
www.HelloBangla.News – রাজনীতি – ১৩ অক্টোবর, ২০২৪: নিজেদের তৈরি আইন দিয়ে আওয়ামী লীগের বিচার করতে হবে, বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা কারো ওপর জুলুম অবিচার চাই না। আওয়ামী লীগ দীর্ঘদিন যে সমস্ত আইন-কালাকানুন তৈরি করেছিল তাই দিয়েই তাদের বিচার হবে।”
আজ রবিবার (১৩ অক্টোবর) সকালে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলটির বার্ষিক সদস্য বা রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমীর বলেন, “২০০৬ সালের ২৮শে অক্টোবর থেকে ২০২৪ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার দাবি জানাচ্ছি।”
ডা. রহমান বলেন, “আওয়ামী লীগ বলতো আইন সকলের জন্য সমান, আর বিচার বিভাগ স্বাধীন। সেই সমান আইনে সমান বেনিফিট পাওয়ার অধিকার আওয়ামী লীগের আছে।”
তিনি বরেন, “জামায়াতে ইসলামী কোনও প্রতিশোধ নেবে না।”
জামায়াতের আমীর, “পাঁচই অগাস্ট বিপ্লবের পর জামায়াত কর্মীরা চাঁদাবাজি কিংবা দখল করেনি, বরং মানুষের পাশে দাঁড়িয়েছে।”
বৈষম্যহীন দেশ গড়তে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলটির শীর্ষ নেতা।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সম্মলেন উদ্বোধন ঘোষণা করেন বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাসিব হাসান রিয়ানের বাবা মো. গোলাম রাজ্জাক।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসেন, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, মহানগর উত্তর শিবির সভাপতি আনিসুর রহমান, পশ্চিমের সভাপতি সালাহ মাহমুদ।
সম্মেলেন ঢাকা মহানগর উত্তরের ১৫ হাজার রুকন নারী-পুরুষ অংশ নেন।
