
www.HelloBangla.News – শিক্ষা – ২১ সেপ্টেম্বর, ২০২৫: এবার দুই মাস আগে নতুন বইর অর্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “গত বছর বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল নভেম্বরে। এবার শিক্ষার্থীরা যেন জানুয়ারিতেই নতুন বই পায় সে জন্য সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে কিছু অর্ডার দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে বাকিগুলো সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে।”
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টাপরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “এর আগে যারা যারা বই তৈরির কাজ পেয়েছিল, তাদের বইয়ের মান কেমন ছিল, কাগজ কি ছিল এবং কারা একাধিক পাচ্ছে, মনোপলি হচ্ছে কিনা, আমরা সে কারণে লিস্ট আরেকটু যাচাই-বাছাই করব। আজ বই কেনার যে প্রস্তাব ছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে।”
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “অনিয়মের সংবাদ আমরা মাঝেমধ্যে পাই, ঠিকমতো করে না। আর একজন একটা অর্ডার নিয়ে বাকিগুলো নিয়ে নিয়েছে, সে ধরনের কিছু কিছু অভিযোগ আছে। সেই প্রতিষ্ঠানগুলো আইডেন্টিফাই (চিহ্নিত) করতে বলেছি।”
এবার কি জানুয়ারিতে শিক্ষার্থীরা নতুন বই পাবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এবার জানুয়ারিতেই বই পাবে। গতবার তো আমরা নভেম্বরে অর্ডার দিয়েছিলাম। এখন তো সেপ্টেম্বর। গতবার যেহেতু নভেম্বরে হয়েছিল, আজ মাত্র ২১ সেপ্টেম্বর। আমরা নেক্সট উইকে সম্ভবত আবার বসব।”
কোন কোন প্রতিষ্ঠানে দিয়ে বই ছাপানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “এ মাসের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা চেষ্টা করছি সপ্তাহ দুয়েকের মধ্যে যাচাই-বাছাই করে ফেলব। ”
অনিয়মের তালিকায় কতগুলো প্রতিষ্ঠান আছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “বিষয়টা দেখতে বলা হয়েছে।”
