দেশের ক্রিকেটের জন্যই নতুন করে আবার পরিচালক হতে চাই: বুলবুল

দেশের ক্রিকেটের জন্যই নতুন করে আবার পরিচালক হতে চাই বুলবুল - খেলাধুলা - ০৫ অক্টোবর ২০২৫ (ফাইল ছবি)
দেশের ক্রিকেটের জন্যই নতুন করে আবার পরিচালক হতে চাই বুলবুল - খেলাধুলা - ০৫ অক্টোবর ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ০৫ অক্টোবর, ২০২৫: আগামীকাল সোমবার (৬ অক্টোবর) বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। এই নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের জয় অনেকটাই নিশ্চিত। ‘টি টোয়েন্টি ইনিংস’খেলতে এসে এখন ‘বড় ইনিংস’ খেলার অপেক্ষায় তিনি।

চার মাস হয়েছে আমিনুলের দায়িত্ব নেওয়া। আজই শেষ হচ্ছে তার আগের মেয়াদ। বিসিবি সভাপতি হিসেবে শেষ দিন সাংবাদিকদের সামনে উপস্থিত  হয়েছিলেন আমিনুল। নির্বাচন ঘিরে যাই হোক না কেন বুলবুল মনে করেন— তিনি দেশের ক্রিকেটের জন্যই নতুন করে আবার পরিচালক হতে চাইছেন।

আজ রবিবার (৫ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, “এখানে আমার কাছে (সরকারের) প্রভাব কিছু মনে হয়নি। আমার মনে হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার (বিসিবিতে) চালিয়ে যাওয়া দরকার। আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দেবেন না, অথবা আপনারা (সাংবাদিক) যারা আছেন— যদি মনে করেন, আমি যথেষ্ট ভালো না, আমি চলে যেতে আগ্রহী আছি যেকোনও সময়। একইসঙ্গে এটাও বলতে চাই, আমার একটাই লক্ষ্য— বাংলাদেশ ক্রিকেট।”

বিসিবি নির্বাচনে বুলবুলকে ক্রীড়া উপদেষ্টা বাড়তি সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বুলবুল বলেন, “আমার ঠিক মনে নেই, কবে আমি বলেছি ক্রীড়া উপদেষ্টা আমাকে অনুরোধ করেছেন বা ক্রীড়া উপদেষ্টা সহযোগিতা করেছেন, যে সময়সীমার মধ্যে আমি কাজ করছিলাম।”

বুলবুল বলেন, “তাকে (ক্রীড়া উপদেষ্টা) আমি ধন্যবাদ দিতে চাই আরেকটা কারণে। তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। আমি জানি তিনি রাজশাহীতে গিয়েছেন। শুধু সুষ্ঠু নির্বাচন নয়, চেষ্টা করেছেন যেন ভালো বোর্ড তৈরি করতে পারি। এখানে আমার কাছে প্রভাব খাটানোর মতো কিছু মনে হয়নি।”

প্রসঙ্গত, বিসিবির নির্বাচনে এবার পরিচালক পদে দাঁড়িয়েছেন আমিনুল ইসলাম বুলবুলও। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এরপর তিনি সভাপতি পদে লড়বেন বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য না হলে একাধিক প্রস্তাব দেবে কমিশন: আলী রীয়াজ
পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪২ জন