আগামীতে করপোরেট ট্যাক্স অনলাইনে দেওয়া যাবে: এনবিআর চেয়ারম্যান

আগামীতে করপোরেট ট্যাক্স অনলাইনে দেওয়া যাবে এনবিআর চেয়ারম্যান - অর্থনীতি – ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (ফাইল ছবি)
আগামীতে করপোরেট ট্যাক্স অনলাইনে দেওয়া যাবে এনবিআর চেয়ারম্যান - অর্থনীতি – ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ১৪ সেপ্টেম্বর, ২০২৫: আগামী বছর থেকে অনলাইনেই করপোরেট ট্যাক্স দাখিল করা যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আবদুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, “ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাপ আমরা নিজেরা তৈরি করেছি। সবগুলো কাজ অনলাইনে হচ্ছে। এই সিস্টেমের বড় সুবিধা হলো নিজেরা তৈরি করেছি সুতরাং সমস্যা হলে বেগ পেতে হবে না। সমস্যা হলেও দ্রুত সমাধান করতে পারবো। এটা বড় সুযোগ যে, নিজেদের একটা ডাটাবেইজ তৈরি হচ্ছে। সুতরাং একটা ইন্টারডিপেনডেসি আছে। দ্রুত সব কিছু নিজেরা সমাধান করতে পারবো।”

আবদুর রহমান খান বলেন, “অনেক সময় ছুঁটাছুটিতে সময় নষ্ট হয়ে যায়, এখানে সেটা হবে না। সব কাজ ঘরে বসে শেষ করা যাবে। এটা আপনাদের জন্য একটা বিরাট সুবিধা হবে। কেউ ভুল করতে পারবে না। টোটাল ইকোনমিক ডিজিটালাইজেশনে করে ফেলবো, এটা ভবিষ্যতের জন্য করতেই হবে। কীভাবে ব্যাংক থেকে রিটার্নে চলে আসা যায় সেটা করবো। আমরা বলেছি কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে আমরা সিস্টেমটা কানেক্ট করে দেবো। তখন দেখবেন রিটার্নে সব কিছু ফিলাপ হয়ে যাবে। এতে করে ভুলভ্রান্তি কমে যাবে। সম্পদ লুকানোর কোনো সুযোগ থাকবে না। এতে সবাই সুফল পাবেন।”

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “এই ধরনের অ্যাপ বা কর্মসূচি সবার জন্য মঙ্গলজনক। আমি ট্যাক্স দিয়ে থাকি অন্যদের মাধ্যমে। তবে অ্যাপের মাধ্যমে দ্রুততার সঙ্গে সব কিছু করা যাবে। ক্লায়েন্টের জন্য ভালো হবে।”

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, “রাজস্ব খাতে সরকার ভালো কিছু করছে, এটা কেউ স্বীকার করবে না। অ্যাপের মাধ্যমে সরকারের উপকার হবে, দ্রুত ট্যাক্স সংগ্রহ করতে পারবো।”

পূর্ববর্তী যাবজ্জীবন সাজার বয়েস যুক্তিযুক্ত ভাবে কমিয়ে আনতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী প্রযুক্তির কারণে এখন বহু মানুষ উদ্যোক্তা হওয়ার সুযোগ পাচ্ছে: প্রধান উপদেষ্টা