
www.HelloBangla.News – রাজনীতি – ৮ সেপ্টেম্বর, ২০২৫: তছনছ হওয়া বাংলাদেশ গড়তেই বিএনপির ৩১ দফা কর্মসূচি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ফ্যাসিস্ট ব্যবস্থায় বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে। সেগুলোকে আবার নতুন করে গড়ে তোলার জন্য, দেশের সকল রাজনৈতিক কাঠামো গড়ে তোলার জন্য, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে বিএনপি।”
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি হলো সেই রাজনীতিক দল, যে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। বিএনপি আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। ফ্যাসিস্ট ব্যবস্থায় বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে। সেগুলোকে আবার নতুন করে গড়ে তোলার জন্য, দেশের সকল রাজনৈতিক কাঠামো গড়ে তোলার জন্য, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে বিএনপি।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজকে সম্মেলনের মধ্য দিয়ে এ জেলায় নতুন একটি বিএনপি গঠন হবে, যে বিএনপি একদিকে নতুন পথ দেখাবে অন্যদিকে গণতান্ত্রিক ঠাকুরগাঁও প্রতিষ্ঠিত করবে।”
এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদুসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য দেবেন।
উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পর নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে।
