
www.HelloBangla.News – খেলাধুলা – ১২ ডিসেম্বর, ২০২৪: ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একসঙ্গে দুটি বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে । ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৬ দেশ, আর ২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। বুধবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত বিশেষ ফিফা কংগ্রেসে সদস্যদেশগুলোর ভোটে আসর দুটির আয়োজক চূড়ান্ত করা হয়।
২০৩০ বিশ্বকাপে মূল আয়োজক হিসেবে থাকবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে টুর্নামেন্টের শুরুতে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। দুই আসরের ৭ আয়োজকের মধ্যে সৌদি আরব, পর্তুগাল, মরক্কো ও প্যারাগুয়ে আগে কখনো বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেনি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজন স্বত্ত্ব অর্জন করেছে সৌদি আরব। অর্থাৎ আয়োজক দেশ নির্বাচনের জটিলতর প্রক্রিয়ার নিষ্পত্তি হয়েছে একক বিডেই।
অন্যদিকে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজন করতে যাওয়া ৬টি দেশ হলো- স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
২০৩০ সালের আয়োজন হওয়ার জন্য আগেভাগেই প্রস্তাব দিয়ে রেখেছিল স্পেন, পর্তুগাল, মরক্কো। শুরুতে আগ্রহ দেখালেও একপর্যায়ে আয়োজকস্বত্ব অর্জনের প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নেয় লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
শেষ মুহূর্তে ফিফার উদ্যোগে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে যুক্ত করা হয়। ফিফার পক্ষ থেকে বলা হয়, যেহেতু ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপের প্রথম সংস্করণে আয়োজক ছিল উরুগুয়ে, তাই ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষপূর্তিতে উরুগুয়েকে রাখতে চায় তারা।উরুগুয়ের সঙ্গে আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে যুক্ত করে নেয় ফিফা।
লাতিন আমেরিকার তিন দেশের প্রত্যেকটিতে মাত্র একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তাও আবার শুরুর দিকের ম্যাচ। উদ্বোধনী ম্যাচটি হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে। ১৯৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতে হবে ম্যাচটি।
শুরুর দিকের তিন ম্যাচ বাদ দিয়ে বাকি সবগুলো ম্যাচ হবে ইউরোপের দুই দেশ স্পেন-পর্তুগাল ও আফ্রিকার দেশ মরক্কোতে।
২০৩৪ বিশ্বকাপের আয়োজক হতে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী না থাকায় কাগজে কলমে ভোটাভুটির প্রয়োজন হয়নি। উপস্থিত বিশ্বের ৬টি ফুটবল ফেডারেশনের ২১১ জন সদস্যের মৌখিক সম্মতি ও হাততালির মাধ্যমে আয়োজকস্বত্ব অর্জন করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
