অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন - শিক্ষা – ১১ সেপ্টেম্বর, ২০২৫ (ফাইল ছবি)
অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন - শিক্ষা – ১১ সেপ্টেম্বর, ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – শিক্ষা – ১১ সেপ্টেম্বর, ২০২৫: অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শেষ হয়েছে। এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছিল। তবে একটি কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকায় সেখানে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। বাকি ২০ কেন্দ্রে গণনা শুরু হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় ১ হাজার ৫৩৪ জন পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার সদস্য। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে এবং এর আশেপাশে অবস্থান নেয়, যাতে যেকোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবিলা করা যায়।

 

তিন শিক্ষক দায়িত্ব তেখে সরে দাঁড়িয়েছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থি তিন শিক্ষক। তারা হলেন, অধ্যাপক নাহরিন ইসলাম খান, অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক শামীমা সুলতানা।

 

জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ভাসানী হলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

 

নির্বাচন বর্জনের ঘোষণা সংশপ্তক পর্ষদের

জাল ভোট ও ভোটারের অতিরিক্ত ব্যালট কেন্দ্রে পাঠানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ‘সংশপ্তক পর্ষদ’। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

 

জাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছাত্রশিবিরের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যাপক অসংগতি ও অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল। প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আরিফ উল্লাহ বলেন, ‘আমরা বুধবার রাত থেকে দেখতে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’

বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে প্রক্টর অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আরিফ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্যান্য প্যানেলের কিছু বিষয়েও অভিযোগ তোলেন তিনি।

আজ ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসের সকল প্রকার ভাসমান দোকান, টারজান পয়েন্টের দোকান, পুরাতন পরিবহন চত্ত্বর সংলগ্ন দোকান, নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্বরের দোকান, প্রান্তিক গেটের উত্তর পাশের কাপড়ের মার্কেট ও প্রধান গেট সংলগ্ন দোকানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। তবে, সকল আবাসিক হলের অভ্যন্তরে ক্যান্টিন ও প্রয়োজনীয় দোকান খোলা রাখার নির্দেশনা দেয়া হয় এবং পর্যাপ্ত খাবার মজুত রাখার কথা বলা হয়।

নির্বাচনী নিরাপত্তা ও শৃঙ্খলার অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত জরুরি বিভাগ (নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট) ব্যতীত সকল ধরনের মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়। এ সময়ে শুধুমাত্র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকারযুক্ত এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। সকল স্টাফ বাস শুধুমাত্র প্রান্তিক গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে।

পূর্ববর্তী জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের
পরবর্তী সংস্কার কমিশনের ৫১টি সুপারিশ বাস্তবায়ন হয়েছে: প্রেস সচিব