শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা

Hello Bangla News | শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা - জাতীয় - ১১ আগস্ট ২০২৪ (ফাইল ছবি)
Hello Bangla News | শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা - জাতীয় - ১১ আগস্ট ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১১ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বিধান রঞ্জন রায় পোদ্দার ও সুপ্রদীপ চাকমা।
আজ রবিবার (১১ আগস্ট) দুপুরে পৌনে একটায় বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
তবে অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। তিনি কবে দেশে ফিরবেন জানা যায়নি।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।
এরপর বৃহস্পতিবার শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা সেদিন শপথ নেননি।
শুক্রবার শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত ০৮ আগস্ট শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ১৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন—
১. অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ
২. সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল
৪. মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান
৫. সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ
৬. সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন
৭. পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান
৮. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম
৯. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
১০. সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা
১১. উন্নয়নকর্মী (উবিনীগ) ফরিদা আখতার
১২. জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায়
১৩. চিন্তাবিদ, লেখক ও গবেষক আ ফ ম খালিদ হোসেন
১৪. গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম
১৫. ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ
১৬. ফারুক-ই-আজম বীর প্রতীক।
এই ১৬ জনের মধ্যে বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ও ফারুক-ই-আজম ঢাকার বাইরে অবস্থান করায় সেদিন শপথ নিতে পারেননি।
আজ রবিবার (১১ আগস্ট) শপথ নিলেন রঞ্জন রায় পোদ্দার ও সুপ্রদীপ চাকমা।

পূর্ববর্তী খালেদা জিয়া সুস্থ থাকলে নির্বাচনে অংশ নিবেন: বিএনপি মহাসচিব
পরবর্তী সাবেক পররাষ্ট্রমন্ত্রীর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