
www.HelloBangla.News – শিক্ষা – ৭ জুলাই, ২০২৫: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার দিতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, “কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বিশ্ব এমন জায়গায় যাচ্ছে যে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি শিখতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উন্নত মানের কারিগরি শিক্ষা যেন শিক্ষার্থীরা গ্রহণ করে।”
আজ সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, “আমাদের মাঝে কারিগরি শিক্ষার ব্যাপারে অনীহা রয়েছে। আজ চাকরির সুযোগ সীমিত হয়ে আসছে। কারিগরি শিক্ষার সুযোগ দেশে ও বিদেশে বাড়ছে। অভিভাবকদেরও বুঝতে হবে যে তাদের সন্তানদের ভবিষ্যত রয়েছে এ কারিগরি শিক্ষার মধ্যে।”
চৌধুরী রফিকুল আবরার বলেন, “আমাদের এমন কারিগরি শিক্ষা চালু করতে হবে যেটার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে। তাদেরকে সেভাবে আমাদের গড়ে তুলতে হবে। সরকারকে এদিকে বিশেষ মনোযোগ দিতে হবে।”
তিনি বলেন, “জুলাই আমাদের গর্বের মাস। আমি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আহ্বান জানাবো জুলাইয়ে প্রোগ্রাম করে শহীদদের স্মরণ করতে। আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের ধন্যবাদ দেওয়া এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সাধ্যমতো হাত বাড়িয়ে দেওয়া। রাষ্ট্র তার সাধ্যমতো করছে। যারা পঙ্গু তাদের সম্ভব না হলে তাদের পরিবারকে যেন সাহায্য করা যায় সে দায়িত্ব আমাদের সবার।”
