সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - জাতীয় - ১৮ আগস্ট ২০২৫ (ফাইল ছবি)
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - জাতীয় - ১৮ আগস্ট ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৮ আগস্ট, ২০২৫: গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে সাত যুবক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

২০১৬ সালের ৮ই অক্টোবর কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল পুলিশের সহায়তায় গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় একটি দোতলা বাড়িতে অভিযান চালায়। সেখানে সাত জন নিহত হন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম অভিযোগ করেন, ওই ঘটনায় নিহত সাত যুবককে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে ওই দোতলা ভবনে আটকে রেখে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছিলো।

তিনি একে বিচার বহির্ভুত হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন, ওই সাত যুবকের কারো কোনো জঙ্গি সম্পৃক্ততা ছিলো না বলে তদন্তে উঠে এসেছে।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বাকি চারজনের মধ্যে তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান মনিরুল ইসলামসহ অভিযানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নাম রয়েছে বলে জানান তাজুল ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগের ব্যাপারে গোয়েন্দা নজরদারি শুরু করেছে দুদক।

পূর্ববর্তী ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে আর্সেনাল
পরবর্তী সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে: রিজভী