আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি: শান্ত

আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি শান্ত - খেলাধুলা - ১২ ফেব্রুয়ারি ২০২৫ (ফাইল ছবি)
আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি শান্ত - খেলাধুলা - ১২ ফেব্রুয়ারি ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ১২ ফেব্রুয়ারি, ২০২৫: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আরব আমিরাত ও পাকিস্তানে অনুষ্টিত হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ দল বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে শেষ দিনের অনুশীলনের আগে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি)  গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টে তারা পড়েছে কঠিন গ্রুপে। স্বাগতিক পাকিস্তান ছাড়াও গ্রুপে আছে ভারত ও নিউজিল্যান্ড।

বাংলাদেশের বড় কোনও মঞ্চে খুব বেশি সাফল্য নেই। সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই শেষচারে খেলেছিল। শান্ত বলেন “গ্রুপ কঠিন হলেও আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি।”

গ্রুপ পর্বে প্রতিপক্ষ যেহেতু ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড কোনো চাপ অনুভব করছেন কি না  জানাতে চাইল অধিনায়ক শান্ত বলেন “আমার কাছে এরকম কোনও কিছু মনে হয় না। এখানে যে আটটা দল আছে, সবাই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার। এই আটটা মানসম্পন্ন দল। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে। বাড়তি চাপের কথা, আমার মনে হয় না কেউ বাড়তি চাপ অনুভব করে।”

কেন চাপ অনুভব করছে না দল, জানতে চাইলে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, “কারণ সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের এই সক্ষমতা আছে। আমাদের রিজিকে কী আছে সেটা জানি না, তবে আমরা সেভাবেই ফোকাস করছি। সবাই সততার সঙ্গে কাজ করছি, কঠোর পরিশ্রম করছি। প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।”

টুর্নামেন্টের আগে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি নিয়ে কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, এটা সেরা প্রস্তুতি হচ্ছে না।

এই প্রসঙ্গে শান্ত বলেন, “অবশ্য প্রস্তুতির ঘাটতি দেখেন না, ‘আমার কাছে মনে হয় না কোচ এরকম কোন কিছু বুঝিয়েছে। সংস্করণের দিক থেকে একটু তো ভিন্নতা থাকেই। কিন্তু যেভাবে ব্যাটসম্যানরা খেলেছে, এই টুর্নামেন্টে উইকেটটা ভালো ছিল, আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি, এর চেয়ে ভালো উইকেট থাকবে। ব্যাটসম্যানরা ভালো প্রস্তুতি নিয়েছে। কীভাবে ৫০–৬০–৭০ থেকে ১০০–১৩০ করতে পারে, এটা গুরুত্বপূর্ণ। বোলাররাও এই উইকেটে ভালো বল করেছে। আমাদের হাতে এখনও ছয়–সাতদিন আছে, এর মধ্যে আরও গুছিয়ে নিতে পারবো।”

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের না থাকায় তাকে মিস করবেন কি না। জবাবে শান্ত বলেন, ‘হ্যাঁ অবশ্যই মিস করবো।’

তিনি আরও বললেন, “আসলে এই প্রশ্নটা আমার মনে হয় কেন করলেন আপনি? আমরা সবাই জানি এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে। আমরা জানি সাকিব ভাইকে মিস করবো। থাকলে ভালো হতো এই উত্তর অনেকবার পেয়েছেন। তা আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক।”

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। ‘এ’ গ্রুপে এরপর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে আছে বাকি দুই ম্যাচ। সেমিফাইনালে যেতে হলে থাকতে হবে সেরা দুইয়ে।

পূর্ববর্তী কল্পনাপ্রসূত ধারণা থেকে ভ্যালেন্টাইন ডের প্রচলন
পরবর্তী যমুনা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু