চবিতে সংঘর্ষের পর আজকের সব পরীক্ষা স্থগিত

চবিতে সংঘর্ষের পর আজকের সব পরীক্ষা স্থগিত - শিক্ষা - ৩১ আগস্ট ২০২৫ (ফাইল ছবি)
চবিতে সংঘর্ষের পর আজকের সব পরীক্ষা স্থগিত - শিক্ষা - ৩১ আগস্ট ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – শিক্ষা – ৩১ আগস্ট, ২০২৫: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে হেনস্থার জেরে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ঘটনার সূত্রপাত হয়।   স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী রাতে দেরিতে বাসায় ফেরায় দরজা বন্ধ রাখেন দারোয়ান।

আজ রবিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের পরীক্ষাও ছিল। তাই বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

জানা গেছে, শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী দেরি করে বাসায় প্রবেশ করতে চাইলে তাকে মারধর করে বাসার দারোয়ান। এ সময় ২ নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা ধরতে গেলে দারোয়ান পালিয়ে যায়। শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয়রা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনার জের ধরে মসজিদের মাইকে ডেকে লোক জড়ো করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয় বাসিন্দারা। শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত থাকা অনেক শিক্ষার্থীকে কুপিয়ে মারাত্মক জখম করে স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এ সময় প্রক্টরিয়াল বডিসহ পুলিশের ওপর হামলা করে স্থানীয়রা। এতে দুজন সহকারী প্রক্টর আহত হন। এ ছাড়া প্রক্টরিয়াল বডির গাড়ি ও পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা।

পরবর্তীতে সেনাবাহিনীকে খবর দিলে রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী আসে এবং ভোর সাড়ে ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চবি মেডিক্যালের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘৬০-এর অধিক শিক্ষার্থী আহত হয়ে মেডিক্যালে আসে এর মধ্যে গুরুতর আহত ২১ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

পূর্ববর্তী দলগুলোকে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের দাবি নারী রাজনৈতিক ফোরামের
পরবর্তী আধুনিক চিকিৎসা সেবা যেন শুধুমাত্র ঢাকাকেন্দ্রিক না হয়: স্বাস্থ্য উপদেষ্টা