শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন গুতেরেস: পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা গুতেরেসের পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২১ জানুয়ারি ২০২৪(ফাইল ছবি)
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা গুতেরেসের পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২১ জানুয়ারি ২০২৪(ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২১ জানুয়ারি, ২০২৪: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন । এই সময় জাতিসংঘের মহাস‌চিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন।

আজ রবিবার (২১ জানুয়ারি) উগান্ডার কাম্পালায় তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই সাক্ষাৎ হয়।

বৈঠকে মহাসচিব বৈশ্বিক অর্থনীতির কাঠামো সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং জাতিসংঘের নেতৃত্বে বেশ কয়েকটি বৈশ্বিক প্রক্রিয়ায় চ্যাম্পিয়ন হওয়ার জন্যও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ফিলিস্তিনের গাজায় যুদ্ধ নিরসনে জাতিসংঘ মহাসচিবের সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুকে জাতিসংঘের আলোচ্যসূচির শীর্ষে রাখার জন্য অ্যান্তোনিও গুতেরেসকে অনুরোধ করেন মন্ত্রী।

২০২৪ সাল জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার সুবর্ণজয়ন্তীর বছর উল্লেখ করে হাছান মাহমুদ এটিকে যথাযথভাবে উদযাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি গুতেরেসকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

দেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মহাসচিবকে ব্রিফ করেন হাছান মাহমুদ। তিনি জানান, জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উগান্ডার কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত, কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ প্রমুখ।

পূর্ববর্তী মাইকেল জ্যাকসনের বায়োপিকে অভিনয় করছেন জাফর জ্যাকসন
পরবর্তী আস্তে আস্তে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ কমানো হবে: আইনমন্ত্রী