তারেক রহমান প্রবাসে থেকেও সংগঠনকে সুসংগঠিত করেছেন: রিজভী

তারেক রহমান প্রবাসে থেকেও সংগঠনকে সুসংগঠিত করেছেন রিজভী - রাজনীতি - ২৪ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)
তারেক রহমান প্রবাসে থেকেও সংগঠনকে সুসংগঠিত করেছেন রিজভী - রাজনীতি - ২৪ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – রাজনীতি – ২৪ সেপ্টেম্বর, ২০২৫: তারেক রহমান প্রবাসে থেকেও সংগঠনকে সুসংগঠিত করেছেন বলে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তারেক রহমান জাতীয়তাবাদী পতাকা হাতে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু দেশীয় রাজনীতি নয়, প্রবাসে থেকেও সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং তরুণ প্রজন্মকে গণতন্ত্রের সংগ্রামে সম্পৃক্ত করেছেন।”

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এসময় বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির নেতারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমান তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন। সেই দৃশ্য, সেই ইতিহাস কোনো দিন মুছে যাবে না। এটি ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “তারেক রহমান আন্দোলনের সময় তরুণদের সামনে নেতৃত্বের যে উদাহরণ স্থাপন করেছেন তা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে।”

সদস্য সচিব হুমায়ুন হোসেন শাহিন এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিবসহ নবগঠিত কমিটির নেতাদের নাম উল্লেখ করেন। রিজভী বলেন, “এই নেতারা আন্দোলন-সংগ্রামে আপসহীন থেকেছেন। পুলিশের নির্যাতন-নিপীড়নের মধ্যেও তারা রাজপথে সক্রিয় ছিলেন।”

তিনি আশা প্রকাশ করেন, “তাদের নেতৃত্বে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপি একটি আদর্শ সংগঠনে পরিণত হবে। কোনো চাঁদাবাজ, দখলদার বা সমাজবিরোধী সেখানে আশ্রয় পাবে না।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “নতুন নেতারা জনগণের আস্থা অর্জন করবে। সেই আস্থার ভিত্তিতেই মানুষ ধানের শীষে ভোট দেবে।”

রিজভী বলেন, “গত ১৬ বছর ধরে বিএনপির সংগ্রাম শুধু একটি লক্ষ্যেই—গণতন্ত্র পুনরুদ্ধার। এই সংগ্রাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আগের সরকার খালেদা জিয়াকে নির্যাতন ও কারা জীবন দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু তার আপসহীন মনোবল ও নেতৃত্ব দমিয়ে রাখা যায়নি।”

বিএনপির এই নেতা বলেন, “শেখ হাসিনা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। মানুষের ভোটাধিকার হরণ করেছেন।”

রিজভী বলেন, “বহু ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত, নীল নকশা এবং মাস্টার প্ল্যান এখনো শেষ হয়নি। এসব ষড়যন্ত্রের মাধ্যমেই আওয়ামী লীগ নিজেদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, “আওয়ামী লীগের মন্ত্রী-এমপি থেকে শুরু করে প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজন পর্যন্ত বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন। রিজভী বলেন, ‘নিউইয়র্ক, লন্ডন, দুবাই, কানাডা, অটোয়া ও সিডনিতে তাদের সম্পদের সাম্রাজ্য গড়ে উঠেছে। খবরের কাগজেই বেরিয়েছে—আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের লোকজন, এমনকি প্রধানমন্ত্রীর ভাগ্নি-আত্মীয় পর্যন্ত ৬০২টি সম্পদ বা প্লট পেয়েছে।”

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে তিনি বলেন, “যার প্রতি সব গণতান্ত্রিক শক্তির সমর্থন রয়েছে, তারা যদি আরও দক্ষতা দেখাত, তাহলে নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা সাহস করে সেই অপকর্ম চালাতে পারত না।”

দুদকের অকার্যকারিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সিনিয়র এ নেতা। তার দাবি, আদালত থেকে দুর্নীতি দমন কমিশনকে ২৪ হাজার ৮২৪ কোটি টাকা উদ্ধারের নির্দেশ দেওয়া হলেও তারা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

আন্দোলনের শহীদদের কথা উল্লেখ করে রিজভী বলেন, “আবু সাঈদ, মুগ্ধর রক্ত বৃথা যাবে না। তাদের আত্মত্যাগ এই দেশের মানুষকে গণতন্ত্রের লড়াইয়ে শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে।”

পূর্ববর্তী মেথি কালিয়া রান্নার রেসিপি পাঠিয়েছেন তানিয়া শারমিন
পরবর্তী টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত ১৪ জন নিহত