
www.HelloBangla.News – জাতীয় – ১৭ জুলাই, ২০২৫: গোপালগঞ্জে গতকাল বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, সহিংসতা এবং মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি নাসিমুল গণিকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় থেকে আরও দুই জন অতিরিক্ত সচিব এই কমিটির সদস্য হবেন।
পূর্ণাঙ্গ তদন্ত শেষে এই কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ন্যায়বিচার ও জন শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো বেআইনি কাজ, সহিংসতা এবং মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুযায়ী জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
