
www.HelloBangla.News – শিক্ষা – ০৫ অক্টোবর, ২০২৫: বিগত সরকার শিক্ষা খাতের দুর্নীতি দমন না করে উৎসাহ দিয়েছে, বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে নানা অনিয়ম-দুর্নীতির তথ্য জেনেও দমনের পরিবর্তে উৎসাহ দিতো।”
আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, বিগত সময়ে শিক্ষা বিস্তারে নামে নানা অসঙ্গতি ও দুর্নীতির কথা সবাই জানেন। অপ্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, শিক্ষক নিয়োগে দুর্নীতি, মানহীন শিক্ষায় চটকদার জিপিএ-৫-এর বাহুল্য, অবকাঠামোগত অনিয়ম ছিল রন্ধ্রে রন্ধ্রে।
শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ক্ষেত্রে যোগ্য শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বাদ দেওয়ার বহু অনিয়ম-দুর্নীতির খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার তা দমনের পরিবর্তে উৎসাহ দিয়ে গেছে।”
ড. সি আর আবরার বলেন, “আওয়ামী লীগ আমলে শিক্ষাখাতের অনিয়ম-দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করতে চায়। কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের নেতৃত্বে এ কাজ চলমান রয়েছে। আপনারা তথ্য-উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করুন।”
তিনি জানান, “নির্ভুল ও মানসম্মত পাঠ্যপুস্তক প্রণয়ন কার্যক্রম শুরু হয়েছে এবং এনসিটিবির বিধিমালা প্রণয়নের কাজ চলমান। ইউজিসির কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অংশীজনের সঙ্গে পরামর্শ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছে। বিভিন্ন শিক্ষা কমিশনের সুপারিশ, শ্বেতপত্র ও টাস্কফোর্স রিপোর্ট পর্যালোচনা করে কার্যকর বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিরঞ্জিত ফল প্রকাশ না করার নীতি গ্রহণের পাশাপাশি বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধা যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম ও ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান হলেন সুজান ভাইজ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম মুস্তাফা। সম্মানিত অতিথি ছিলেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসিইএসসিও) মহাপরিচালক ড. সেলিম এম আল মালিক।
