
www.HelloBangla.News – বিনোদন – ১২ ডিসেম্বর, ২০২৪: হরিজন সম্প্রদায়ের ১৫ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো আলোকচিত্র প্রশিক্ষণ ও তাদের মোবাইলে তোলা ছবির প্রদর্শনী। ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অংশ নেয় গৃহবধু, তরুণ-তরুণীরা। হরিজন পল্লীতে প্রশিক্ষণার্থীদের নিজেদের ঘরের দেয়ালে প্রায় ১৫০ ছবি প্রদর্শিত হয়েছে। আজ সমাপনী দিনে আলোকচিত্র প্রদশর্নী পরিদর্শন করতে পুরান ঢাকার মিরনজিল্লা হরিজন পল্লীতে যান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। পরিদর্শন শেষে সবার সাথে মতবিনিময় করেন মহাপরিচালক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘আমাদের গল্প আমরাই বলবো, মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ’ শুরু হয় গত ৯ ডিসেম্বর ২০২৪, প্রতিদিন সকাল ১০টা-বিকাল ৫টা পর্যন্ত। প্রশিক্ষণে ছবি তোলার কারিগরি ও শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরেন প্রশিক্ষণ। হরিজন সম্প্রদায়কে নিয়ে এ প্রশিক্ষণ সমন্বয় করেন ফটোগ্রাফার জান্নাতুল মাওয়া। একাডেমির বিভাগ থেকে কর্মশালা সমন্বয় করেছেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান এবং শেখ মুহম্মদ এহসানুর রহমান, ইন্সট্রাক্টর (নাটক)।
পরবর্তী কার্যক্রমে আগামী ১৩-১৫ ডিসেম্বর, কমলাপুর রেল স্টেশনে কুলি সম্প্রদায়কে নিয়ে; ১৫-১৭ ডিসেম্বর সেগুনবাগিচায় গৃহ শ্রমিকদের নিয়ে; ২৪-২৬ডিসেম্বর গাজী সরণী-২, পূর্ব বাড্ডায় রিকশা শ্রমিকদের নিয়ে এবং ২৭-২৯ ডিসেম্বর গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আশুলিয়ার গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম নরসিংহপুরে অনুষ্ঠিত হবে।
জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রাখা নাগরিকরা নানাভাবে তথ্য দিয়ে আন্দোলনের পুরো স্পিরিটটা ধরে রেখেছিলেন । তাদের একটা বড় অংশ ছিলো শ্রমজীবী মানুষ। যারা ঝুঁকি নিয়ে অত্যাচারের ভয়বহতা মোবাইলে তুলে সারা বিশ্বকে জানিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে নাগরিক সাংবাদিকতাকে আরও উৎসাহিত করতে এবং আন্দোলনকালীন তাদের ভাবনাগুলো উপস্থাপনের লক্ষ্যে শিল্পকলা একাডেমির এই আয়োজন। শ্রমজীবী মানুষের পাশাপাশি কিশোর-কিশোরীদের নিয়েও এই আয়োজনকে জেলা পর্যায়ে বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির।
