গাজামুখী ১৩ নৌযান থেকে ২০০ অধিকারকর্মী আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী

গাজামুখী ১৩ নৌযান থেকে ২০০ অধিকারকর্মী আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী - আ্ন্তর্জাতিক – ০২ অক্টোবর, ২০২৫ (ফাইল ছবি)
গাজামুখী ১৩ নৌযান থেকে ২০০ অধিকারকর্মী আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী - আ্ন্তর্জাতিক – ০২ অক্টোবর, ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০২ অক্টোবর, ২০২৫: গাজাবাসীর জন্য ত্রাণসামগ্রী বহনকারী নৌকার বহরকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। সুইডিশ জলবায়ু অ্যাকটিভিস্ট গ্রেটা থুনবার্গসহ জাহাজে থাকা কর্মীদেরও আটক করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে গেছে তারা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ)-এর অংশ হিসেবে থাকা বেশ কয়েকটি জাহাজকে “নিরাপদে থামানো হয়েছে” এবং বহরে থাকা জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে।

এতে আরও বলা হয়েছে যে জাহাজগুলো “একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের কাছাকাছি” আসার কারণে তাদের গতিপথ পরিবর্তন করতে বলে নৌবাহিনী।

এদিকে ৩০টি নৌযান যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের দিকে যাত্রা অব্যাহত রেখেছে বলে ফ্লোটিলা আয়োজকরা আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) জানিয়েছেন।

আয়োজকরা বুধবারের অভিযানে যুদ্ধাপরাধের অভিযোগ করেছেন। তাদের দাবি, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী জোর করে তাদের থামায় এবং জলকামান ব্যবহার করে। তবে কারও প্রাণহানি ঘটেনি। আয়োজকদের তথ্যমতে, বৃহস্পতিবার সকালে পর্যন্ত ১৩টি নৌকা আটকানো হলেও ৩০টি গাজার দিকে অগ্রসর হচ্ছে। তারা জানিয়েছে, নৌকাগুলো গাজা থেকে মাত্র ৪৬ নটিক্যাল মাইল দূরে রয়েছে।

ভূমধ্যসাগর হয়ে গাজার দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌ-যানকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে। এসব নৌ-যান থেকে ৩৭টি দেশের দুই শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক জানান, গ্রেফতার যাত্রীদের মধ্যে স্পেন থেকে ৩০, ইতালি থেকে ২২, তুরস্ক থেকে ২১ এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি নৌ-সেনারা জাহাজগুলোয় উঠে স্বেচ্ছাসেবীদের জিম্মি করছে। তারা সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজনকে গ্রেফতারও করে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক করা জাহাজগুলো নিরাপদে একটি বন্দরে নেওয়া হয়েছে এবং যাত্রীদের শারীরিক অবস্থা ভালো আছে। তারা ফ্লোটিলার জাহাজগুলোকে হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেছে, তবে কোনো প্রমাণ দেখাতে পারেনি।

মানবাধিকারকর্মীরা ইসরায়েলের পদক্ষেপকে ‘অবৈধ’ এবং ‘ডাকাতি’ হিসেবে আখ্যায়িত করেছেন। ফ্লোটিলার সংগঠনও জানিয়েছে, তারা আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের হামলার শিকার হয়েছে, কিন্তু কোনো আইন ভাঙেনি।

পূর্ববর্তী ব্রাজিল দলে ফিরলেন ভিনিসিয়ুস ও রদ্রিগো
পরবর্তী বিমানবন্দরের ঘটনায় আখতার-জারার সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের