
www.HelloBangla.News – জাতীয় – ১৬ সেপ্টেম্বর, ২০২৪: গত জুলাই ও অগাস্ট মাসের শুরুতে ছাত্র জনতার ওপর সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে জাতিসংঘের একটি দল ঢাকায় আসছে। জাতিসংঘের তদন্তদলের আট সদস্যের মধ্যে দুজন সদস্য আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। বাকিরা মঙ্গলবার এবং পরবর্তী কয়েকদিনে ধাপে ধাপে আসবেন।
আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকেই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের আটটি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন।
তথ্যানুসন্ধান দলটি এক মাস বা তার বেশি সময় ধরে স্বাধীনভাবে এই তদন্ত করবে বলে সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি দল ২২ থেকে ২৯শে অগাস্ট ঢাকায় সফর করেছিলেন।
গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আটই অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। দায়িত্ব নেওয়ার পরই তারা জুলাই ও আগস্টের শুরুতে সহিংসতার ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয় ।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ককে চিঠিও লিখেন।
