
www.HelloBangla.News – শিক্ষা – ০৯ সেপ্টেম্বর, ২০২৫: শান্তিপূর্ণ পরিবেশে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৮টায় শুরু হয়। টানা ৮ ঘণ্টা ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকাল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। বিকাল সোয়া তিনটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপাচার্য।
নিয়াজ আহমেদ খান বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। চারটার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।’
এবার ডাকসুতে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন আর ১৩টি ছাত্র হলে ভোটার রয়েছেন ২০ হাজার ৯১৫ জন।
এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী রয়েছেন ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।
শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে বিকেলের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে এখন গণনার কাজ শুরু হবে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজই প্রকাশ করা হবে ফলাফল।
এদিকে বেলা আড়াইটা পর্যন্ত উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০ শতাংশ ভোট পড়েছে। একই সময়ে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ৮২ শতাংশ ভোট পড়ে।
উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রপ্রধান এস এম শামীম রেজা বেলা তিনটার দিকে বলেন, কবি জসিম উদদীন হলের ১ হাজার ৬৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ২১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৩৫০ জন ও মাস্টারদা সূর্যসেন হলের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে জসিমউদ্দীন হলে।
অন্যদিকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত ৪ হাজার ভোট পড়েছে। যা এই কেন্দ্রে মোট ভোটারের ৮২ শতাংশ বলে জানান কেন্দ্রটিতে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে। ভোট চলাকালে কয়েকটি কেন্দ্রে কিছু অনিয়মের অভিযোগও উঠেছে। এছাড়া, আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও করেছেন বিভিন্ন প্যানেলের কয়েকজন প্রার্থী।
এদিকে নীলক্ষেত, কাটাবনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।
