www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ জানুয়ারি, ২০২৪: বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দশম আসর শুরু করেছে হার দিয়ে। জয়ের প্রত্যাশা জাগিয়েও তারা শেষ পর্যন্ত দুর্দান্ত ঢাকার কাছে ৫ উইকেটে হেরেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে দশম আসরের উদ্বোধনী ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বল হাতে হ্যাটট্রিক করলেন দুর্দান্ত ঢাকার বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। বিপিএলের ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্রিক। এরমধ্যে বাংলাদেশি চারজন, পাকিস্তানের দু’জন ও ওয়েস্ট ইন্ডিজের একজন বোলার হ্যাটট্রিক করার কীর্তি গড়েন।
কুমিল্লা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৪৩ রান।জয়ের জন্য ১৪৪ রান তাড়া করে ৫ উইকেটে জয় পায় ঢাকা।
দিনের প্রথম ম্যাচের পর খুব বেশি দর্শক ছিলেন না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট রয়্যালসের ম্যাচের জন্য। প্রথম ম্যাচে ফেভারিট কুমিল্লার হার, চট্টগ্রামের দুর্বল স্কোয়াড— এর সঙ্গে মাঘ মাসের তীব্র শীত। খুব বেশি উত্তাপ ছড়ানো ম্যাচ হবে না আঁচ করতে পেরেছিলেন অনেকেই। তবুও মিরপুরে হাজারখানেক দর্শক ছিলেন। সেটাও একজনের জন্য। তিনি মাশরাফি বিন মর্তুজা। যদিও তার দল বড় স্কোর গড়েও চট্টগ্রামের কাছে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে হতশ্রী চট্টগ্রাম শেষ পর্যন্ত উপহার দিয়েছে দুর্দান্ত এক টি-টোয়েন্টি ম্যাচ। আফগান তারকা নাজিবউল্লাহ জাদরানের সঙ্গে লোকাল বয় শাহাদাত হোসেন দীপু উপহার দিলেন মনে রাখার মতো এক ম্যাচ। ফলে নামে-ভারে কম আলোচিত চট্টগ্রাম বড় ব্যবধানে জয় পেয়েছে।










