
www.HelloBangla.News – জাতীয় – ২৬ সেপ্টেম্বর, ২০২৪: অন্তর্বর্তী সরকারের নেওয়া অর্থনৈতিক, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনসহ বিভিন্ন সংস্কার উদ্যোগে পাশে থাকবে বিশ্বব্যাংক। এরই অংশ হিসেবে বাংলাদেশকে ৩৫০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে সংস্থাটি।
বুধবার (সেপ্টেম্বর ২৫) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সহায়তার কথা ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, অন্তত দুইশো কোটি ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও ১৫০ কোটি ডলার পুনর্বন্টন করা হবে।
অজয় বাঙ্গা বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের ডিজিটালাইজেশন, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাত সংস্কারে সহায়তা করবে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বিস্তৃত পরিসরে সংস্কারের ডাক দিয়েছে তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন অধ্যাপক ইউনূস।
তিনি বিশ্বব্যাংককে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে আরো ‘সৃজনশীল’ হতে বলেন।
তিনি বলেন, এটি দেশকে পুনর্গঠনের একটি বড় সুযোগ।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত হাইড্রোএনার্জি কীভাবে ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশীদের মধ্যে ভাগাভাগি করা যায় সে নিয়ে আলোচনা করেন।
বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।
