
www.HelloBangla.News – রাজনীতি – ১০ জুলাই, ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ এই দেশের শাসনভার আর ফ্যাসিবাদের হাতে দেওয়া হবে না।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে মাগুরা শহরের ভায়না মোড়ে পদযাত্রা শেষে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
উপস্থিত জনতার উদ্দেশে এনসিপি আহ্বায়ক বলেন, “আপনাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। আমরা আর কোনো দখলদার, চাঁদাবাজ, টেন্ডারবাজদের হাতে এই দেশের শাসনভার তুলে দেবো না। ভিনদেশি প্রভুদের ইশারায় যারা কথা বলে, আমরা তাদের রাজনৈতিকভাবে পরাজিত করবো।”
নাহিদ ইসলাম বলেন বলেন, “জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন ছাত্র-জনতা মেনে নেবে না। আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার হতে হবে। খুনিদের বিচার, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের পাঁয়তারা করা হলে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে।”
এরআগে দুপুর দেড়টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাগুরায় পদযাত্রা শুরু করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। মাগুরা শহরের উপজেলা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের চৌরঙ্গী মোড় হয়ে ঢাকা রোড ঘুরে ভায়না মোড়ে এসে পথসভায় মিলিত হয়।
পরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর নড়াইলে যাত্রা করে। এরআগে ঝিনাইদহ সফর শেষে দুপুর ১২টার দিকে মাগুরা পৌঁছায় এনসিপি নেতাদের বহর।
