ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

www.HelloBangla.News – জাতীয় – ১৮ আগস্ট, ২০২৪: ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ সময় সবাইকে মিলেমিশে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।”

আজ রবিবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যেসব কর্মকর্তা সত্যিকার অর্থেই বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে বিবেচনা করা হবে। কিন্তু দুর্নীতির কারণে বঞ্চিত হলে তা আমলে নেওয়া হবে না।”

সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, জননিরাপত্তা বিভাগের সদ্য বিদায়ী সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, বাংলাদেশ পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলামসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এর আগে নবনিযুক্ত স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান। এরপর উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হয়।

পূর্ববর্তী ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে নগদ ৩ লাখ টাকার বেশি তোলা যাবে না
পরবর্তী ৫ আগস্টের পর সেনানিবাসে ৬২৬ জন আশ্রয় নিয়েছিলেন