দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ - খেলাধুলা - ০৪ অক্টোবর ২০২৫ (ফাইল ছবি)
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ - খেলাধুলা - ০৪ অক্টোবর ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ০৪ অক্টোবর, ২০২৫: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। গতকাল রাতে অনুষ্ঠিত দ্বিতীয় রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ আফগানিস্তনকে হারায় ২ উইকেটে। দ্বিতীয় ম্যাচে আবারও দৃঢ়তা দেখালেন নুরুল হাসান সোহান। সোহানকে স্নায়ুক্ষয়ী মুহূর্তে যোগ্য সঙ্গ দেন শরিফুল। শেষ দিকে দুটি চার মেরে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। তাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জাকের আলীর দল এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে।

শারজায় টস হেরে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান। ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে করে ১৪৭ রান। নাসুম ও রিশাদ পেয়েছেন ২টি করে উইকেট। শরিফুল চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট।

১৪৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতে ২৪ রানে ৩ উইকেট পতনের পর বাংলাদেশকে দিশা দেখাতে থাকেন জাকের আলী ও শামীম হোসেন। চতুর্থ উইকেটে ৫৬ রান যোগ করেন তারা। জাকের ৩২ রানে আউট হলে ৮০ রানে পরে চতুর্থ উইকেট। তখনও প্রান্ত ধরে ছিলেন শামীম। শামীম (৩৩) দলের স্কোর একশ পার করে পঞ্চম উইকেট হিসেবে বিদায় নেন। তার পর সোহানের ব্যাটিংয়েই বাংলাদেশ জয়ের পথে ছুটেছে। ব্যবধান কমাতে থাকেন তিনি। ঠিক এই সময়ে ১২২ রান থেকে ১২৯ রানের মধ্যে দ্রুত ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও জাগে। শেষ পর্যন্ত সোহান-শরিফুল সিরিজ নিশ্চিত করতে অবদান রেখেছেন। ২১ বলে ১ চার ৩ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন সোহান। শরিফুলও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ৬ বলে ২ ছক্কায় অপরাজিত থাকেন ১১ রানে।

আফগানদের হয়ে ২৩ রানে ৪ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। ২৯ রানে দুটি নেন রশিদ খান। একটি করে নেন মুজিব উর রহমান ও নূর আহমেদ।

বাংলাদেশ অষ্টম উইকেট যখন হারায় তখনও ১২ বলে দরকার ১৯ রান। ১৯তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সোহান বুঝিয়ে দেন ম্যাচ হাতছাড়া করছেন না তিনি। তার পর শরিফুলকে দিয়ে দ্রুত কিছু রানও নিয়েছেন। তাতে ৫ বল হাতে রেখেই নিশ্চিত হয় জয়।

ব্যাট-বলে দারুণ নৈপুণ্যে ম্যাচসেরাও হয়েছেন শরিফুল।

 

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান- ২০ ওভারে ১৪৭/৫ (ওমরজাই ১৯*, নবী ২০*; অটল ২৩, ইব্রাহিম ৩৮, তারাখিল ১, রাসুলি ১৪, গুরবাজ ৩০)

বাংলাদেশ- ১৯.১ ওভারে ১৫০/৮ (সোহান ৩১*, শরিফুল ১১* ; তানজিদ ২, পারভেজ ২, সাইফ ১৮, জাকের ৩২, শামীম ৩৩, নাসুম ১০, সাইফউদ্দিন ৪, রিশাদ ২)

পূর্ববর্তী সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ: জামায়াত আমির
পরবর্তী গাজায় বোমাবর্ষণ বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প