
www.HelloBangla.News – রাজনীতি – ২৩ সেপ্টেম্বর, ২০২৫: আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই।”
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দলের সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে জরুরি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “আজ অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে বলতে হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের লক্ষ্য করে সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানা তৎপরতা চালাচ্ছে। আমরা এর আগে গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির নেতাদের হত্যার নীলনকশা নিয়ে আক্রমণ করতে দেখেছি। উপদেষ্টা ও গণঅভ্যুত্থানের নেতা মাহফুজ আলম যখন বিদেশ গিয়েছিলেন, তখন তার ওপর হামলার চেষ্টা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস তার সফরসঙ্গী হিসেবে তিনটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে গিয়েছেন। তারা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে লক্ষ্য করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হামলা করে এবং ভৎর্সনা করে।”
এনসিপি আহ্বায়ক বলেন, “আওয়ামী লীগকে পুর্নবাসন করার রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে, সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আওয়ামী লীগের পুর্নবাসনের পরিবর্তে বাংলাদেশ পুর্নগঠনে কাজ করার আহ্বান জানাচ্ছি। তাহলে বিএনপি তরুণদের সাপোর্ট পাবে।”
নাহিদ ইসলাম বলেন, “একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে; অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে।”
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ৩৬ জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল। সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না। তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ”
এ সময় আরও জানানো হয়, এনসিপির মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিকেলে শাহবাগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারাদেশেও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
