টিসিবি’র পণ্য তালিকায় যুক্ত হচ্ছে চা, লবণ, ডিটারজেন্ট ও সাবান: বাণিজ্য উপদেষ্টা

টিসিবি’র পণ্য তালিকায় যুক্ত হচ্ছে চা, লবণ, ডিটারজেন্ট ও সাবান বাণিজ্য উপদেষ্টা - অর্থনীতি - ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)
টিসিবি’র পণ্য তালিকায় যুক্ত হচ্ছে চা, লবণ, ডিটারজেন্ট ও সাবান বাণিজ্য উপদেষ্টা - অর্থনীতি - ২৯ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ২৯ সেপ্টেম্বর, ২০২৫: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত হচ্ছে। এগুলো হলো চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় তিনি একথা জানান।

টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে বাজারের চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হয় উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, “টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমে নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে। একইসঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে।”

উপদেষ্টা জানান, সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

শেখ বশিরউদ্দীন বলেন, “প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছাক এটা আমার প্রত্যাশা। কার্ড দেওয়ার ক্ষেত্রে তার পরিচয় হোক সে দরিদ্র – অসহায় মানুষ, সরকারের সহযোগিতা তার প্রাপ্য।”

আগামী এক মাসের মধ্যে সিটি করপোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহবান জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা সভায় অংশ নেন।

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘সঠিক উপকারভোগী নির্বাচনে শনাক্তকরণ মূল সমস্যা হিসেবে সামনে আসছে। এর পাশাপাশি সিটি করপোরেশনের কার্যক্রমে গতি কিছুটা কম। সমস্যা যেহেতু চিহ্নিত হয়েছে আশা করি দ্রুতই কাজটি সম্পন্ন হবে।’

সভায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের সর্বশেষ তথ্য অবহিত করা হয়। এতে বলা হয় বর্তমানে মোট সক্রিয় কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি। সক্রিয়করণে অপেক্ষমান কার্ডের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪।

পূর্ববর্তী আগামী ৪ থেকে ২৫ অক্টোবর মা ইলিশ রক্ষায় অভিযান শুরু: মৎস্য উপদেষ্টা
পরবর্তী খাগড়াছড়ির ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনবে প্রশাসন: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা