
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০৯ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতরে প্রবেশ করেছেন নেপালের শত শত বিক্ষোভকারী। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেন তারা। আন্দোলন তীব্র হওয়ার পর আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগে বাধ্য হন কেপি শর্মা।
সংসদ সচিবালয়ের মুখপাত্র একরাম গিরি অভিযোগ করে বলেছেন, শত শত বিক্ষোভকারী সংসদ এলাকায় ঢুকে মূল ভবনে অগ্নিসংযোগ করেছে।
এমন পরিস্থিতিতে কাঠমান্ডু মহানগরীর মেয়র বালেন্দ্র শাহ আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
দ্য কাঠমাণ্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। খবরে বলা হয়, জেন-জিদের আন্দোলনের মাথায় পদত্যাগ করেছেন কে পি শর্মা ওলি। এরপরই বিক্ষোভকারীরা আরও কঠোর অবস্থান নেয়। তারা ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এরপর তারা পার্লামেন্টভবনে আগুন ধরিয়ে দেয়। আন্দোলনকারীরা কাঠামোগত সংস্কার ও রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহি দাবি করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এসেছেন মেয়র বালেন্দ্র শাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি জেন-জি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে বালেন্দ্র শাহ বলেন, যেহেতু প্রধানমন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন, তাই এখন আর প্রাণহানি ও সম্পদ ক্ষতির দিকে যাওয়া উচিত নয়। সরকারি ও বেসরকারি সম্পদ আসলে জনগণেরই যৌথ সম্পদ। তাই তরুণদের এসব ধ্বংস না করার অনুরোধ জানান তিনি।
তিনি আরও লিখেছেন, দয়া করে শান্ত থাকুন। জাতীয় সম্পদের ক্ষতি মানে আমাদের সবার ক্ষতি। এখন আমাদের সবার সংযম প্রদর্শনের সময়। এখান থেকে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের প্রজন্মের।
এর আগে সোমবার রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে জেন-জি তরুণদের বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হন।
বিক্ষোভের জেরে নেপালের কিছু উল্লেখযোগ্য ঘটনা:
- কাঠমাণ্ডুসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক তরুণ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সশস্ত্র পুলিশ সদস্যরা। নেপালের বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
- দেশজুড়ে সরকারবিরোধী তীব্র বিক্ষোভে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। সংকটের সাংবিধানিক সমাধানের পথ তৈরি করতেই পদত্যাগ করেছেন বলে তিনি দাবি করেছেন।
- প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিকের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। হামলা করা হয়েছিল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়েও।
- সরকারের কঠোর দমন-পীড়নের প্রতিবাদে পদত্যাগ করেন সরকারের পানি সরবরাহ বিষয়ক মন্ত্রী প্রদীপ যাদব।
- দেশটির কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী রাম নাথ অধিকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগপত্র জমা দেন।
- নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার কারণে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমান চলাচল “প্রায় স্থবির” হয়ে গেছে।
ফেসবুক, এক্স (সাবেক টুইটার) বা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ ঘোষণা করে সরকার যে পদক্ষেপ নিয়েছিল, তার বিরুদ্ধে ‘জেনারেশন z’ বা জেন জি-র ডাকে সোমবার কাঠমান্ডুতে দেশের পার্লামেন্টের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। সেটি ঘিরে বিক্ষোভের শুরু হয়।
