
www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুলাই, ২০২৫: এনসিপি ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার পর এবার গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুর করেছে নিষিদ্ধঘোষিত ছাত্র লীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০-৫০ জন মানুষ একত্রিত হয়ে পুলিশের এই গাড়ির ওপর আক্রমণ করে।
ইউএনওর গাড়ি বহরে হামলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কর্মসূচিকে কেন্দ্র করে এবার গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “এই হামলা আওয়ামী লীগের (লোকজন)।”
তিনি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কংসুর বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
রকিবুল হাসান বলেন, “আমরা নিরাপত্তার বিষয়টি দেখার জন্য ওখানে গিয়েছিলাম। এর আগে পুলিশের গাড়ি পুড়িয়েছে। মূলত, ওইটা দেখতে গিয়েছিলাম আমরা এবং ককটেল বিস্ফোরণ হয়েছিলো। সেখানে পুলিশের সাথে কথা বলতে গিয়েছিলাম।”
ওখান থেকে ফেরার পথে তার গাড়ি বহরের ওপর হামলা করা হয় বলে জানান রকিবুল হাসান।
ঘটনার সময় রকিবুল হাসানের সাথে একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন। কিন্তু তিনি ও ম্যাজিস্ট্রেটের কোনও শারীরিক ক্ষতি না হলেও গাড়ির চালক “সামান্য আহত” হয়েছেন ।
