরুল

    www.HelloBangla.News – জাতীয় – ১০ আগস্ট, ২০২৪: সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়, বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, “দুটো জিনিস মাথায় রাখবেন, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। আমরা দেখেছি পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক), পাবলিক বিশ্ববিদ্যালয়কে জনগণকে নির্যাতনের উইপন (অস্ত্রশস্ত্র) হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সেবা পেয়েছি, কিছু কিছু ভালো মানুষ আছে। কিন্তু পুরো ব্যবস্থা এমনভাবে দাঁড় করিয়েছিল যে ভিন্নমত পোষণকারী মানুষ, মৌলিক অধিকার চর্চার মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো আতঙ্কে পরিণত হয়েছিল। এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের মধ্যে সমন্বয় করে যত দিন থাকার দরকার আমরা তত দিন থাকব। বেশিও না, কমও না।”
    আজ শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে অফিস করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
    সাইবার নিরাপত্তা আইন কী থাকবে নাকি না এমন জানতে চাইলে অধ্যাপক আসিফ নজরুল বলেন, “যেকোনো ধরনের খারাপ আইন, যেটি সংস্কার করা প্রয়োজন বা বাতিল করা প্রয়োজন সেটি আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো। সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম, কাজেই বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নেই আমার।”
    অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের রোলিং এবং সরকারের মেয়াদ নিয়ে আসিফ নজরুল বলেন, “এটার মেয়াদের ব্যাপারে এখনো কথা হয়নি।”
    অধ্যাপক আসিফ নজরুল বলেন, “ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষককতার ও উন্মুক্ত ফ্রি জীবন মিস করি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি যত তাড়াতাড়ি কাজ শেষ করব আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারব, যেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেশি ইনজয়বেল। কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমি এবং আমার অন্যান্য উপদেষ্টারা যে দায়িত্বের জন্য জন্য আসছি, আমরা সেই দায়িত্ব পালন করব।”
    নির্বাচন কমিশনের প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা তো আপনারা জানেন। এখানে যদি থ্রোব ওভার হোলিং না করা হয় তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে। আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না।”
    বর্তমান ইসির পদত্যাগের কথা বলবেন কি না, প্রশ্নে তিনি বলেন, “আমি স্পেসিফিক্যালি কিছু বলব না। আমি শুধু বলেছি, আপনাদের সব সংস্কার করা হবে।”

