প্রতি বছর ৫ আগস্ট পালিত হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস

প্রতি বছর ৫ আগস্ট পালিত হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস - জাতীয় - ২ জুলাই ২০২৫ (ফাইল ছবি)
প্রতি বছর ৫ আগস্ট পালিত হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস - জাতীয় - ২ জুলাই ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২ জুলাই, ২০২৫: আলোচনা-সমালোচনার মুখে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দুটি দিবসে পালনে সংশোধন আনলো সরকার। সাধারণ ছুটিসহ প্রতি বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হবে।

এছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‌‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে সরকার।

আজ বুধবার (২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন ও পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) ঘোষণা করেছে। দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার সিদ্ধান্ত:

আরেক পরিপত্রে বলা হয়, অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ঘোষিত ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদযাপন/পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। ২৫ জুলাই জারি হওয়া পরিপত্রটি বাতিল করা হয়েছে।

 

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’:

আরেক পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে সরকার প্রতিবছর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করে গত ২৫ জুন পৃথক পরিপত্র জারি করেছিল সরকার।

পূর্ববর্তী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
পরবর্তী চট্রগ্রাম বন্ধর বিধি মোতাবেক অপরেটর নিয়োগ করতে পারবে: নৌ উপদেষ্টা