
www.HelloBangla.News – জাতীয় – ২১ সেপ্টেম্বর, ২০২৫: দুর্গাপূজায় দুই মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী মাঠে থাকেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “এবার দুর্গাপূজা উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেহেতু আমাদের সবার সতর্ক থাকতে হবে।”
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এ কথা বলেন তিনি। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার এখন পর্যন্ত প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কম। বিভিন্ন এলাকায় প্রতিমা যারা ভেঙেছেন তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আগামী ২৪ তারিখ থেকে পূজা উপলক্ষ্যে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে।”
গতকাল একটা সংগঠন সংবাদ সম্মেলন করে বলেছে এবার পূজা উদযাপনে ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ। সেই সব জেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কী নির্দেশনা দেওয়া হয়েছে- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কোন ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ?”
এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে- জানাতেই তিনি বলেন, “তালিকাটা দিলে আমরা সেই ব্যবস্থা নেবো। আমার কাছে তো এই তথ্য দেয়নি। আমাদের কাছে যেগুলো ঝুঁকিপূর্ণ, আমরা তো সেগুলো পূজার আগে বলি।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশের সব জায়গায় এবার পূজা নির্বিঘ্নে হবে। কোনো জায়গা ওই রকম ঝুঁকিপূর্ণ নেই।”
