
www.HelloBangla.News – জাতীয় – ৭ জুলাই, ২০২৫: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কোনও কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও আকাঙ্ক্ষাকে ধারণ করে কিছু বিষয়ে সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে।
আজ সোমবার (৭ জুলাই) বেলা সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের দশম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবারের আলোচ্য সূচি হচ্ছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ; জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব।
প্রাথমিক প্রস্তাবে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ নিয়ে দলগুলোর আপত্তি থাকায় সংশোধিত প্রস্তাবে তা ছিল না জানিয়ে আলী রীয়াজ বলেন, “একইভাবে চার প্রদেশে ভাগের প্রস্তাবেও দলগুলোর দ্বিমতের কারণে তা উপস্থাপন করা হয়নি। সব বিষয়ে একমত হওয়া যাবে না, সব কিছুতেই যাওয়া যাবে না। তবুও আমাদের চেষ্টা করতে হবে-যেগুলো বাদ দিয়ে, যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি, সেই জায়গায় যেন আমরা আসতে পারি। ”
সংলাপে বেশ কিছু বিষয়ে অগ্রগতি অর্জন হয়েছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, “কিছু বিষয় আলোচনা হয়েছে এবং কিছু কিছু বিষয় এখনো উপস্থাপন করিনি। তার মধ্যে একটি নতুন বিষয় আজকে উপস্থাপন করব।”
সংশোধিত প্রস্তাবের বিষয়ে দলগুলোর দলীয় এবং রাজনৈতিক বিবেচনা থাকবে জানিয়ে আলী রীয়াজ বলেন, “আমরা বিভিন্নভাবে দেখছি, সবাই আলোচনার মাধ্যমে চেষ্টা করছে এক জায়গায় আসতে, ঐকমত্য প্রতিষ্ঠা করতে। এই প্রক্রিয়ায় যা হচ্ছে-কোনো বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল, কিন্তু আলোচনার মধ্য দিয়ে সেটা সংশোধনের প্রয়োজন দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে রাজনৈতিক দলগুলোর সেন্টিমেন্ট, বক্তব্যগুলোকে ধারণ করে সংশোধিতভাবে উপস্থাপন করা যায়।”
জুলাই মাসজুড়ে রাজনৈতিক দলগুলোর কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আপনাদের কর্মসূচি কিছুটা অসুবিধা সৃষ্টি করবে। তবুও আমরা আশা করছি যে আপনারা সেক্ষেত্রে আমাদের জায়গায় একত্রে বসতে পারবেন। যতটা সময় বসা যায়, সময়ের যে সীমাবদ্ধতা আছে-সেগুলো আপনারা নিশ্চয় বিবেচনা করবেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন ।
