
www.HelloBangla.News – শিক্ষা – ৫ অক্টোবর, ২০২৪: আজ বিশ্ব শিক্ষক দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হবে। এ বছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য, ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার।’
দিবসটি উপলক্ষে আলোচনা ও গুণী শিক্ষকদের সম্মাননার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এস এম এ ফায়েজ এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের সম্মাননা জানানো হবে। আর এর মাধ্যমে অন্য শিক্ষকদেরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিব’ উদযাপন করা হবে। সেই লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪’ প্রণয়ন করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করা হবে। এ অবস্থায়, দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি নিয়ে মন্ত্রণালয় জানায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
মানুষ গড়ার কারিগর হলেও দেশের শিক্ষকরা বিভিন্ন দাবি নিয়ে মাঠে থাকেন। যা একটি গণতান্ত্রিক দেশে কখনও কাম্য নয়।
শিক্ষকরা নিম্ন বেতনে চাকরি করে যাচ্ছেন। প্রাথমিক থেকে উচ্চ স্তরের শিক্ষকরা পর্যন্ত নানা দাবি আদায়ে মাঠে রয়েছেন। এদের মধ্যে চার লাখ প্রাথমিক সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ থেকে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানিয়ে আসছেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ।