  • পরিবেশ বান্ধব কাজ করার বিষয়ে আমাদের চেষ্টা থাকবে: আদিলুর রহমান

    পরিবেশ বান্ধব কাজ করার বিষয়ে আমাদের চেষ্টা থাকবে: আদিলুর রহমান

    www.HelloBangla.News – জাতীয় – ১০ আগস্ট, ২০২৪: পরিবেশ বান্ধব কাজ করার বিষয়ে আমাদের চেষ্টা থাকবে, বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, “অগ্রাধিকার হিসেবে আমাদের গ্যাসের সমস্যা রয়েছে, ক্ষুদ্র শিল্প নিয়ে কিছু পরিকল্পনা আছে। পরিবেশ বান্ধব কাজ করার বিষয়ে আমাদের চেষ্টা থাকবে। যেমন সাভারে চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। জাহাজ শিল্প নিয়েও আলোচনা করেছি। আমরা প্রতি দিনই বসবো কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার করবো। এখানে একটি চমৎকার টিম রয়েছে তারা খুবই অ্যাক্টিভ। আমরা চেষ্টা করে যাবো আপনারা সব সময় আমাদের সহযোগী হিসেবে পাবেন।”
    আজ শনিবার (১০ আগস্ট) সকালে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।
    আদিলুর রহমান খান বলেন, “আজকে আমার প্রথম দিন আমি কৃতজ্ঞ ছুটির দিনেও আমার সহকর্মীরা এসেছেন। আমাদের যেসব খাতে সমস্যা বা চ্যালেঞ্জ আছে সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে আমাদের গ্যাসে সংকটের জন্য গত ছয় মাস আমাদের চারটি সারকারখানা বন্ধ ছিল। শুধু ঘোড়াশাল সারকারখানা উৎপাদনে আছে। চামড়া খাতকেও অগ্রাধিকার দেওয়া হবে। গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করা, চামড়া ও সার কারখানাগুলোকে অগ্রাধিকার দিতে হবে। তবে সব কাজই চ্যালেঞ্জিং, দেখি কতটুকু করা যায়।”
    শিল্প উপদেষ্টা বলেন, “অত্যন্ত কঠোর অবস্থানে থেকে গণ-আন্দোলনে ছাত্র-জনতার যে ম্যান্ডেট সেটা নিয়েই সাধ্যমতো কাজ করবো। তবে সব কাজই চ্যালেঞ্জিং, দেখি কতটুকু করা যায়।”
    লোকসানের বিষয় কী পদক্ষেপ নেবেন, গ্যাস সংকট সমাধানে কি পদক্ষেপ নেবেন জানতে চাইলে আদিলুর রহমান খান বলেন, “আমরা এসব বিষয় জানতে পেরেছি, আলোচনা করেছি, এ ব্যাপারে যতদূর সম্ভব কাজ করবো। সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে সার আমদানিতে। যাতে কৃষকদের কোনো সমস্যা না হয়। গ্যাসের জন্য এ সমস্যাটা না হয়। এর ফলে শিল্পের যে লোকসান হয় সেটা কমে যাবে।”
    দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, “এতো মানুষের রক্তের ওপর দিয়ে আন্দোলনের মাধ্যমে আমরা দায়িত্বে এসেছি এখানে দুর্নীতির বিষয়ে আমাদের কঠোর হওয়া ছাড়া উপায় নেই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে গণ-আন্দোলনে ছাত্র-জনতার যে ম্যান্ডেট সেটা নিয়েই সাধ্যমতো কাজ করবো। দুর্নীতির বিষয়তো প্রশ্নই আসে না। আমরা সবাই একটা টিম আপনারাও এর একটা অংশ। সবাই মিলে কাজ করলে আমরা সব কিছু ওভারকাম করতে পারবো।”

  • আজ সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করছেন প্রধান বিচারপতি

    আজ সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করছেন প্রধান বিচারপতি

    www.HelloBangla.News – জাতীয় – ১০ আগস্ট, ২০২৪: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আজ সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব।
    আজ শনিবার (১০ আগস্ট) দুপুর ১টা ৫ মিনিটে প্রধান বিচারপতি এ কথা জানিয়েছেন।
    পদত্যাগের দাবি উঠেছে, এ অবস্থায় আপনার সিদ্ধান্ত কি? এই প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে বলেন, “আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কিছু আনুষ্ঠানিকতার বিষয় আছে। সেগুলো শেষ হলেই সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবো।”
    সকাল থেকেই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
    এদিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আন্দোলনকারীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বলেছেন, আপনারা শান্ত থাকুন। হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান করলেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের দ্বারা হাইকোর্টের কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়।

  • যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে ৬২ জন নিহত

    যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে ৬২ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ আগস্ট, ২০২৪: ব্রাজিলের সাও পাওলো রাজ্যে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।
    গতকাল শুক্রবার (৯ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।
    জানা যায়, জোড়া ইঞ্জিনের টারবোপ্রোপ প্লেনটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার কাসকাভেল শহর থেকে সাও পাওলো রাজ্যের প্রধান বিমানবন্দরের দিকে আসছিল। কিন্তু ভিনহেদো শহরে আসতেই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে খাড়াভাবে পাক-খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বিমানের ভেতর ৫৮ জন যাত্রী এবং বাকি চার জন ক্রু সদস্য সবার ঘটনাস্থলে মৃত্যু বরণ করে।
    কর্তৃপক্ষ জানায়, বিমানটি একটি আবাসিক এলাকায় ভূপাতিত হয়। তবে এলাকায় থাকা কোনো ব্যক্তিই এর ফলে আহত হননি। শুধু একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ঘরের বাসিন্দাদের ওপর কোনো আঁচ পড়েনি। যদিও এলাকাটিতে নিমিষেই ছড়িয়ে পড়ে আগুনের ধোঁয়া। যে কারণে সঙ্গে সঙ্গেই জানানো হয় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় হাসপাতালকে।
    ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর‍্যাডার ২৪ এর মতে, বিমানটি তৈরি হয়েছিল ২০১০ সালে এবং কাসকাভেল ছেড়ে যায় স্থানীয় সময় সকাল ১১টা ৫৬ মিনিটে। উড্ডয়নের দেড় ঘণ্টা পর বিমানটি থেকে সবশেষ সিগন্যাল পাওয়া যায়।

  • অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন

    অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১০ আগস্ট, ২০২৪: ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। পার্ক দ্য প্রিন্সেসে শুরুতেই গোল পেয়েছিল ফ্রান্স। তবে মধ্যাহ্ন বিরতির আগেই সেই গোল শোধ করে উল্টো ২ গোলের ব্যবধানের লিড নেয় স্পেন। দ্বিতীয়ার্ধে সেই ২ গোল শোধ করে আবার ম্যাচে ফেরে স্বাগতিকরা। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে সের্হিও কামেয়োর জোড়া গোলে ৫-৩ গোলের জয় পেয়েছে স্পেন।
    গতকাল শুক্রবার (১০ আগস্ট) পিএসজির ঘরের মাঠে অলিম্পিকের পুরুষ ফুটবলের ফাইনালে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে সোনা জিতেছে স্পেন।
    ম্যাচের ১১ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন এনজো মিলোত। কিন্তু সেই লিড ধরে রাখার জন্য খুব বেশি সময় পায়নি। উল্টো ১০ মিনিটের ব্যবধানে ৩ গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্পেন। ১৮ মিনিটে গোল শোধ দেওয়ার কাজটা করেন ফেরমিন লোপেস। আলেক্স বায়েনার অ্যাসিস্ট থেকে জাল খুঁজে নেন তিনি। এরপর কাছাকাছি দূরত্ব থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। ২৮ মিনিটে ফ্রি কিকে দুর্দান্ত এক গোল করেন বায়েনা।
    দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ফ্রান্স জেগে ওঠে শেষ মুহূর্তে। ৭৯ মিনিটে ব্যবধান কমান মাগনেস আকলিওচে। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে গোল করতে কোনো ভুল করেননি জেন ফিলিপি মাতেতা।
    ব্যবধান ৩-৩ হওয়ার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ব্যবধান গড়ে দিয়ে স্পেনের নায়ক বনে যান বদলি হিসেবে নামা সের্হিও কামেয়ো। জোড়া গোল করে দলকে সোনা জয়ের স্বাদ এনে দেন তিনি। ১০০ মিনিটে আদ্রিয়ান বের্নাবের থ্রু বল ধরে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ১২০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের বাইরে দারুণ শটে স্কোরশিটে নাম লেখান দ্বিতীয়বারের মতো।
    অলিম্পিক ফুটবলে এটি স্পেনের দ্বিতীয় সোনা। ৩২ বছর আগে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে ঘরের মাঠে পোল্যান্ডকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল তারা।

  • সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা

    সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা

    www.HelloBangla.News – জাতীয় – ১০ আগস্ট, ২০২৪: সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে।
    আজ শনিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
    চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার সকাল সাড়ে ১০টায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
    এদিকে সভা ডাকার পরপরই অবিলম্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে যেকোনো প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ।
    শনিবার (১০ আগস্ট) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, পরাজিত শক্তির যেকোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। তিনি বলেন, আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উসকানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।

  • অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন

    অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন

    www.HelloBangla.News – জাতীয় – ৯ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি, বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে এখনই আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কারণ আপনি কি সংস্কার চান? সেটা না বোঝে মেয়াদের কথা বলতে পারব না।”

    শুক্রবার (৯ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

    রিজওয়ানা হাসান বলেন, “আমরা সবাই যাতে একটি গণতান্ত্রিক দেশের যাত্রা শুরু করতে পারি, তার প্রস্তুতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতির জন্য যে সময় দরকার, সেটাই আমরা নেব। শেষ পর্যন্ত আমরা গণতন্ত্রের দিকে যাব।”

    তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তন করার জন্য তারা (শিক্ষার্থীরা) আন্দোলন করেছেন। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে, আজকে আমাদের বেশিরভাগ আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা নিয়ে।”

    রিজওয়ানা হাসান আরও বলেন, “ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না। কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপ্রয়োগ হয়। তাই সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো অপ্রয়োগ করা যাচ্ছে, সেগুলো চিহ্নিত করে বাতিলের করা নিয়ে আলোচনা হয়েছে।”

