ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ৬১ জন নিহত

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ৬১ জন নিহত - আন্তর্জাতিক - ১৬ জুলাই ২০২৫ (ফাইল ছবি)
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ৬১ জন নিহত - আন্তর্জাতিক - ১৬ জুলাই ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৬ জুলাই, ২০২৫:   ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় আরও অন্তত ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত দুজন ত্রাণপ্রার্থীও রয়েছেন, যারা খাদ্য সহায়তার জন্য  বিতরণকেন্দ্রে অপেক্ষা করছিলেন।

আজ বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) গাজার উত্তরাঞ্চলে অবস্থিত শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে যে, অবরুদ্ধ এই উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার বেড়েই যাচ্ছে।

দক্ষিণ গাজায় বিতর্কিত ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত রাফার উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে কমপক্ষে দুই নারী নিহত এবং ৩০ জন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে হত্যা করছে।

জাতিসংঘ জানিয়েছে, গত মে মাসের শেষের দিকে যখন জিএইচএফ কাজ শুরু করে তখন থেকে গাজায় ত্রাণ নিতে গিয়ে কমপক্ষে ৮৭৫ জনের মৃত্যু হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার ১৬টি এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশও জারি করেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে জাবালিয়া। বিধ্বস্ত ওই শহরের বাসিন্দারা ভয় ও আতঙ্কে পালিয়ে যাচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকজন তাদের গাড়ি এবং গাধাকে ব্যবহার করে এলাকা খালি করছে। সবাই অজানার দিকে এগিয়ে যাচ্ছে; তারা জানে না কোথায় যাবে। যাতায়াতের জন্য জ্বালানি না থাকায় তাদের এক স্থান থেকে অন্যান্য যেতেও সমস্যাও হচ্ছে। তাই পরিস্থিতি খুবই বিশৃঙ্খল। এখানে বসবাসকারী সবাই আতঙ্কের মধ্যে আছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

এর পর থেকে ইসরায়েল গাজায় অভিযান চালিয়ে আসছে। বিভিন্ন দেশের পক্ষ থেকে বার বার যুদ্ধ বিরতির উদ্যোগ নেওয়া হলেও কোন সুফল পাওয়া যায়নি। গাজায় এখনও ইসরায়েলি হামলা অব্যাহত আছে।

পূর্ববর্তী ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে
পরবর্তী আমরা গোপালগঞ্জ এসেছি নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে: এনসিপি আহ্বায়ক