ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্রদল-শিবিরের প্রার্থীরা সাইবার হামলার শিকার

ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্রদল-শিবিরের প্রার্থীরা সাইবার হামলার শিকার - শিক্ষা - ৮ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)
ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্রদল-শিবিরের প্রার্থীরা সাইবার হামলার শিকার - শিক্ষা - ৮ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – শিক্ষা – ৮ সেপ্টেম্বর, ২০২৫: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা সাইবার হামলার অভিযোগ এনেছেন।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের আইডি ডিজেবলের অভিযোগ করেছেন।

অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ তাদের একাধিক প্রার্থীর আইডি ডিজেবলের অভিযোগ জানিয়েছেন।

দুপুরে সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম বলেন, “আমরা সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম, সেগুলো সত্যি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, সাড়ে নয়টার দিকে আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়। প্রাথমিকভাবে আবেদন করে আইডি উদ্ধার করেছি। পরে দেশের মানুষকে সতর্ক করে একটি পোস্ট করেছি। তার ৫৭ মিনিট পর আবারও আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে।”

আবিদ আরও বলেন, “আমরা আইডি দিয়ে প্রচারণা চালিয়েছি। সেগুলো অনেক মানুষের কাছে পৌঁছচ্ছিল। আমরা কাউকে পেছন থেকে থেকে আঘাত করিনি। আমরা যোগ্যতার বিরুদ্ধে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি।”

ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, “বেলা ১১টার দিকে আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে। বারবার চেষ্টা করেও আমি প্রবেশ করতে পারছি না। তানভীর আল হাদী মায়েদের আইডি ভেরিফাইড না, সেটিও ডিজেবল করে দেওয়া হয়েছে। একটি গোষ্ঠী পরাজয়ের আশঙ্কা থেকে ভয়ে শঙ্কিত হয়ে তারা সাইবার অ্যাটাক করছে। যারা সাইবার অ্যাটাক করছে, তাদের বিরুদ্ধে ব্যালট অ্যাটাক দেবেন।”

দুপুর ১২টা ৫৪ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলো ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি ইতোমধ্যে সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরেই লগ-আউট হয়ে যাচ্ছে।

এদিকে ডাকসুর নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপিপ্রার্থী উমামা ফাতেমা আজ দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘কাল রাত থেকে আমার আইডিতে প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে। অনেক প্রার্থীর আইডি অলরেডি গায়েব করে দেওয়া হয়েছে। হল সংসদ কিংবা সেন্ট্রাল, যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে তাদের এভাবে রিপোর্ট মারা হচ্ছে।’

উমামা ফাতেমা উল্লেখ করেন, ‘ডাকসুর শুরু থেকেই আমার আইডিতে রিপোর্ট মেরে রিচ কমিয়ে দেওয়া হয়েছে। এখন আইডিটাও গায়েব করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব কারা করছেন ও কেন করছেন তা আমরা সবাই জানি।’

পূর্ববর্তী তছনছ হওয়া বাংলাদেশ গড়তেই বিএনপির ৩১ দফা কর্মসূচি: বিএনপি মহাসচিব
পরবর্তী অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খাইয়ে হত্যার দায়ে এরিনকে যাবজ্জীবন কারাদণ্ড