    দেশের বিভিন্ন জায়গায় ডাকাতির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, বৈঠকে আইজিপিকে জিজ্ঞাসা করা হয়েছিল তার কাছে কী তথ্য আছে? তাছাড়া পুলিশের অনেকগুলো থানাও সচল নয়। ফলে তার কাছে সব তথ্য থাকবে সেটাও আমরা মনে করি না। তাই আলোচনা হয়েছে যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে নামানো, বিশেষ করে পুলিশ সদস্যদের।

  • অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি: রিজওয়ানা হাসান

    অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি: রিজওয়ানা হাসান

    www.HelloBangla.News – জাতীয় – ৯ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি, বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে এখনই আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কারণ আপনি কি সংস্কার চান? সেটা না বোঝে মেয়াদের কথা বলতে পারব না।”

    শুক্রবার (৯ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

    রিজওয়ানা হাসান বলেন, “আমরা সবাই যাতে একটি গণতান্ত্রিক দেশের যাত্রা শুরু করতে পারি, তার প্রস্তুতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতির জন্য যে সময় দরকার, সেটাই আমরা নেব। শেষ পর্যন্ত আমরা গণতন্ত্রের দিকে যাব।”

    তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তন করার জন্য তারা (শিক্ষার্থীরা) আন্দোলন করেছেন। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে, আজকে আমাদের বেশিরভাগ আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা নিয়ে।”

    রিজওয়ানা হাসান আরও বলেন, “ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না। কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপ্রয়োগ হয়। তাই সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো অপ্রয়োগ করা যাচ্ছে, সেগুলো চিহ্নিত করে বাতিলের করা নিয়ে আলোচনা হয়েছে।”

    দেশের বিভিন্ন জায়গায় ডাকাতির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, বৈঠকে আইজিপিকে জিজ্ঞাসা করা হয়েছিল তার কাছে কী তথ্য আছে? তাছাড়া পুলিশের অনেকগুলো থানাও সচল নয়। ফলে তার কাছে সব তথ্য থাকবে সেটাও আমরা মনে করি না। তাই আলোচনা হয়েছে যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে নামানো, বিশেষ করে পুলিশ সদস্যদের।

  • অন্তর্বর্তী সরকারের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ হয়েছে

    অন্তর্বর্তী সরকারের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ হয়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ৯ আগস্ট, ২০২৪: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ হয়েছে ।

    স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানান।

    ম্যাথিউ মিলার বলেন, “অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে নিজেদের চাওয়ার কথা সরকারকে জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। একইসঙ্গে সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য ড. ইউনূসের আহ্বানকেও যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে।”

    ব্রিফিংয়ে এক সাংবাদিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের শপথ নেওয়ার বিষয়ে জানতে চান। তিনি বলেন, “বাংলাদেশের জন্য আজ একটি শুভ দিন।”

    এক সাংবাদিক প্রশ্ন করেন, নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূস সবেমাত্র বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাহলে আপনি কি পররাষ্ট্র দপ্তর বা প্রেসিডেন্টের (জো বাইডেন) পক্ষ থেকে নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন?

    জবাবে ম্যাথিউ মিলার বলেন, “আমাদের চার্জ ডি’অ্যাফেয়ার্স বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আমরা সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য ড. ইউনূসের আহ্বানকে স্বাগত জানাই। আমরা অন্তর্বর্তী সরকার এবং ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

    এর আগে, এক সাংবাদিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ নিয়ে জানতে চান। তিনি বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী নেতা হিসেবে আজ শপথ নিলেন মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো যোগাযোগ হয়েছে কি না বলতে পারেন?”

    জবাবে মিলার বলেন, “অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং আমাদের চার্জ ডি’অ্যাফেয়ার্স বৃহস্পতিবার তার শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমি জানি না শপথ গ্রহণের অনুষ্ঠানে তিনি তার সঙ্গে কথা বলেছিলেন কি না, তবে তিনি সেখানে উপস্থিত ছিলেন।”

    ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। তার  নেতৃ‌ত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে।

    আজ শুক্রকার (৯ আগস্ট) প্রতিটি উপদেষ্টার দায়িত্ব বন্টক করা হয়।