তোফাজ্জলের মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি: ডিসি তালেবুর

www.HelloBangla.News – জাতীয় – ২৩ সেপ্টেম্বর, ২০২৪: তোফাজ্জলের মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি, বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনার তদন্তে যদি আরও কারও সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তালেবুর রহমান ।

গত বুধবার মুসলিম হলের অতিথি কক্ষে ৩২ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন। কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার ৬ শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর এ ঘটনায় আট ছাত্রের সংশ্লিষ্টতা পেয়ে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডিসি তালেবুর রহমান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে শুরু থেকেই পুলিশের তৎপরতা অব্যাহত ছিল। মামলার পর আমাদের ঊর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি বলেন, “এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কাছে ৬ জন ছাত্রকে সোপর্দ করেছে। তাদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু ফাইন্ডিংস আমাদের জানিয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রেখে বাকি যারা জড়িত তাদেরকে গ্রেফতারে তৎপর।”

উপ-পুলিশ কমিশনার বলেন, “আমাদের তদন্ত চলমান, তদন্তে যদি আরও কারও সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

যেসব পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত তাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যারা এখনও অনুপস্থিত, আপনারা জানেন আমাদের কিছু আইন ও বিধির মধ্যে চলতে হয়। চাকরিতে কিছু নিয়ম-কানুন আছে। সেই নিয়ম কাকুন বিধি অনুযায়ী যদি কেউ বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন তাহলে চাকরি বিধি মেনে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।”

ডিসি তালেবুর রহমান বলেন, “ঢাকার ২২টি থানা আংশিক বা পরিপূর্ণ ধ্বংস হয়েছে, সবমিলিয়ে ২১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চেষ্টা করছি অল্প সময়ে সংস্কার করে আগের পরিস্থিতি ফিরিয়ে আনার। আমরা সীমিত রিসোর্সের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করছি জনজীবনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে।”

ডিএমপির লুণ্ঠিত অস্ত্রের বিষয়ে এখনও হিসেব-নিকেশ চলছে জানিয়ে তিনি বলেন, “যেহেতু অনেকগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এখনও পরিপূর্ণ তথ্য পাইনি। এটার কাজ চলছে, শেষ হলে আপনাদেরকে পরিপূর্ণ তথ্য দিতে পারবো।”

পূর্ববর্তী জাবিতে গণপিটুনিতে হত্যার ঘটনায় আরো এক শিক্ষার্থী গ্রেফতার
পরবর্তী ভারতের উচিত ছিলো হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো: ফারুক