
www.HelloBangla.News – শিক্ষা – ১২ সেপ্টেম্বর, ২০২৫: দীর্ঘ ২০ ঘণ্টা পর অবশেষে শেষ হয়েছে জাকসুর হল সংসদের ভোট গণনা। শিগগির হল সংসদের বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এরপর শুরু হবে জাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত ১৯টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এখন শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের ভোট গণনা চলছে। অবশিষ্ট রয়েছে প্রীতিলতা হল সংসদের ভোট গণনা।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, “ম্যানুয়ালিভাবে ভোট গণনা করায় সময় লাগছে। হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। খুব শিগগির কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করতে পারবো বলে আশা করি।”
এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।
জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব পালন করতে এসে মৃত্যুবরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের লেকচারার জান্নাতুল ফেরদৌস (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন। এনাম মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক আজ শুক্রবার সকালে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের নওয়াব ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুলতানা আক্তার বলেছেন, আমি যতটুকু জানি, জান্নাতুল ফেরদৌস তাড়াহুড়া করে সকালে নির্বাচনী কাজে এসেছিলেন। তিনি তিনতলায় ওঠার সময় দরজার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এরপর হাসপাতালে নেওয়ার আগেই কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। আমি মনে করি, যদি গতকাল ফলাফল ঘোষণা করা হতো, তাহলে এই মৃত্যু আমাদের দেখতে হতো না, আমাদের কাঁদতে হতো না।
ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগ্রহণের পরও কেন হলে (হলগুলোতেই) গণনা করা হলো না এটাই আমার প্রশ্ন। নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেই আমার সহকর্মীর মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই।
এই অধ্যাপক আরও বলেন, ‘হল সংসদে একটিমাত্র ব্যলট পেপারের মাধ্যমে ভোট হচ্ছে, কিন্তু জাকসুতে ৩টা করে, অর্থাৎ যদি ৮ হাজার ভোট কাস্ট (প্রদত্ত ভোট) হয়ে থাকে, তবে ২৪ হাজার কাউন্ট (গণনা) করতে হবে ম্যানুয়াল (হাতে গোণা) পদ্ধতিতে। তাহলে এটা কিভাবে সম্ভব, তিন দিনেও তো এটা সম্ভব হবে না। এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই।’
