
www.HelloBangla.News – জাতীয় – ২২ জুলাই, ২০২৫: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন। আজ মঙ্গলবার দুপুর দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।
আইএসপিআর-এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।
এর আগে আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছিলেন, রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক।
তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহত ছয় জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। এছাড়া পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
